দাহকালের ঈদ
শোয়ার ঘরের উত্তরের বারান্দায় বসে আছি। এই বারান্দাটিই এখন আমাকে বাঁচিয়ে রেখেছে। খুব দমবন্ধ লাগলে বারান্দার চেয়ারটিতে এসে বসি। সকালের নরম রোদে শরীর মেলে দিই। ঢাকার আকাশে অবাক করা ঝকঝকে রোদ। ক্রমে আকাশের রং বদলে যায়। সন্ধ্যায় নীলাভ আকাশের পশ্চিম কোণে অস্তগামী সূর্যের সোনাগলা রোদ ঝিকমিক করে। গাছের সবুজ পাতার ফাঁকে কাঁচা আম লুকোচুরি খেলে। গুমোট গরমে বারান্দায় দাঁড়িয়ে রাতের তারাভরা আকাশ দেখি। চাতকের মতো মেঘ দেখি, বৃষ্টির আশায়!
জ্যৈষ্ঠের গরমে তপ্ত ঢাকা। রোজাও এখন শেষের পথে। বাসায় রোজদার, ভোজদার দু দলই আছে। খুব পরিমিত হলেও ব্রেকফাস্ট, লাঞ্চ, ইফতার, ডিনার ও সাহরির আয়োজন করতে হয়। বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য, মিতব্যয়ী ও পরিমিত স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করতে হয়।
দু দিন পরই ঈদ। এবার ঈদ করব ঢাকায়। আঠারো বছর পর নিজেদের বাড়িতে ঈদ। শৈশবে বড় হয়ে ওঠার, কৈশোর থেকে যৌবনে পা দেওয়ার, কন্যা থেকে মা হয়ে ওঠার এই বাড়ি। কে জানত, এবারের ঈদ হবে করোনা-আক্রান্ত দিনের লকডাউনে, হোম কোয়ারেন্টিনে।
বাড়ির পাশের মসজিদ থেকে ভেসে আসছে এশার আজান। ভাবছি পুরোনো দিনের কথা। নস্টালজিক মন। মনে পড়ছে ছোটবেলার ঈদ-স্মৃতি। রোজার শেষ দিন। রেডিও, টেলিভিশন ছেড়ে উদ্গ্রীব বসে থাকা; টান টান উত্তেজনা। উঠোনে ছুটে গিয়ে আকাশ দেখা। পশ্চিম আকাশে সোনালি রেখাটি দেখার কী নিদারুণ প্রচেষ্টা, কত কষ্টকল্পনা; ‘ওই, ওই যে দেখা যাচ্ছে!’ ঈদের চাঁদ নিজের চোখে দেখার আনন্দই আলাদা। চাঁদরাতের সে কী মহা আনন্দ। কী মহাউল্লাস!
