দারুল হাদিস লতিফিয়া মাদ্রাসার ইয়ুথ প্রোগ্রামে নানা আয়োজন

দারুল হাদিস লতিফিয়া মাদ্রাসার ইয়ুথ প্রোগ্রাম শেষ হয়েছে। গত ২৪ নভেম্বর নিউইয়র্ক নগরের ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াত, পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিস্তারিত কর্মসূচি ছিল এই অনুষ্ঠানে।
দারুল হাদিস লতিফিয়া মাদ্রাসা ইউএসএর অধ্যক্ষ ও আঞ্জুমানে আল-ইসলাহ ইউএসএর সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন দারুল হাদিস লতিফিয়া মাদ্রাসা ইউএসএর সম্পাদক ও ম্যানচেস্টার জামে মসজিদের খতিব মাওলানা মো. মাঈনুল ইসলাম, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দীন, হাফেজ ওহী আহমদ চৌধুরী, শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব ও ইমাম অধ্যাপক ড. এ টি এম ফখরুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও নাতে রাসুল পরিবেশন করেন মাদ্রাসার শিক্ষার্থীরা।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মানব জাতির সামগ্রিক কল্যাণের জন্য বিশ্ববাসীর রহমত হিসেবে প্রেরিত হন হজরত মুহাম্মদ (সা.)। তিনি শান্তি, নিরাপত্তা ও কল্যাণের মূর্ত প্রতীক। রাসুল (সা.) আমাদের জন্য দুই জিনিস রেখে গেছেন। আল কোরআন, আল সুন্নাহ এবং তাঁর আহলে বায়াত। কোরআন-সুন্নাহর নির্দেশিত পথে চলার মাধ্যমেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব। আজকের অশান্ত ও দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমেই প্রকৃত শান্তি নিশ্চিত হতে পারে।
অনুষ্ঠানে দারুল হাদিস লতিফিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। মাহফিলে মুসলিম উম্মা, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।