যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার গণভোটের সিদ্ধান্ত দীর্ঘ মেয়াদে বৈশ্বিক প্রবৃদ্ধিতে প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, এর ফলে পুরো ইউরোপেই বিনিয়োগ সম্ভাবনা স্থবির হয়ে পড়বে।
কানাডার অটোয়ায় উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর শীর্ষ সম্মেলনে এসব কথা বলেন ওবামা। তিনি যুক্তরাজ্যের ইইউ ছাড়ার প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ইইউর নেতাদের প্রতি আহ্বান জানান। ওবামা বলেন, অনেকে ব্রেক্সিটের ফলে বৈশ্বিক অর্থনীতি সাময়িকভাবে ধাক্কা খাবে বলে মন্তব্য করেছেন। তবে আমার মনে হয়, এর ফলে দীর্ঘ মেয়াদে প্রবৃদ্ধির ওপর প্রভাব পড়বে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, গণভোটে ইইউ ছাড়ার পক্ষে রায় হলেও সম্ভবত যুক্তরাজ্য ইইউ ত্যাগ করবে না। মঙ্গলবার কলোরাডোতে সাংবাদিকদের কেরি বলেন, গণভোটে যাঁরা ভোট দিয়েছেন তাঁদের বেশির ভাগই বিষয়টি সম্পর্কে জানেন না। তাঁরা সত্যিকার অর্থে চানও না নির্বাচনের ফলাফল কার্যকর হোক। কেরি মনে করেন, গণভোটে যে রায় হয়েছে তা পাশ কাটানোর নানা উপায় আছে।