দাফনে স্বদেশিদের পাশে জুয়েল চৌধুরী

আমেরিকায় করোনাভাইরাসে এরই মধ্যে মারা গেছেন ২০০ জনের বেশি বাংলাদেশি মার্কিন। এদের অধিকাংশই আবার নিউইয়র্ক নগরের বাসিন্দা। এই নগরে প্রায় তিন লাখ বাংলাদেশি এখন বেশ দাপটের সঙ্গে বসবাস করেন। করোনার তাণ্ডবে হঠাৎই মৃত্যুপুরী হয়ে উঠে এই নগর। একের পর এক বাংলাদেশির প্রাণ ঝরতে থাকে। থমকে দাঁড়ায় পুরো জনসমাজ। এগিয়ে আসেন সমাজকর্মী জুয়েল চৌধুরী। গত ৩০ বছরে কমিউনিটিকে এমন বিপদাপন্ন বাস্তবতার মুখোমুখি দেখেননি কখনো। তাই বসে থাকতে পারেননি তিনি। করোনায় মৃত ব্যক্তিদের দাফনে যখন সব ভয়ে দূরে সরে আছে, তখন তিনি এগিয়ে এলেন। সহমর্মিতা আর ভালোবাসার সঙ্গে একাই এ পর্যন্ত ২৯ জন স্বদেশির দাফনের অন্তিম দায়িত্বটি পালন করেছেন। ফিউনারেলের আয়োজন করেছেন। তিনি সবই করেছেন নিজের প্রশান্তির জন্য।
জুয়েল জানালেন, ব্যক্তিগত দায়বদ্ধতা নিয়ে স্বদেশি পরিবারগুলোর কঠিন এই বাস্তবাতায় পাশে দাঁড়িয়ে নিজে শান্তি পাচ্ছেন। বেঁচে থাকলে বাকি জীবন এমন কাজেই নিজেকে সম্পৃক্ত রাখবেন।
সিলেটের সন্তান জুয়েল চৌধুরী তিন দশক ধরে আমেরিকায় নানা সমাজ কর্মে জড়িয়ে আছেন। নিউইয়র্কে বৃহত্তম প্রবাসী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন। একটি আন্তর্জাতিক মানের হোটেলে কর্মরত এই পেশাজীবী নগরের হোটেল মোটেল ট্রেড কাউন্সিল লোকাল-৬ ট্রেড ইউনিয়নের ডেলিগেট অ্যাসেম্বলিম্যান।
কুইন্স কমিউনিটি বোর্ড-২–এর সদস্য জুয়েল ব্যক্তিগত জীবনে স্ত্রী, ২ মেয়ে, এক ছেলে নিয়ে নগরের জ্যামাইকা এলাকায় থাকেন। নিউইয়র্কে পরিচিত কেউ মারা গেলে আগে থেকেই তাঁকে স্মরণ করা হয়। কেউ মারা গেলে এখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা থাকে। ফিউনারেল হোম থেকে কবরস্থান পর্যন্ত নানা আনুষ্ঠানিকতা ছাড়াও বিষয়টি ব্যয়বহুল। সামান্য হেরফের ছাড়া যেকোনো মৃতদেহ দাফন বা সৎকারে কমপক্ষে ছয় হাজার ডলার ব্যয় হয়।
একসময় জুয়েল নগরের উডসাউড এলাকায় বসবাস করতেন। সেখানে 'আহলে বায়াত' মসজিদের নামে নগর প্রান্তের এলাকা ওয়াশিংটন মেমোরিয়াল গোরস্থানে প্রায় ১০০টি কবরের জায়গা আগাম কিনে রেখেছিলেন তাঁরা। প্রথম আলো উত্তর আমেরিকাকে তিনি জানান, ২৪ মার্চ মতিয়ার রহমান নামের এক প্রবীণ প্রবাসী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। জ্যাকসন হাইটসে বসবাসরত পাবনার মতিয়ার রহমানের স্বজনেরা সাহায্য চান জুয়েল চৌধুরীর কাছে। নগর লকডাউনে। হাসপাতালগুলোতে একের পর মৃত্যু, মরদেহ রাখার জায়গা নেই, এলমহার্স্ট হাসপাতালে ফ্রিজার ট্রাক লাগানো হয়েছে মরদেহ পরিবহনের জন্য। ফিউনারেল হোমে জায়গা নেই। কবরস্থানে লোকজন এত কবর খনন করে কুলিয়ে উঠতে পারছে না। এমন অবস্থায় দ্রুতই একের পর এক সাহায্যের অনুরোধ আসতে জুয়েলের কাছে।
একপর্যায়ে নিজেও কিছুটা অসুস্থ হয়ে পড়েন জুয়েল। বাসায় অবরুদ্ধ থেকেই ফার রকওয়ের বারগেন ফিউনারেল হোমের সহযোগিতায় স্বদেশিদের একের পর এক অন্তিম বিদায় জানানোর আয়োজনে নিজেকে সম্পৃক্ত রাখেন তিনি। জানালেন, ৩০ বছরের ব্যক্তিগত জনসংযোগের কারণেই লোকজন এই মহাসংকটে পড়ে সাহায্যে চেয়ে ফোন করছেন। জুয়েল বলেন, অধিকাংশ পরিবারই নিজেরা বা আত্মীয়স্বজনের মাধ্যমে ফিউনারেলের ব্যয় পরিশোধ করেছেন। দু–একটি ব্যতিক্রমের জন্য যারা এই অর্থ সাহায্য করেছেন, তারা নিজের নামটাও প্রকাশ করতে চান না। ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে ২৬টি এবং নিউজার্সির মারবরো কবরস্থানে তিনজনের কবর দেওয়ার ব্যবস্থা করেছেন।
