দুঃসহ স্মৃতি
আমার মা ছিলেন হাসপাতালের একজন কর্মী। এ কারণে সিলেট মেডিকেলের অনেক কাহিনি তাঁর জানা ছিল। বিশেষ করে যুদ্ধের সময়ের ঘটনাগুলো। অনেক লোমহর্ষক ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন তাঁরা। অনেক ঘটনা আম্মা এমন ভাবে বলতেন যেন আমরা নিজেই উপস্থিত ছিলাম। এখন আম্মা নেই। সম্প্রতি কিছু শুনলাম মেজো আপার কাছে।
মোখলেসুর রহমান মামা মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছিলেন। আমরা তাঁকে মোখলেস মামা ডাকি। আপার কাছ থেকে জানলাম মামা এখনো বেঁচে আছেন।
মোখলেস মামার সঙ্গে ছোটবেলার একটা স্মৃতি আছে। তাই চেহারাটা মনে এল। ছোট খাট একজন মানুষ। বিজয় দিবস এলে তাঁর কথা মনে হয়। আমি ভেবেছিলাম তিনি সার্জারির ডাক্তার। কারণ তিনি একবার আমাদের গরুর পেট সেলাই করে দিয়েছিলেন। পোশাক বেশ কেতাদুরস্ত। টিপটপ একজন মানুষ। সাদা শার্ট পরতেন সব সময়, তাই এমনটা ভাবতাম। আপা জানালেন, তিনি ডাক্তার না। ওয়ার্ডবয় ছিলেন। তাহলে তিনি সার্জারি, প্লাস্টার এ সব কীভাবে করতেন? আপা এ-ও বললেন, আগের ছোটখাটো কর্মচারী, নার্সরা যেসব কাজ জানতেন এখন অনেকেই তা সাহস করেন না। এ প্রসঙ্গে বললেন, ডা. শামসুদ্দিন আহমদ ছিলেন অসাধারণ মানুষ। অন্যান্য নার্স মাসিদের এমনকি আম্মাকেও যুদ্ধের সময় রোগীর বাসায় পাঠাতেন অ্যাম্বুলেন্স দিয়ে।
সেদিন আবু সিনা ছাত্রাবাসের সামনে যে গোল চত্বর ছিল সেখানে আমাদের গাভি লালী ঘাস খাচ্ছিল। দরজা কেউ বন্ধ করে ফেলেছিল। সন্ধ্যা হতেই লালী লোহার শিক ডিঙিয়ে পার হতে চেয়েছে। কিন্তু লম্ফ দিতে পেটের মধ্যে ধারালো শিক আটকে যায়। লালী ঝুলে আছে মৃত্যুর মুখে। পেট থেকে সমানে রক্ত পড়ছে। লালী ছিল গর্ভবতী। আমি বা মামুন কেউ একজন দেখে আম্মাকে দৌড়ে গিয়ে বলেছিলাম। অনেকে ধরাধরি করে লালীকে নামালেন কিন্তু তখন পশু হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই। আম্মা সেই মোখলেস মামাকে ডাকলেন। তিনি এসে ওষুধ দিয়ে সেলাই করে দিয়ে গেলেন। নিয়মিত এসে ড্রেসিং করে যেতেন।
ডিসেম্বর মাস। চারদিক বিজয়ের রব রব সাজ। তখন মামা এসেছেন ড্রেসিংয়ের জন্য। পরে চা খেতে বসেছেন। আম্মা তখন বললেন, তোদের এই মামা হানাদার বাহিনীর গুলি খেয়ে ফেরত এসেছে।
মামার কাছেই শুনেছিলাম ডা. শামসুদ্দিনের কথা। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ শুরু হলে শামসুদ্দিন আহমদ দ্রুত হাসপাতালে আসা আহত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এরই অংশ হিসেবে তিনি হাসপাতালে ব্লাড ব্যাংক খোলেন এবং আহত রোগীদের চিকিৎসার জন্য একটি জরুরি স্কোয়াড গঠন করেন। সেই সঙ্গে মুক্তিযোদ্ধাদের সক্রিয় সহায়তা প্রদান করেন। মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাজ করছেন এমন তরুণ চিকিৎসকদের ওষুধ সরবরাহ করেন। ১৯৭১ সালের ৮ এপ্রিল তামাবিল সীমান্ত পথে ইতালির একদল পর্যবেক্ষক সিলেটে পৌঁছায়। এ সময় ডা. শামসুদ্দিন এই দলটিকে নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীদের ঘুরে দেখান যাতে তাঁরা বুঝতে পারেন, কীভাবে পাকিস্তানি বাহিনী নিরীহ জনগণের ওপর হামলা চালাচ্ছে। ওই টিমের সদস্যরা বর্বরোচিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে তাঁর বক্তব্য রেকর্ড করে নিয়ে গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করেন।
