দিবাযত্ন কেন্দ্রে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রঙ্কসের একটি দিবাযত্ন কেন্দ্রে (ডে কেয়ার সেন্টার) শিশু ধর্ষণের অভিযোগে আলবার্তো হার্নান্দেজ (৬০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ মে গ্রেপ্তার করা আলবার্তো হার্নান্দেজের বিরুদ্ধে একই ধরনের একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।
ব্রঙ্কসের ২৮৩৪ হিথ অ্যাভিনিউতে মারিয়া কর্টেজ ডে কেয়ার। ২০ বছর ধরে নগর কর্তৃপক্ষের অনুমোদনপ্রাপ্ত ডে কেয়ারটি হার্নান্দেজের স্ত্রী মারিয়া কর্টেজের মালিকানায় পরিচালিত। কর্মজীবী মা-বাবা তাঁদের সন্তানকে সারা দিনের জন্য ডে কেয়ারে রেখে যান। বিকেলে কাজ থেকে ফেরার সময় তাঁরা তাঁদের সন্তানদের এ দিবাযত্ন কেন্দ্র থেকে নিয়ে যান। এ ধরনের দিবাযত্ন কেন্দ্রকে নগর কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিয়ে চলতে হয়। মারিয়া ডে কেয়ারে ৪ থেকে ১২ বছরের শিশুদের রাখার বৈধতা রয়েছে। সম্প্রতি মারিয়া কর্টেজের স্বামী আলবার্তো হার্নান্দেজের বিরুদ্ধে দিবাযত্ন কেন্দ্রে থাকা শিশুদের ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, আলবার্তো গত সাত বছর ধরে এক শিশুকে শারীরিক নির্যাতন করছিলেন। এই অত্যাচার শুরু হয়েছিল শিশুটির বয়স যখন মাত্র ছয় বছর। ওই শিশুর বর্তমান বয়স ১৩ বছর। এই অভিযোগেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নানা অভিযোগ সামনে আসতে থাকে।
নিউইয়র্ক পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। পুলিশ জানিয়েছে, শিশুটির স্কুলে দেওয়া তথ্যের সূত্র ধরে অপরাধী হার্নান্দেজকে গ্রেপ্তার করা হয়েছে। এমন আরও ঘটনা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধী আলবার্তো হয়তো আরও শিশুদের এমন নির্যাতন করেছে।
এ অবস্থায় নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ মারিয়া কর্টেজ ডে কেয়ারের অনুমোদন বাতিলের উদ্যোগ নিয়েছে।