তিন কট্টরপন্থীকে সরকারে নিলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন কট্টরপন্থীকে তাঁর হবু প্রশাসনের গুরুত্বপূর্ণ তিনটি পদে নিয়োগের ঘোষণা দিয়েছেন। বেফাঁস মন্তব্য করে বিতর্কিত ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিন হচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আর আলাবামার সিনেটর জেফ সেসনসকে করা হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং কানসাসের কংগ্রেসম্যান মাইক পম্পেও হবেন সিআইয়ের পরিচালক।
ইরাকে মার্কিন অভিযানের কট্টর সমর্থক ও অভিবাসনবিরোধী হিসেবে পরিচিত সেসনস। এর আগে সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাঁর নাম বলাবলি হচ্ছিল, আর অ্যাটর্নি জেনারেল পদে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী রুডি জুলিয়ানির নাম শোনা গিয়েছিল।
কংগ্রেসম্যান পম্পেও প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তির ঘোরতর বিরোধী হিসেবে পরিচিত।
ট্রাম্পের দলের পক্ষ থেকে গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, তিনজনই ট্রাম্পের সরকারে থাকার বিষয়টি অনুমোদন করেছেন।
মাইকেল ফ্লিন ওবামা সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পরিচালকের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তাঁকে ওই পদ থেকে বরখাস্ত করা হয়। হোয়াইট হাউসের কর্মকর্তাদের ভাষ্য, খামখেয়ালি কার্যকলাপের জন্য তাঁকে সরিয়ে দেওয়া হয়।
ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় ফ্লিন হিলারির প্রতি আক্রমণাত্মক ভাষায় টুইট করতেন। ওই সময় ইহুদিদের নিয়ে বিরূপ মন্তব্যসংবলিত আরেকজনের একটি টুইট শেয়ার করে তিনি সমালোচিত হন। পরে তিনি ক্ষমা চান। প্রচারণার সময় ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে যাঁদের দেখা গেছে, ৫৭ বছর বয়সী ফ্লিন তাঁদের অন্যতম।
এর আগে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান রেইন্স প্রিবাসের নাম ঘোষিত হয়।
ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন বোল্টন, অর্থমন্ত্রী হিসেবে স্টিভেন মিউচিন, প্রধান কৌশলবিদ হিসেবে স্টিফেন ব্যানন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে কেলিয়ানি কনওয়ের নাম শোনা গেছে।