দাসপ্রথার সমর্থক নেতাদের শেষ মূর্তিটিও সরল

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্স শহর থেকে গত শুক্রবার সরিয়ে নেওয়া হলো দাসপ্রথার সমর্থক নেতাদের শেষ চারটি মূর্তির সর্বশেষটিও। এ মূর্তিটি ছিল জেনারেল রবার্ট ই লির। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধে পরাজিত কনফেডারেসি পক্ষের শীর্ষ সামরিক নেতা।
সমালোচকেরা বলছেন, মূর্তিগুলো জাতিগত সম্পর্কের দিক থেকে অশোভন। কিন্তু ওই নেতাদের সমর্থকেরা বলছেন, এগুলো শহরের দক্ষিণাঞ্চলীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রতীক।
৪ দশমিক ৮ মিটার উচ্চতার ব্রোঞ্জ মূর্তিটি শহরের যে স্থানটিতে দাঁড়িয়ে ছিল, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেই পার্কটি রাতভর ঘিরে রেখেছিলেন। মূর্তিটি দাঁড়িয়ে ছিল ৬০ ফুট উঁচু একটি পিলারের ওপর। মূর্তি সরিয়ে ফেলার পক্ষে-বিপক্ষের প্রায় দুই শ মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দুই পক্ষই সেখানে মোটের ওপর শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। তবে পিলারের ওপর উঠে পড়ায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেনারেল রবার্ট ই লির মূর্তিটি স্থাপন করা হয় ১৮৮৪ সালের ২২ ফেব্রুয়ারি। গৃহযুদ্ধের অবসানের প্রায় ২০ বছর পর। মূর্তিটি উদ্বোধনের পরের দিন তৎকালীন দ্য ডেইলি পিকাউন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, উদ্বোধনের দিন মূর্তিটি দেখতে এসেছিলেন প্রায় ১৫ হাজার মানুষ।
শহরটির কর্মকর্তারা বলেন, সরিয়ে ফেলা চারটি মূর্তি জাদুঘরে সংরক্ষণ করা হবে। সেখানে এগুলো ঐতিহাসিক তাৎপর্য অনুযায়ী রাখা হবে। তবে ইতিমধ্যে সরিয়ে নেওয়া কনফেডারেট প্রেসিডেন্ট জেফারসন ডেভিস ও জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা পিজিটি বোরোগার্দের মূর্তি নগর কর্তৃপক্ষের বাতিল জিনিস রাখার স্থানে দেখা গেছে।