দীর্ঘদিন এ পথেই হাঁটতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা ভাইরাসের এক ধাক্কায় বিপর্যস্ত হয়েছে আমেরিকা। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২১ লাখ ছাড়িয়ে গেছে। আমেরিকায় মোট মৃতের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৪শত ২৬। ফলে মানুষের জীবন হয়েছে এলোমেলো। অর্থনীতিতে নেমেছে ধস। অনেকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। এর মধ্যে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড উত্তাল আমেরিকা। চলছে প্রতিবাদ। ভাইরাসের ভয় উপেক্ষা করে রাস্তায় হাজার হাজার মানুষ নেমেছে। গবেষকেরা বলছেন, করোনা ভাইরাসে দ্বিতীয় দফা বিপর্যয় আনতে পারে এ বছরেই । মানুষের জনসমাগমের ফলে ভাইরাসে আক্রান্ত হতে পারে আবার। ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসার আগেই আমেরিকার অনেক স্টেটে লকডাউন তুলে দিয়েছে ,অনেক স্টেটে শিথিল করে দিয়েছে। অনেকেই মানছে না দূরত্ব। হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট’র প্রধান আশিস ঝা মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আমেরিকা আরও অনেক মৃত্যু দেখবে। তিনি বলেন, অ্যারিজোনায় সংক্রমণ বৃদ্ধির হার ৪০%। ফ্লোরিডা ও আরকানসাস- অন্য দুই হটস্পট। এর মধ্যে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ চলছে। হোয়াইট হাউস করোনাভাইরাস টাস্ক ফোর্স ফের আশঙ্কা প্রকাশ করেছে, বিক্ষোভ-আন্দোলনের জেরে সংক্রমণ আরও বাড়বে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি সিবিসি’কে বলেন, বিধিনিষেধ তুলে নেওয়ায় বেশি সংক্রমণ অনিবার্য। তিনি আরও বলেন, দেশজুড়ে আক্রান্ত কমছে। কিন্তু বিভিন্ন রাজ্যে নতুন করে আক্রান্ত বেড়ে যাওয়া ‘উদ্বেগের’ বিষয়।
অপ্রিয় হলেও এটাই বাস্তবতা। জীবন যেমন মূল্যবান, তেমনি বেঁচে থাকার জন্য মৌলিক চাহিদাও প্রয়োজন। জীবন -জীবিকা এর মধ্যেই মানুষ এখন ঘুরপাক খাচ্ছে। মানুষ দীর্ঘদিন ঘরে থাকার ফলে
অর্থনীতিতে যে ধস নেমেছে তা পুনরুদ্ধার না হলে,মানুষের খাদ্যের জোগান না হলে দেখা দেবে আরেক সমস্যা। না খেয়ে মারা যাবে মানুষ। ফলে অর্থনীতির চাকা সচল রাখার জন্য সবকিছু খুলে দিচ্ছে। মানুষ ফিরতে চাইছে স্বাভাবিক জীবনে। কিন্তু ভাইরাস থেকে সাবধান থাকার,সতর্ক থাকার উপায় হলো কমপক্ষে ছয় ফুট দূরত্ব বজায় রাখা। আর মানুষ তা পালন করছে না। অনেকের ধারণা কমেই গেছে আস্তে আস্তে আরও কমে যাবে। তারা বুঝতে পারছে না, এই ভাইরাস কমে আসলে নিশ্চিহ্ন হয়ে যায়নি। বরং এই ভাইরাসের সবচেয়ে খারাপ দিক হলো পরিবেশের সঙ্গে ভাইরাস তার জিন বদলায়। ফলে অনেক সময় সুপ্ত অবস্থায় থাকে। এবং ফিরে আসে তার ভয়ংকর রূপ নিয়ে।
