দুঃসময়ে জনগণের পাশে মুনা

মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) করোনাভাইরাসের এই সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। এ ছাড়া আসন্ন মুনা ন্যাশনাল কনভেনশন-২০২০ বন্ধ ঘোষণা করেছে সংগঠনটি। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক টেলিকনফারেন্সে সংগঠনটির নেতারা এই তথ্য জানিয়েছেন।
মুনার নেতারা জানান, দেশব্যাপী হটলাইন নম্বরের মাধ্যমে অসহায়, অসুস্থ, বয়স্ক মানুষের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, গ্রোসারি সরবরাহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মুনা। সেই সঙ্গে মৃতদের দাফন-কাফনের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। মুনার একটি চিকিৎসক দল হটলাইনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দিয়ে যাচ্ছেন।
এ ছাড়া অনেকে যারা চাকরি হারিয়েছেন, ক্যাব-উবার চালাতেন বর্তমান কঠিন পরিস্থিতিতে তাঁদের উপার্জনের পথ প্রায় বন্ধ। একইভাবে সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত অনেকেই আর্থিকভাবে কঠিন সময় পার করছেন—তারা যেন সরকারের কাছ থেকে বেকার ভাতার সুবিধা নিতে পারেন হটলাইনের মাধ্যমে সেই প্রচেষ্টা এবং সহযোগিতা আমরা অব্যাহত রেখেছি।
নেতারা বলেন, আসন্ন রমজান মাসে ১০ হাজার পরিবারের মাঝে ইফতার গিফট প্যাকেট বিতরণ করবে মুনা। মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা দেশব্যাপী যে সেবা কার্যক্রম পরিচালনা করছে, আপনারা তার অংশীদারত্ব গ্রহণ করুন। আর্থিকভাবে সহযোগিতা করে এবং বিত্তবানদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তহবিল সংগ্রহ করে বা গণমাধ্যমে মুনার কার্যক্রম প্রচারের মাধ্যমে মানব সেবার কর্মসূচিতে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা কোরআনের আলোকে, ইসলামের আলোকে জীবন, পরিবার ও সমাজ গঠনের জন্য সাংগঠনিক দাওয়াহ কর্মসূচি অব্যাহত রেখেছে।