দায় এড়াতে অনেকে ছাড়ছেন আমেরিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টুডেন্ট লোন বা শিক্ষাঋণ নিয়ে আমেরিকায় তোলপাড় শুরু হয়েছে। এই ঋণ শিক্ষার্থীদের জন্য বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই ঋণের দায় থেকে বাঁচতে শিক্ষার্থীদের মধ্যে আমেরিকা ছেড়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। এ নিয়ে সম্প্রতি সিএনবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

২৯ বছর বয়সী সাদ হায়েগ নামের আমেরিকান এক শিক্ষার্থী ২০ হাজার ডলারের স্টুডেন্ট লোন থেকে বাঁচতে প্রথমে গর্তে বসবাস করার চিন্তাভাবনা করেছিলেন। তিনি জানালেন, অনেক চিন্তাভাবনার পর তিনি গর্তে বসবাস না করলেও জন্মভূমির মায়া ছেড়ে চলে গেছেন অন্য এক দেশে। তিনি স্বপ্নের দেশ ছেড়ে এখন ভারতের এক গভীর জঙ্গলে বসবাস শুরু করেছেন। বলেছেন, ‘আমি

আমেরিকাকে পেছনে ছেড়ে চলে এসেছি।’

ভারতে চলে যাওয়ার পর সাদ এখন উচাখন্ডের এক জঙ্গলে পাকা একটি বাড়িতে মাসিক ৫০ ডলার ভাড়া দিয়ে থাকেন। বাড়ির পেছনে সারিবদ্ধ অনেক নারকেল গাছ আর মোরগের বিচরণ। খুশি সাদ হায়েগ সম্প্রতি সিএনবিসিকে বলেন, ‘গতকাল একই দিনে চারটা হাতির দেখা পেয়েছি। আশা করি আমাকে আর শপিংয়ের জন্য ওয়ালমার্টের সারিগুলোতে দাঁড়াতে হবে না।’

আমেরিকার কলোরাডো থেকে ৯ হাজার মাইলের বেশি দূরে চেলে যাওয়ায় এখন সাদের মধ্যে আর স্টুডেন্ট লোনের সেই দুশ্চিন্তা আর ভয় নেই, এখন আর এটিকে বাস্তব মনে হয় না। দুশ্চিন্তামুক্ত সাদের ভাষায়, ‘গভীর জঙ্গলের ভেতরে কোথাও একটা গাছ পড়ে গিয়ে থাকলে যেমন কেউ খবর রাখবে না, স্টুডেন্ট লোনকে আমার কাছে এখন সে রকমই মনে হয়।’

স্টুডেন্ট লোনের চাপ থেকে বাঁচতে সাদের মতো অনেক স্টুডেন্ট লোন গ্রহীতা অনেক ব্যক্তি তল্পিতল্পা গুটিয়ে অন্য কোনো দেশে পাড়ি জমাচ্ছেন, যেখানে জীবনযাত্রায় ব্যয় কম। পাশাপাশি ঋণদাতা প্রতিষ্ঠান সেখানে তাঁদের আর খুঁজে পাবে না।

আমেরিকায় একজন শিক্ষার্থীর গড়পড়তা স্টুডেন্ট লোনের পরিমাণ ৩০ হাজার ডলার। ২০০৭ সালের অর্থনৈতিক মন্দায় আমেরিকায় গ্র্যাজুয়েশন শেষে একজন শিক্ষার্থীর পক্ষে চাকরি পাওয়াটা যেখানে ভাগ্যের ওপর নির্ভরশীল ছিল। চাকরি পেলেও আয় হত, তা দিয়ে ক্রমবর্ধমান আবাসন খরচসহ অন্যান্য ব্যয় বহন করে তার ওপর ৪০০-৫০০ ডলারের স্টুডেন্ট লোনের কিস্তি পরিশোধ করে জীবনমান নির্বাহ করা কঠিন থেকে কঠিনতর হয়ে পড়েছে।

