দাসদের কবরের ওপর দাঁড়িয়ে ব্রুকলিন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রুকলিনের এই জায়গায় দাসদের কবর রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে
ব্রুকলিনের এই জায়গায় দাসদের কবর রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে

নিউইয়র্কের ব্রুকলিন এলাকার ৮ ও ৯ স্ট্রিট ও অ্যাভিনিউ ৩–এর মধ্যবর্তী একটি অব্যবহৃত স্থানে স্থাপন করা হবে স্কুল। সব ঠিকঠাক। বিপত্তি বাধাল ভ্যান ব্রান্ট নামের একজনের ডায়েরি। ঊনবিংশ শতাব্দীর ওই দিনলিপির বর্ণনা অনুযায়ী নির্ধারিত স্থানটিতে ওই অঞ্চলের দাসদের একটি কবরখানা থাকার ইঙ্গিত রয়েছে। এ খবরে নড়েচড়ে বসতে পারেন ব্রুকলিনে থাকা প্রবাসীরা। কারণ শুধু এটিই— ব্রুকলিনের আরও বেশ কিছু এলাকায় গণকবর ও সমাধিক্ষেত্র থাকতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি ব্রুকলিনের অতীত উঠে এসেছে ১৮২৮-৩০ সালে লেখা ভ্যান ব্রান্ট নামের এক খামারমালিকের দিনলিপিতে। ওই ডায়েরিতে নিত্যদিনের বিভিন্ন ঘটনা লিপিবদ্ধ করেছেন ব্রান্ট। এরই একটি অংশে পাওয়া গেছে সে সময়ের নিউইয়র্কে দাসপ্রথার চিত্র। বিশেষত দাসদের কবরখানা সম্পর্কিত কিছু তথ্য সেখানে রয়েছে, যা বিশেষজ্ঞদের আগ্রহী করে তুলেছে।
নিউইয়র্ক টাইমস জানায়, ১৮২৮ সালের সেপ্টেম্বরে ভ্যান ব্রান্ট লিখেছেন বেনেট নামের এক ৮০ বছর বয়সী কৃষ্ণাঙ্গের কবর দেওয়ার ঘটনা। একই বছরের ১ অক্টোবর ন্যান্সি নামের আরেক ১২ বছর বয়সী কৃষ্ণাঙ্গ শিশুর কবর দেওয়ার তথ্যও রয়েছে সেখানে। আর তাদের জন্য নির্ধারিত কবরখানাটি স্কুলের জন্য নির্ধারিত স্থানেই ছিল বলে ধারণা করা হচ্ছে।
ব্রান্টের দিনলিপিতে উল্লেখিত এসব তথ্যকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে নিউইয়র্ক কর্তৃপক্ষ। নিউইয়র্কের উদ্যান, বিনোদন ও ঐতিহাসিক স্থান সংরক্ষণ সম্পর্কিত কার্যালয় স্থানটিতে প্রত্নতাত্ত্বিক খননের নির্দেশ দিয়েছে একেআরএফ ইনকরপোরেশন নামের একটি প্রতিষ্ঠানকে।
ভ্যান ব্রান্ট ছিলেন ব্রুকলিনের এক প্রভাবশালী ভূস্বামী পরিবারের পূর্বপুরুষ। অন্য অভিজাত পরিবারের মতো তাঁর পরিবারেও ছিল অসংখ্য দাস। ব্রুকলিন ইতিহাস সমিতির তথ্যমতে, ১৭৯০ সালের দিকে ব্রুকলিনের জনসংখ্যার ৩০ শতাংশই আফ্রিকান, যার অধিকাংশই ছিল দাস। এমনকি নিউইয়র্কের অন্য অংশগুলোয় দাসপ্রথা ক্ষয়িষ্ণু রূপ নিলেও ব্রুকলিনে তা আরও অনেক দিন টিকে ছিল। এখানকার খামারিরা আবাদের জন্য প্রধানত দাসদের শ্রমের ওপরই নির্ভর করত। এ দাসদের একটি বড় অংশেরই কবর ব্রুকলিনে, যার কোনো চিহ্ন আজ আর নেই। এমনকি ১৭৭৬ সালের ২৭ আগস্ট আমেরিকার স্বাধীনতা আন্দোলনের সময় ব্রুকলিনে হওয়া যুদ্ধে নিহত ব্যক্তিদের গণকবরও রয়েছে এখানে, যা বর্তমানে স্ট্রিট ৩ ও অ্যাভিনিউ ৪–এর মধ্যে পড়েছে।
বিশেষত দাসদের কবরের হদিস পেতে গবেষকেরা বর্তমানে ব্রান্ট পরিবারের পারিবারিক কবরস্থানটি খুঁজছেন। পুরোনো চিঠি থেকে এর পরিসর এক একর বলে জানা গেলেও এর সঠিক অবস্থান সম্পর্কে এখনো কেউ কিছু জানে না। এ ছাড়া তৎকালীন প্রথা অনুযায়ী পারিবারিক কবরস্থানের বাইরে দাসদের জন্য পৃথক কবরখানা ছিল অভিজাত পরিবারগুলোর। অর্থাৎ ৮ ও ৯ স্ট্রিট ও ৩ অ্যাভিনিউর সংযোগস্থলটি দাসদের কবরখানা হলে ব্রান্ট পরিবারের নিজস্ব কবরস্থানটি নিশ্চিতভাবেই অন্য কোথাও। আর অন্য অভিজাত পরিবারগুলোতে রয়েছেই।
মোদ্দা কথা হলো, বর্তমান ব্রুকলিনের একটি বড় অংশজুড়েই ছড়িয়ে রয়েছে কবর, সে দাসেরই হোক আর স্বাধীন ব্যক্তিরই হোক।