দাবি আদায়ে টরন্টোর পথে কলেজশিক্ষকদের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ অক্টোবর কর্মবিরতি শুরুর পর দাবি আদায়ে চলতি সপ্তাহে মিছিল করেন টরন্টোর কলেজশিক্ষকেরা
১৫ অক্টোবর কর্মবিরতি শুরুর পর দাবি আদায়ে চলতি সপ্তাহে মিছিল করেন টরন্টোর কলেজশিক্ষকেরা

টরন্টোর ডাউন টাউনে মিছিল করেছেন কলেজশিক্ষকেরা। অন্টারিওর কলেজ এমপ্লয়ার কাউন্সিলের (সিইসি) সঙ্গে বিদ্যমান অসন্তোষের পরিপ্রেক্ষিতে সম্প্রতি প্রদেশটির ২৪টি কলেজের শিক্ষকেরা নিজেদের দাবি আদায়ে মিছিলে নামেন। এ সময় তাঁরা উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
এ বিষয়ে গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়, শ্রম অসন্তোষকে কেন্দ্র করে অন্টারিওর কলেজগুলোয় এক সপ্তাহেরও বেশি সময় ধরে ক্লাস বন্ধ রয়েছে। অন্টারিও পাবলিক সার্ভিস এমপ্লয়িজ ইউনিয়ন (ওপিএসইইউ) ও সিইসির মধ্যে আলোচনা বন্ধ রয়েছে। বিরোধের জের ধরে ১৫ অক্টোবর অন্টারিওর কলেজগুলোর ১২ হাজারেরও বেশি শিক্ষক, প্রশিক্ষক, পরামর্শক ও গ্রন্থাগারিক কর্মবিরতিতে গেছেন। এতে সবচেয়ে বেশি সংকটে রয়েছে শিক্ষার্থীরা। অন্টারিওর এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী রয়েছে।
ওপিএসইইউ কলেজগুলোয় খণ্ডকালীন ও চুক্তিভিত্তিক শিক্ষকের সংখ্যা কমিয়ে আনার দাবি জানিয়ে আসছে। এ ধরনের শিক্ষকেরা একই শ্রম দিলেও বেতন ভাতা কম পান। একই সঙ্গে চাকরির অনিশ্চয়তায়ও ভুগতে হয় তাদের। এ কারণে কলেজগুলোয় খণ্ডকালীন ও চুক্তিভিত্তিক শিক্ষকের সংখ্যা কমিয়ে স্থায়ী শিক্ষকের সংখ্যা বাড়ানোর দাবি করছে সংগঠনটি। কিন্তু এ দাবি মানতে নারাজ সিইসি। এখন দুই পক্ষের মধ্যে আলোচনা বন্ধ হয়ে যাওয়ায় সংকট সমাধান নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
দুই পক্ষকে আলোচনায় বসাতে অন্টারিও সরকারকে ভূমিকা পালনের জন্য দাবি জানিয়েছে কলেজগুলোর ছাত্র সংগঠনের নেতারা। তারা জানান, এখন পর্যন্ত আলোচনায় বসার কোনো ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি না। এ অচলাবস্থায় শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে আমরা সরকারকে এ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছি।