দুই এফবিআই কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) দুই কর্মকর্তার মধ্যে চালাচালি হওয়া খুদে বার্তা নিয়ে তদন্তের আদেশ দিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স। ওই দুই কর্মকর্তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী দৃষ্টিভঙ্গি নিজেদের মধ্যে বিনিময় করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে যে খুদে বার্তা নিয়ে এই অভিযোগ সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এ কারণেই এ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআই এজেন্ট পিটার স্ট্রজক ও এফবিআইয়ের আইনজীবী লিসা পেজ নিজেদের মধ্যে ২০১৬ সালের ১৪ ডিসেম্বর এবং ২০১৭ সালের ১৭ মে খুদে বার্তা আদানপ্রদান করেন। স্যামসাং ৫ সেলফোনের কিছু ফিচার আপগ্রেডের কারণে ওই সময় এই বার্তাগুলো এফবিআই সংরক্ষণে ব্যর্থ হয়। আর এই ঘটনায় এফবিআইয়ের দিকে ট্রাম্পবিরোধী শিবিরের প্রতি পক্ষপাতের আঙুল তোলেন রিপাবলিকান নেতারা।
রিপাবলিকান নেতাদের দাবি, দুই এফবিআই কর্মকর্তার মধ্যে আদান-প্রদান হওয়া ওই খুদে বার্তাগুলোয় প্রেসিডেন্টকে ‘নির্বোধ’, ‘জঘন্য’ বলে উল্লেখ করা হয়েছে। অথচ এ ধরনের বার্তা হারিয়ে ফেলা এবং সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া খুবই দুঃখজনক। এটি এফবিআইয়ের নিরপেক্ষতাকেই প্রশ্নবিদ্ধ করে।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার তদন্তে বিশেষ কৌঁসুলি রবার্ট মুয়েলারের সঙ্গে কিছুদিন কাজ করেছিলেন স্ট্রজক ও পেজ। এ সম্পর্কিত এফবিআই তদন্তের সঙ্গেও তাঁরা যুক্ত ছিলেন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই কর্মকর্তা নিজেদের মধ্যে এই খুদে বার্তা চালাচালি করেছেন এফবিআই থেকে দেওয়া ফোনের মাধ্যমে।
এ বিষয়ে এক বিবৃতিতে জেফ সেশন্স বলেন, ‘এই খুদে বার্তাগুলো কেন সংরক্ষণ হয়নি, তার তদন্তে আমরা সবকিছুই খতিয়ে দেখব। এই খুদে বার্তাগুলো খুঁজে পেতে সব ধরনের প্রযুক্তির সহায়তা আমরা নেব।’
এদিকে এফবিআই কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত এই অভিযোগের বিপরীতে পাল্টা বক্তব্য দিয়েছেন ডেমোক্র্যাট নেতারা। তাঁরা বলছেন, এখন যেই কর্মকর্তাদের বিরুদ্ধে রিপাবলিকানরা এক জোট হয়েছেন, এই কর্মকর্তারাই নির্বাচনের আগে আগে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ই-মেইল কেলেঙ্কারির অভিযোগ পুনঃতদন্তের ঘোষণা দিয়েছিলেন, যা আদতে ট্রাম্পের প্রচার শিবিরকেই সাহায্য করেছিল।
এ বিষয়ে মার্কিন প্রতিনিধি পরিষদের বিচার, গোয়েন্দা ও তদারকি কমিটির ডেমোক্র্যাট নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, ‘মুয়েলারের তদন্তে বেশ কিছু বিষয় উঠে এসেছে। এর মধ্যে দুজন দোষ স্বীকার করেছেন। দুটি অভিযোগ গঠন হয়েছে। এ ছাড়া অন্তত দুটি সাক্ষী খুঁজে পাওয়া গেছে। এই অবস্থায় রিপাবলিকানদের তদন্ত সংস্থার ওপর এমন আক্রমণ তদন্তে ব্যাঘাতেরই শামিল।’
প্রসঙ্গত, ১৯ জানুয়ারি প্রথম স্ট্রজক ও পেজের মধ্যে ২০১৫-২০১৭ সময়ের মধ্যে আদান-প্রদান হওয়া খুদে বার্তার বিবরণ চায় ছয়টি কংগ্রেসনাল কমিটি। এ দিনই তারা জানতে পারে যে বিশেষ এই খুদে বার্তাগুলোর কোনো স্টোরেজ এফবিআইয়ের কাছে নেই। বিষয়টি এর আগে বিচার বিভাগের তদন্তকারীদের চোখ এড়িয়ে গিয়েছিল। তবে এমন খুদে বার্তার বিষয়টি বিচার বিভাগের নিযুক্ত মহাপরিদর্শক জানতেন। সে সময় স্ট্রজক ও পেজ মুয়েলারের তদন্ত দলে ছিলেন। বিষয়টি মুয়েলারকে জানালে তিনি তৎক্ষণাৎ এই দুজনকে তদন্ত দল থেকে বাদ দেন।