জুয়েল চৌধুরী বলেন, বাংলাদেশ সোসাইটি ১০০টির বেশি কবরস্থান স্বদেশি লোকজনকে বিনা মূল্যে দিয়েছে। সাহায্যের জন্য আসা লোকজনের জন্য নিজেও এমন তিনটি কবর ব্যবহার করেছেন। তিনি নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটিসহ যারা কবরের জায়গা দিয়ে, ফিউনারেলে সহযোগিতা দিয়ে বিপদগ্রস্ত স্বদেশিদের সাহায্য করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
জুয়েল বলেন, সমস্যা–সংকট অনেকভাবেই দেখা গেছে। দূরের রাজ্য টেক্সাস থেকে ফোন পেয়েছেন, খালেদুর নামে একজন নিউইয়র্কে মারা গেছেন। আত্মীয়–স্বজন নেই। যারা পরিচিত আছেন, তারাও ঠিক করতে পারছিলেন না, কী করবেন। এমন লোকের জন্য ফিউনারেলের আয়োজন করা ছিল বেশ আবেগের। হাসপাতালে মৃত্যুর পর মৃত ব্যক্তির সঙ্গে থাকা মানিব্যাগ, ক্রেডিট কার্ড বা অন্য কোন মালামাল ফিউনারেল ডিরেক্টরের কাছে চলে যাওয়ার কথা। এসব সংগ্রহ করে স্বজনের হাতে তুলে দিতে বেশ ঝামেলায় পড়তে হয়। করোনায় মৃত্যু হলে মরদেহের কাছেও স্বজনদের যাওয়ার সুযোগ নেই। প্রবাসে অনেকেরই একান্ত স্বজন–পরিজন নেই। এমন বাস্তবতায় কমিউনিটির লোকজনই নানাভাবে এগিয়ে আসেন।
পরিবারের কেউ হাসপাতালে, কেউ মারা গেছেন। বাসায় কোন নারী একা। তেমন আত্মীয়স্বজন নেই। থাকলেও কাছে নেই। কাছে থাকলেও লকডাউনে এসে খোঁজ নেওয়ার সুযোগ নেই। ঘরে যিনি আছেন, তার খাবার নেই—এমন ফোন পেয়ে ছুটে আসছেন জুয়েল। জানালেন, সাহায্য–সহযোগিতার জন্য বিপদগ্রস্ত মানুষের তথ্য পেলে সমাধানে বেগ পেতে হয় না। নিউইয়র্কে আমাদের কমিউনিটি খুবই সংবেদনশীল উল্লেখ করে জানালেন, যখনই কোন সাহায্যের ডাক এসেছে সবাই এগিয়ে এসেছেন দ্রুত। মানুষজন নিজের জীবন ঝুঁকিতে ফেলেও সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। এ কয়দিনে এমন প্রমাণ নিজে বহু দেখেছেন।
নিউইয়র্কে ফিউনারেল হোমগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান। মরদেহ যত বেশি দিন থাকে, মাশুল গুনতে হয় তত বেশি। একসঙ্গে এত মৃত্যুর কারণে ফিউনারেল হোমে যেমন স্থান সংকুলান হচ্ছে না, তেমনি কবরস্থানে কবর খননেও সমস্যা দেখা দেয়। কবরস্থানের কর্মীরা দিনে ১০টির বেশি কবর খনন করে কবর বন্ধ করা পর্যন্ত কাজ সামাল দিতে পারে না। নির্দিষ্ট সময়ের পর খনন কর্মীদের ওভারটাইম দিতে হয়। এতে করে ফিউনারেল ব্যয় বেড়ে যায়। নিউইয়র্কে আমাদের বেশির ভাগ মানুষের হাতে ছয় হাজার ডলার জমা থাকে না। এ ক্ষেত্রে স্বজন–পরিজন বা সহৃদয় ব্যক্তিবর্গ এগিয়ে আসেন। বিদেশিদের বেলায় আগাম উইল করে ফিউনারেল হোমে নিজের শেষকৃত্য নিয়ে বিল পরিশোধ করা থাকে। এ নিয়ে বিমা পর্যন্ত করা থাকে।
জুয়েল চৌধুরী বলেন, আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে এসব নিয়েও কমিউনিটির পক্ষ থেকে আলোচনা ও ভাবনার অবকাশ রয়েছে।
জুয়েল চৌধুরী বলেন, এখনো মৃত্যুর সংবাদ আসছে। ঘরে বসে নিজেকে নিরাপদ রেখে মরদেহ দাফনের ব্যবস্থা করছেন। হিন্দু বা অন্য ধর্মের কেউ যোগাযোগ করলেও যোগাযোগ করিয়ে দিচ্ছেন চেনা–জানা ফিউনারেল হোমের সঙ্গে। প্রথম আলো উত্তর আমেরিকাকে তিনি বলেন, অনেকটা অপ্রস্তুত অবস্থায় আমরা এমন কঠিন বাস্তবতার বাস্তবতার মুখোমুখি হয়েছি। সংকটে আমাদের কমিউনিটিতে কাজের সমন্বয় না থাকাটা প্রকট হিসেবে দেখা গেছে। এ ক্ষেত্রে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিস একটা কার্যকর সমন্বয় করতে পারতো।
জুয়েল চৌধুরী বললেন, 'এ নিয়ে আমি কোন প্রচার চাই না, তবে যেকোনো বাস্তবতায় দূর দেশে থাকা আমাদের প্রবাসীদের পাশে একে অন্য দাঁড়ানোর উদাহরণ সৃষ্টি হয়েছে। যত দিন নিজে সুস্থ আছেন, শুধু স্বদেশি নয়, যেকোনো বিপদগ্রস্ত মানুষের পাশে নিজের সামর্থ্য নিয়ে দাঁড়াবেন।'