সাদ গ্র্যাজুয়েশন শেষ করে ১ হাজার ৭০০ ডলার মাসিক আয়ের কাজ পেয়েছিলেন বটে। কিন্তু স্টুডেন্ট লোনের কিস্তি পরিশোধ করার পর যে পরিমাণ অর্থ হাতে থাকে, তাতে শহরে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকা, পারিবারিক জীবন শুরুর চিন্তা ও একটা বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখা শুধু কঠিনই নয়, অসম্ভব আর সুদূর পরাহত মনে হচ্ছিল।

এমতাবস্থায় বাধ্য হয়েই সাদকে ভারতের এই জঙ্গলে বসবাস করার মতো প্রতিকূল অবস্থাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। সাদ বললেন, ‘এখানে মাটিতে গর্ত করে টয়লেটের ব্যবস্থা করতে হয়। স্থানীয় একটি রেস্টুরেন্টে আমাকে ছাগলের পচা মাংসের খাবারও খেতে হয়েছে। তদুপরি এই দেশটিতে আমেরিকার চেয়ে উচ্চতর জীবনযাত্রায় মান বজায় রাখা সম্ভব বলে মনে করি আমি।’ সাদ তাঁর জীবনের এই অবস্থার জন্য স্টুডেন্ট লোনকেই কেবল দূষলেন।

অবশ্য বিশেষজ্ঞরা শিক্ষাঋণের দায় এড়াতে আমেরিকানদের অন্য দেশে পালিয়ে যাওয়াকে ঝুঁকিপূর্ণ বলে মনে করেন। তাঁরা যুক্তি তুলে ধরে বলছেন, যদি কখনো এই আমেরিকান ঋণগ্রস্ত ব্যক্তিরা কখনো দেশে ফিরতে চান বা ফিরে আসতে বাধ্য হন, সে ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট, কালেকশন চার্জ ও লেট ফি’র কারণে তখন ঋণপরিশোধ করা তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে।

অলব্রাইট নামের আরেকজন আমেরিকান ছাত্র পেনসিলভানিয়ার একটি ইউনিভার্সিটি থেকে  গ্র্যাজুয়েশন করার পর ৩০ হাজার ডলারের স্টুডেন্ট লোনের বোঝা মাথায় নিয়ে কয়েক মাস পিৎজা ডেলিভারির কাজ করেন। নিজের ব্যয় বহন করতে ব্যর্থ হয়ে ২০১১ সালে চীনের ঝংশান শহরে চলে যান।  সেখানে তিনি শিক্ষকতার কাজে নিয়োজিত হয়েছেন, যেখানে তিনি মাসিক ১০০০ ডলার আয় করেন, যা দিয়ে পেনসিলভানিয়ার চেয়ে উন্নত জীবনমান বজায় রাখতে সক্ষম তিনি। আক্ষেপ করে অলব্রাইট বলেছেন, ‘আমার বিশ্বাস করতে কষ্ট হয়, আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে আমার জন্য এখানে কোনো কাজ নেই, এখানকার ইউনিভার্সিটি আমার জীবনের স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে।’

স্টুডেন্ট লোনের চাপ থেকে মুক্তির আশায় আমেরিকা থেকে পালিয়ে পাড়ি জমানোর এ রকম আরও অনেক ব্যক্তির গল্প রয়েছে। স্টুডেন্ট লোনের এই পরিস্থিতি ভাবনায় ফেলেছে বিশেষজ্ঞদের। তাঁরা এই ঋণ ও এর রীতিনীতি নিয়ে নতুনভাবে চিন্তাভাবনা শুরু করেছেন। আশার কথা হচ্ছে, সম্প্রতি নিউইয়র্ক অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ নিম্ন ও মধ্য আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য টিউশন ফি ছাড়া শিক্ষা কর্মসূচি চালু করতে সক্ষম হয়েছেন। ধারণা করা হচ্ছে, আমেরিকার অন্যান্য অঙ্গরাজ্যও ভবিষ্যতে এই ব্যবস্থা অনুসরণ করবে।