দুঃসহ কালের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা সবাই হেসে বলি, ভালো আছি। আসলে কি আমরা ভালো আছি? লকডাউনের পরেও আমাকে কাজে যেতে হত। যেহেতু আমি এসেনশিয়াল ওয়ার্কার, কাজে তো যেতেই হবে। আমি স্বাভাবিক জীবনযাপন করছিলাম। হঠাৎ একদিন কাজের জায়গায় মনে হলো প্রচণ্ড ঠান্ডা লাগছে। ছেলেকে কল দিয়ে বললাম, বাবা আমার শরীরটা মনে হচ্ছে ভালো না! সঙ্গে সঙ্গেই ছেলে আমাকে নিতে এল। সে দিনেই সব বাজার করে চারজনেই ঘরে ঢুকে গেলাম। তারপর সাত দিনের কথা যত দিন বেঁচে থাক, ভুলতে পারব কিনা জানি না।
শুরু হলো যুদ্ধ। আমার কাশি গায়ে হালকা জ্বর। শরীর যতটা না খারাপ লাগছিল। তার চেয়ে ভয় বেশি কাজ করছিল। সঙ্গে চিন্তাও যুক্ত হলো, আমি কি করোনায় আক্রান্ত হলাম? মনে মনে ভাবছি, তাহলে কি আমার পরিবারকে আমি আক্রান্ত করব? বাজারে গিয়ে কি আমি কারও ক্ষতি করে এলাম? এই অপরাধবোধ আমাকে কুরে কুরে খাচ্ছিল। কিন্তু আমি সাহস হারাইনি। বাংলাদেশের সুদূর নেত্রকোনায় থাকা আম্মাকে কল করে বললাম, আম্মা মনে হয় এবার তোমাকে না দেখেই মরে যাব। আব্বাকে গিয়ে কী বলব, আমি তো তোমাকে রেখে স্বার্থপরের মতো বিদেশে চলে এসেছি!’
আম্মা অন্য সময় হলে হেসে বলত, ‘হুম আমার কথা না ভেবে তোর আব্বার কথাই খালি ভাবছস।’ এবার আম্মা সঙ্গে সঙ্গে কান্না করে দিল, ‘না রে মা, তোর কিছু হবে না। মনে সাহস রাখ। আল্লাহকে ডাক। নিয়ম মেনে চলিস। বাইরে যাবি না।’
আমি সেভাবেই চলতে শুরু করলাম। শুধু একটা জিনিসেই মানতে পারিনি। যেটা খুব জরুরি ছিল। চারজন আলাদা হতে পারিনি। সে জন্য যে ভয়টা আমার ভেতর কাজ করছিল, তাই ঘটল। আমি ঠিকই চার দিনের দিন সম্পূর্ণ ভালো হয়ে গেলাম। কিন্তু আমার স্বামীর তৃতীয় দিনে জ্বর কাশি শুরু হল। এবার আমরা সবাই ভয় পেয়ে গেলাম। কিন্তু আমি কাউকে বুঝতে দিইনি, আমি ভয় পেয়েছি। শুরু করে দিলাম কালিজিরা, মধু, রসুন, গরম পানি, চা, ডিম, দুধ সবজি খাওয়া।
আয়নার সামনে দাঁড়িয়ে কপালে একটা টিপ পরে মনে মনে বললাম, একদিন মরতে হবেই। কিছুদিন বেশি বাঁচার জন্য যুদ্ধ করতে অসুবিধা কি! শুরু হলো যুদ্ধ। আমার স্বামীর সঙ্গে আবার আমার জ্বর এল। আমরা দুজনে মিলে সাত দিন জ্বরে ভুগেছি। করোনা হয়েছে কিনা বুঝতে পারছিলাম না! টেস্ট করতে যাওয়া উচিত কিনা? ডাক্তার ফেরদৌস খন্দকারকে কল দিয়ে জানতে চাইলাম, আমরা কী করব। উনি আমাদের সবকিছু শুনে বললেন, আপা, এ যাত্রায় বেঁচে গেছেন। কোন টেস্ট করানো লাগবে না। বাসায় থাকেন। খুব বেশি প্রয়োজন না হলে বের হবেন না। ধন্যবাদ ডাক্তার ফেরদৌসকে আমাদের পাশে থাকার জন্য।
এমন খারাপ সময় যেন কারও না আসে! আমার ছেলেটা সাত দিন ভালো করে খায়নি। ঘুমায়নি। একটু পরে পরে আমার কাছে, তার বাবার কাছে গিয়ে জড়িয়ে ধরে রাখত। যদি বলতাম দূরে থাক না বাবা। ছেলে বলত, ‘না মা তোমার কিছু হয়নি। তুমি না থাকলে আমার বেঁচে থেকে কী হবে! মেয়েটা কান্না করে চোখ ফুলিয়ে ফেলত। আমি যদি বলতাম, কি হয়েছে তোমার? মেয়ে বলত, কই কিছু না। গান শুনবে? গান শোনায় সে।
হয়তো আমার করোনাই হয়েছিল। আমার নাও হতে পারে। কিন্তু আমি আমার ভেতরের ভয়ের সঙ্গে যুদ্ধ করে জিতে গেছি। এই যুদ্ধে আমাকে যারা সাহায্য করেছে তাঁরা হলেন—আমার পরিবারের চার ডাক্তার জয়, অনি, রাজিব ও মুনমুন। আর আমার বোনেরা বাংলাদেশে থেকেও ওরা আমাকে এক মিনিটের জন্য একা থাকতে দেয়নি। আমি কি আসলে এখন ভালো আছি? না। আমি এবং আমরা কেউ ভালো নেই। কারণ আমাদের ভালো থাকতে দিচ্ছে না করোনার ভয়। যত দিন পর্যন্ত এই ভয় দূর করতে না পারব, আমাদের কে ভালো থাকার অভিনয় করতে হবে।