ইদানীং প্রতি বছরই শীতকালটায় মাস তিনেকের জন্য দেশে আসি। এসে উঠি মিরপুরে। সমস্ত আয়োজন থাকে একুশে বইমেলাকে ঘিরেই। ঘোরাঘুরি, বন্ধুবান্ধব, স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ, ভারত ভ্রমণও থাকে এই অনুষঙ্গে।
২০২০ সালটি আমার জন্য শুরু হয়েছিল অন্য বছরগুলোর মতোই নানা ব্যঞ্জনা নিয়ে। অক্টোবরে আমিরাতের টিকিট কাটলাম। জানুয়ারিতে দেশে এলাম। ফেব্রুয়ারিতে বইমেলা শুরু হলো। তুমুল উত্তেজনা নিয়ে বইমেলায় যাই। ঘুরি, বেড়াই। মার্চের শুরুটা একটা ঘোরের মধ্যে কেটে যাচ্ছিল। ‘সমরেশ বসু সাহিত্য পুরস্কার’ প্রাপ্তির খবরে; পুরস্কার গ্রহণের আনন্দে।
হঠাৎ করেই দৃশ্যপট বদলে গেল। বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। ডিসেম্বর থেকেই উহানে করোনা ছড়াচ্ছিল। তখন কেউই গা করেনি। বলা হলো—চীনারা সাপ-ব্যাং-বাদুড় খেয়ে মহামারি বাঁধিয়েছে। এখন ঠেলা সামলাক। কিন্তু মহামারিকে ঠেকানো গেল না। উল্কার বেগে ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ল। যখন মহামারি দোরগোড়ায় কড়া নাড়ছে, তখনো আমাদের হুঁশ হয়নি। নেতারা বললেন, ‘কুছ নেহি হোগা!’ ততক্ষণে মৃত্যুঘণ্টা বাজতে শুরু করেছে। দেশে দেশে মৃত্যুর মিছিল; লাশের স্তূপ। নিউইয়র্ক পরিণত হলো মৃত্যুপুরীতে। দেশেও হানা দিল করোনা। শুরু হলো লকডাউন। দীর্ঘ হোম কোয়ারেন্টিন। আমেরিকান দূতাবাস আয়োজিত পরপর চারটি চার্টার্ড বিমান রিফিউজ করতে হলো দীর্ঘতর জার্নি ও রেড জোন নিউইয়র্কে ফেরার ভয়ে।
মানবজাতি আসলেই বহুরূপী। বহুরূপী অঙ্গে ঢুকে মিউট্যান্ট করে করোনাও হয়েছে বহুরূপী। করোনার এই রূপ, রং, চরিত্র বদলে হতভম্ব গবেষকগণও।
টেলিভিশন খুললেই আমরা দেখছি, হাজার হাজার মৃত্যুর খবর। পিতা-পুত্রের মৃত্যু, দুই ভাইয়ের মৃত্যু, পিতা-কন্যার মৃত্যু, সন্তানদের এতিম করে দিয়ে পিতামাতার মৃত্যু। কোনো কোনো বাড়ি জনশূন্য করে দিয়ে মা, বাবা, সন্তান সবাই চলে গেছে। সারি সারি লাশ। স্তূপীকৃত লাশ। বেওয়ারিশ লাশ, গণকবর। নার্স, ডাক্তারদের জীবন বাঁচানোর ব্যর্থ প্রচেষ্টা। বিষণ্ন ডাক্তার, হতাশাগ্রস্ত প্যারামেডিকসের আত্মহত্যা!
আমরা মানুষেরা বড়ই বিচিত্র জাতি। মহামারি, দুর্যোগও আমাদের টলাতে পারে না। ঈদের উৎসবও তাই থেমে থাকবে না। যতক্ষণ শ্বাস; ততক্ষণ আশ। নতুন কাপড় ছাড়া ঈদ? নৈব নৈব চ। চলছে অনলাইনে বেচাকেনা। মানুষকে দাবায়ে রাখা বড়ই কঠিন। জামাতে ঈদের নামাজ হবে। অনেকেই নতুন পোশাক পরবে। অনেক ঘরেই পোলাও, কোর্মা, সেমাই রান্না হবে। ফেসবুকও সয়লাব হবে সুদৃশ্য খাবারের ছবিতে। পাশাপাশি, কোনো পোস্টে থাকবে সদ্য চলে যাওয়া প্রিয়জনের ছবি। এভাবেই আমরা উদ্যাপন করব ঈদ। দাহকালের ঈদ উৎসব।
জীবন কখনোই থেমে থাকে না। জীবন চলে জীবনের নিয়মে। একদিকে লাশের মিছিল; অন্যদিকে জীবনের জয়গান। হয়তো এভাবেই গড়ে উঠবে ভবিষ্যৎ করোনা-উত্তর পৃথিবী। আমাদের বাঁচতে শিখতে হবে করোনার সঙ্গে যুদ্ধ করেই। আবার সুস্থ হয়ে উঠবে আমাদের পৃথিবী—এটাই প্রত্যাশা। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!