রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের জন্য আবারও দুঃখ প্রকাশ করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে দেওয়া ‘স্ট্যাটাসে’ হিলারি লিখেছেন, তিনি ‘দুঃখিত’ এবং ‘ভুল করেছেন’। খবর বিবিসির।
গত মঙ্গলবার এবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারেও দুঃখ প্রকাশ করেন হিলারি। এর আগে তিনি বলেছিলেন, জেনেশুনে ওই ‘অনিরাপদ’ ই-মেইলে স্পর্শকাতর তথ্য বিনিময় করেননি বলে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই।
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার সময় ব্যক্তিগত সার্ভারের মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ই-মেইল বিনিময় করায় হিলারি ক্লিনটনের ব্যাপক সমালোচনা হচ্ছে। আগামী বছর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন তিনি।
ফেসবুক পেজে হিলারি লিখেছেন, ‘হ্যাঁ, আমার উচিত ছিল দুটি ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করা। একটি ব্যক্তিগত কাজের জন্য, অন্যটি পররাষ্ট্র দপ্তরের কাজের জন্য। সেটা না করা ভুল হয়েছে। সে জন্য আমি দুঃখিত। আমি পুরোপুরি এই ভুলের দায় নিচ্ছি।’
তবে সরকারি কোনো নিয়ম বা আইন ভাঙার কথা নাকচ করে দেন তিনি। হিলারি লিখেছেন, ‘ওই ই-মেইলের মাধ্যমে গোপনীয় কোনো কিছুই আমি গ্রহণ করিনি কিংবা পাঠাইনি।’