দীর্ঘ যাত্রার শেষ ধাপে হিলারি ক্লিনটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিলেন ফার্স্ট লেডি। এরপর সিনেটর। সর্বশেষ পদ পররাষ্ট্রমন্ত্রী। রাজনীতিতে অভিজ্ঞতা দীর্ঘদিনের। ২০০৮ সালেই ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট হতে পারতেন হিলারি ক্লিনটন। একজন নারী প্রেসিডেন্টের সম্ভাবনায় যুক্তরাষ্ট্রের নারীরা, যাঁরা দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি, সেবার প্রবলভাবে উদ্দীপ্ত হয়েছিলেন। ডেমোক্রেটিক পার্টির বড় অংশ তাঁর পাশেই ছিল। কিন্তু সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে শিকাগোর তরুণ সিনেটর বারাক ওবামা দলের মনোনয়ন ছিনিয়ে নেন এবং দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। ওবামা প্রেসিডেন্ট হওয়ার পর অবশ্য তাঁর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারিকেই বেছে নেন।

>২০০৮ সালেই প্রেসিডেন্ট হতে পারতেন অভিজ্ঞ রাজনীতিক হিলারি ক্লিনটন। কিন্তু অপ্রত্যাশিতভাবে বারাক ওবামা মনোনয়ন ছিনিয়ে নেন। এবার মনোনয়নের সময় চ্যালেঞ্জের সম্মুখীন হন সমাজতন্ত্রী স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্সের কাছ থেকে

তবে ২০১৬ সালের নির্বাচনে হিলারি দলের প্রধান প্রার্থী হলেও দেশের বহু মানুষ একপর্যায়ে তাঁর প্রতি আস্থা হারিয়ে ফেলে। দীর্ঘদিন রাজনীতির কেন্দ্রে থাকা ক্লিনটন দম্পতির প্রতি দেশের মানুষের একধরনের ক্লান্তি এসে গিয়েছিল। নারী ভোটাররা, আট বছর আগে যাঁরা তাঁকে সাগ্রহে বরণ করে নিয়েছিলেন, তাঁরাও মুখ ঘুরিয়ে নেন। এর বড় কারণ ছিল হিলারির রাজনীতিতে স্বচ্ছতার অভাবের অভিযোগ। ব্যক্তিগত সার্ভারের মাধ্যমে সরকারি ই-মেইল চালাচালি এবং ক্লিনটন ফাউন্ডেশনের মাধ্যমে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার অভিযোগ অনেক ভোটারকে বিরক্ত করে। অর্থবাণিজ্যের কেন্দ্র ওয়ালস্ট্রিটের সঙ্গে ঘনিষ্ঠতা হিলারির প্রতি সন্দেহের আরেকটি কারণ।
দলীয় মনোনয়নের সময় হিলারি অপ্রত্যাশিতভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হন ভারমন্ট থেকে নির্বাচিত সমাজতন্ত্রী স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্সের কাছ থেকে। ‘বিপ্লবের’ ডাক দেওয়া স্যান্ডার্স ইউরোপীয় ধাঁচের সমাজতান্ত্রিক অর্থনীতির মডেল প্রস্তাব করে তরুণ ভোটারদের কাছে টেনে নেন। পার্টির নেতাদের সমর্থনে ডেলিগেট-সংখ্যার হিসাবে বাড়তি সুবিধা নিয়ে হিলারি শেষ পর্যন্ত স্যান্ডার্সকে পরাস্ত করেন বটে, কিন্তু তাঁর প্রতি দলের তরুণ সমর্থকদের অনাস্থা এর ফলে কেবল গভীরতর হয়েছে।
তবে একপর্যায়ে দলের বিভক্তি কাটিয়ে ওঠা হিলারির পক্ষে সম্ভব হয় স্যান্ডার্সও তাঁর পাশে এসে দাঁড়ানোর ফলে। এর বড় কারণ, দলের নেতা ও সমর্থকেরা ক্যাসিনো ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতায় শঙ্কিত হয়ে পড়েন। হিলারির এক বড় সহায় হিসেবে ঐতিহ্য ভেঙে এগিয়ে আসেন প্রেসিডেন্ট ওবামা।
এবার প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য হিলারি আট বছর ধরেই প্রস্তুত হচ্ছিলেন। সব বিভক্তি কাটিয়ে ডেমোক্রেটিক পার্টি এখন তাঁর প্রার্থিতার প্রশ্নে একমত। হিলারির বিশেষ সুবিধা হলো, তিনি সুপরিকল্পিতভাবে মাঠপর্যায়ে ব্যাপক নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন। ওয়ালস্ট্রিট ও হলিউড তারকাদের সমর্থনে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহেও তাঁর সাফল্য অভাবিত। আফ্রিকান-আমেরিকান ও হিস্পানিকদের নিজের পক্ষে আনার সর্বাত্মক চেষ্টা চালান তিনি। ২০০৮ ও ২০১২ সালে এ রকম সংখ্যালঘুদের ভোটের জোরেই সহজ বিজয় ছিনিয়ে আনতে পেরেছিলেন বারাক ওবামা। হিলারি আশা করছেন, ‘ওবামা কোয়ালিশন’ তাঁকেও অবশেষে হোয়াইট হাউসের চাবিটি তুলে দেবে।
দীর্ঘ আট বছরের প্রস্তুতি কি সফল হবে, নাকি দীর্ঘ যাত্রার শেষের ধাপে হিলারির জন্য অপেক্ষা করছে শুধুই হতাশা? আজকের নির্বাচনের ফলাফলেই তার জবাব মিলবে।