১৯৭১ সালের ৯ এপ্রিল তৎকালীন সিলেট মেডিকেল কলেজের কাছে মুক্তিযোদ্ধা ও পাকিস্তানি বাহিনীর মধ্যে যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধারা নিকটবর্তী পাহাড়ের ওপর অবস্থিত সিভিল সার্জনের বাংলো থেকে আক্রমণ পরিচালনা করে। গুলির আঘাতে পাকিস্তানি সেনাদের গাড়িবহরের প্রথম জিপটি উল্টে যায়। এতে তিনজন পাকিস্তানি সেনা নিহত হয়। পাকিস্তানি সেনারা তাৎক্ষণিকভাবে হাসপাতাল এলাকা ঘিরে ফেলে। তারা হাসপাতাল ও এর আশপাশের এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয়। সিলেট শহরে পাকিস্তানি বাহিনীর অত্যাচার ও গণহত্যা ব্যাপকতর হয়ে ওঠে। ফলে মেডিকেল কলেজের ছাত্র, শিক্ষক ও চিকিৎসকেরা শহর ছেড়ে শহরতলি এলাকায় আশ্রয় নেন। শামসুদ্দিন আহমদ হাসপাতালের নারী নার্সদের নিরাপত্তার প্রশ্নে দায়িত্ব থেকে ছুটি দিয়ে দেন। কিন্তু তিনি তাঁর সহকর্মী ডা. শ্যামল কান্তি লালা, নার্স মাহমুদুর রহমান, অ্যাম্বুলেন্স ড্রাইভার কোরবান আলী ও জন কয়েক চিকিৎসা সহকারীকে নিয়ে হাসপাতালে রোগীদের চিকিৎসায় নিয়োজিত থাকেন।
হানাদার বাহিনীর মেজর রিয়াজের নেতৃত্বে একদল পাকিস্তানি সেনা হাসপাতালে প্রবেশ করে। ভেতরে কোনো মুক্তিযোদ্ধা না পেয়ে তাঁরা অপারেশন থিয়েটার থেকে ডা. শামসুদ্দিন আহমদ, ডা. শ্যামল কান্তি লালা, নার্স মাহমুদুর রহমান এবং পিয়ন মো. মুহিবুর রহমান ও মোখলেছুর রহমান, অ্যাম্বুলেন্স ড্রাইভার কোরবান আলীসহ মোট নয়জনকে বাইরে এনে চত্বরে সারিবদ্ধভাবে দাঁড় করায়। প্রথমে ডা. শামসুদ্দিনের বাম ঊরুতে গুলি করা হয়। দ্বিতীয় গুলিটি তাঁর পেটের বাম পাশে বিদ্ধ হয় এবং তৃতীয় গুলিটি তাঁর বক্ষ ভেদ করে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপর লাইনে দাঁড় করানো সবাইকে গুলি করে হত্যা করা হয়। ডা. শামসুদ্দিন ও তাঁর শহীদ সহকর্মীদের হাসপাতাল প্রাঙ্গণে সমাহিত করা হয়। ভাগ্যক্রমে বেঁচে গেছেন মোখলেস মামা। বুট দিয়ে লাথি মেরে তাঁকে ড্রেনের পানিতে ফেলা হয়। কষ্ট পেয়েছেন কিন্তু শব্দ করেননি। তারপর তাঁর আর কিছু মনে ছিল না। যখন জ্ঞান ফিরেছে তখন উনি হাসপাতালের বেডে। তিনি নয়জনের লাইনের সব শেষে ছিলেন। গুলিতে তাঁর হাত ঝাঁজরা হয়েছে।
নার্স মাহমুদুর রহমান ও তাঁর ছেলে নুর ভাই ছিলেন আমাদের বড় ভাইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু। আরও ছোট ছোট ভাইবোন ছিল তাঁদের। আমার এখন আবছা ভাবে মনে পড়ছে অভাব অনটনে নানা সমস্যা তাঁর মা এসে আম্মাকে বলতেন। আমার আপা বললেন, মৃত্যুর আগের দিন রাতে মানে ৮ এপ্রিল রাতে অ্যাম্বুলেন্স ড্রাইভার কোরবান আলী আমাদের পরিবারের সবাইকে, ডাক্তার রকীব সাহেবের পরিবার, নাট্যশিল্পী কাজী আয়শা আপা ও তাঁর মাকে আমাদের মামা বাড়ি বরই কান্দি নামিয়ে দিয়ে আসেন। কামালবাজারে বরই কান্দিতে ছিল মকবুল মামার (মকবুল চৌধুরী) বাড়ি।
আপা বলেন সেদিন যদি আম্মা হাসপাতালে থাকতেন হয়তো আমরা আম্মাকেও পেতাম না। আমি বহুবার আমার আম্মার মুখে শহীদ ড্রাইভার কোরবান আলীর নাম শুনেছি। প্রায়ই কৃতজ্ঞতা প্রকাশ করতেন তাঁর প্রতি।
তাঁরা জীবন দিয়ে আমাদের পরিবারকে নিরাপত্তা দিয়েছে। আমরা যত দিন বাঁচব তাঁদের স্মরণ করব গভীর শ্রদ্ধা নিয়ে।