আমরা দেখেছি, করোনার থাবা যখন তুঙ্গে, আমেরিকার কোনো হাসপাতালে ঠাঁই ছিল না, ফ্লোরে, বেডে ভর্তি ছিল রোগী। কেঁদেছে ডাক্তার, নার্স, তাদের চোখের সামনে এমন মৃত্যু দেখে। কাঁদছে পরিবারের মানুষেরাও। মৃত্যুর পর আপনজনের লাশ ছুঁয়ে দেখবে সে সুযোগও ছিল না। কারণ হাসপাতাল থেকে ফিউনারেল, জানাজা দিয়ে একেবারে সমাধি। হাসপাতালের স্টাফরাও শবদেহ টানতে টানতে ক্লান্ত হয়ে গিয়েছিল। একেকটা হাসপাতাল ছিল লাশের স্তূপ। রোগী অনুযায়ী পর্যাপ্ত ভেন্টিলেটর ছিল না। নিউইয়র্কে পার্কে ও অস্থায়ী হাসপাতাল খুলেছিল। এসেছিল তিন হাজার বেডের কমফোর্ট জাহাজ। মেয়র তার সাধ্যমতো চেষ্টা করছিলেন। অনেক ডাক্তার, নার্স, হাসপাতাল স্টাফও, পুলিশ আমরা হারিয়েছিলাম।
কি দুর্বিষহ সময় গেছে, ভাবলেই অস্থির লাগে। এখনো শেষ হয়ে গেছে তা নয়, তবে প্রকোপ কমে এসেছে এই যা। আমরা এ রকম দুর্বিষহ জীবন আর দেখতে চাই না। সমস্যা হলো, নিজে সতর্ক থাকলেও পাশের জন যদি সতর্ক না হয় তাহলে আবার আক্রান্ত হতে পারি। অর্থাৎ, সম্মিলিত ভাবেই ভাইরাসকে মোকাবিলা করতে হয়। যত দিন ভ্যাকসিন বাজারে না আসে আমরা করোনা ঝুঁকির মধ্যেই থাকব। আর এ সময় সাবধানতা হলো একমাত্র উপায়।
কিন্তু জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের বিচারে উত্তাল আমেরিকা। মানুষের কাছে জর্জ ফ্লয়েড এখন একটি প্রতিবাদের নাম। মানুষের মন থেকে মৃত্যুর ভয় চলে গেছে। দীর্ঘদিন কালোরা পুলিশ দ্বারা নিপীড়িত হতে হতে তাদের মনে যে ক্ষোভ জমা হয়েছে তা যেন আগ্নেয়গিরির উত্তপ্ত লাভার মতো গলে পড়ছে বিক্ষোভে। এ আগুন সহজে থামবে বলে মনে হয় না। গবেষকেরা বলছেন, জনসমাগমের ফলে আবারও ভাইরাসে আক্রান্ত হতে পারে মানুষ। এবং দ্বিতীয়বারের ভাইরাসের এ ঢেউ আগের থেকে আরও বেশি ভয়ংকর হতে পারে। একদিকে করোনার কারণে বিপর্যস্ত আমেরিকা, অর্থনীতির ধস, চলছে কীভাবে এ অবস্থা থেকে উত্তরণ হয়। অন্যদিকে রাস্তায় হাজার হাজার মানুষের সমাগম জর্জের হত্যাকাণ্ডের জন্য। ভবিষ্যতে কি হবে বলা মুশকিল। ন্যায় বিচার যেমন কাম্য, তেমনি সতর্ক থাকাও প্রয়োজন। গবেষকদের ধারণা যদি প্রতিফলিত হয় তাহলে আমেরিকার জন্য সামনে অপেক্ষা করছে ভয়াবহ পরিস্থিতি। বিশ্বের অনেক দেশেই এখনো ভাইরাসের প্রকোপ বিদ্যমান। এশিয়াতে বরং পরিস্থিতি আগের থেকে খারাপের দিকে যাচ্ছে। আমেরিকা উন্নত রাষ্ট্র, তাই একবার হয়তো ভাইরাসের ধাক্কা সামলে নিয়েছে,কিন্তু দ্বিতীয়বারে জনজীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয়। এমনিতেই এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। আমেরিকায় বারো রকম মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এ দেশে বাস করে। এ দেশে আসার উদ্দেশ্য একটাই উন্নত জীবনযাপন করা। সেই জীবন এখন ঝুঁকির মুখে। যে উন্নত জীবনের আসায় মানুষ পাড়ি জমিয়েছে যুক্তরাষ্ট্রে সেই তারা এখন আফসোস করছে কেন এলাম। গত এক শতাব্দীতে আমেরিকার এমন নাজুক পরিস্থিতি হয়নি। আমেরিকার মেরুদণ্ড হলো অর্থনীতি। সেই অর্থনীতির গ্রাফ এখন নিম্নমুখী। জর্জ হত্যাকাণ্ড, অর্থনীতি, ভাইরাস সব মিলিয়ে অস্থির সময়, অস্থির জীবন। এ থেকে উত্তরণের একমাত্র উপায় হলো আমাদের সাবধান থাকা, এর কোনো বিকল্প পথ নেই, এ পথেই হাঁটতে হবে অনেক দিন। ন্যায় বিচার যেমন চাইতে হবে, তেমনি জীবিকার জন্য কাজে যেতে হবে, বাঁচতে হবে সচেতনতার সঙ্গে।