দুই ছিনতাইকারীকে পুলিশে দিল বাংলাদেশি ক্যাবিরা

সংঘবদ্ধ ছিনতাইকারীদের ধাওয়া করে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছেন বাংলাদেশি ট্যাক্সিক্যাব চালকেরা। শুধু তাই নয়, দুই দুর্বৃত্তকে ধরে পুলিশে দিয়েছেন তাঁরা। ২৫ জুলাই গভীর রাত ৩টার দিকে নিউইয়র্ক নগরের ম্যানহাটনের লেক্সিংটন অ্যাভিনিউ এবং ২৮ স্ট্রিটে এই ঘটনা ঘটে। এলাকাবাসীসহ ভিনদেশি পথচারীরাও বিশ্রামরত চালকদের এ ভূমিকার প্রশংসা করেছেন ।
উবার চালক আমিনুর রহমান রাজ বলেন, পাঁচ তরুণীসহ ১০/১২ জন তরুণের দল মধ্যরাতে রাস্তায় নামে। তারা ট্যাক্সিক্যাব চালকসহ পথচারীদের ফোন, নগদ অর্থ ছিনতাই করে। নির্জন স্থানে তারা ওত পেতে ছিল। ২৫ জুলাই তাদের কবলে পড়েন ইয়েলো ট্যাক্সিক্যাব চালক আহসান হাবিব (৪৪)। থার্ড অ্যাভিনিউ ও ২৮ স্ট্রিটে তাকে এক তরুণ বেশ জোরে ধাক্কা দেয়। রাস্তায় পড়ে কিছুটা আহত হলেও নিজেকে সামলে নিয়ে পার্শ্ববর্তী ক্বারি অ্যান্ড হারি রেস্টুরেন্টের দিকে দৌড় দেন তিনি। সেখানে ২০/২৫ জন ট্যাক্সিক্যাব চালক আড্ডা দিচ্ছিলেন। আহসানের কাছে সবকিছু শুনে তারা সংঘবদ্ধ হয়। এক ছিনতাইকারী আহসানের পিছু নিলে প্রথমে তাকে পাকড়াও করা হয়। এরপর আরও কয়েকজন ছিনতাইকারী তেড়ে আসে ওকে ছাড়িয়ে নিতে। কিন্তু ট্যাক্সিক্যাব চালকেরা অনমনীয়। একপর্যায়ে আরেকজনকে জাপটে ধরেন বাংলাদেশি ক্যাবচালকেরা। এরই মধ্যে ফোন করা হয় ৯১১-এ।
পুলিশ আসার আগেই সব ক্যাবচালক মিলে ছিনতাইকারী-দুর্বৃত্তদের ধাওয়া করেন। এ অবস্থায় এলাকার বাসিন্দারাও বাড়ি/অ্যাপার্টমেন্ট থেকে বের হন। শত শত মানুষের উপস্থিতিতে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তবে দুজনকে ধরতে সক্ষম হন ক্যাবচালকেরা। পুলিশ ঘটনাস্থলে আসলে ক্যাবচালকসহ স্থানীয়েরা দুজনকে ছিনতাকারী দলের সদস্য হিসেবে শনাক্ত করে। স্থানীয়েরা পুলিশকে বলেন, গভীর রাতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র রাস্তায় নেমে ছিনতাই করে। এ সময় নিকটস্থ সাবওয়ে থেকে আসা এমটিএর একজন নারী কর্মীও পুলিশকে অভিযোগ করেন, তার বুথেও ছিনতাইয়ের চেষ্টা করেছিল এই দুর্বৃত্তরা। আরেকজনের ফোন ছিনতাই করেছিল। আটক দুজনের কাছ থেকে সেই মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাদরে হাতকড়া পরিয়ে পুলিশ নিয়ে যায়।
আমিনুর রহমান আরও বলেন, স্প্যানিশ ও কৃষ্ণাঙ্গরা সংঘবদ্ধ হয়ে ছিনতাই করে। এই এলাকায় বেশ কয়েক সপ্তাহ ধরে এমন ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এবার সংঘবদ্ধভাবে রুখে দাঁড়ানোয় ওদের প্রতিহত করা সম্ভব হয়েছে। সর্বশেষ খবরে জানা গেছে, ক্যাবচালকদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়া দুই দুর্বৃত্তের মাধ্যমে অন্যদের গ্রেপ্তারের চেষ্টা করছে নিউইয়র্কের পুলিশ। লেক্সিংটন অ্যাভিনিউ ও ২৮ স্ট্রিট এলাকার রেস্টুরেন্টগুলো হচ্ছে বাংলাদেশি ট্যাক্সিক্যাব চালকদের আড্ডার অন্যতম স্থান। পরিশ্রান্ত চালকেরা জড়ো হয়ে কিছুক্ষণের জন্য সেখানে আড্ডা দেন অথবা ফোনে স্বজনের খোঁজ-খবর নেন। মধ্যরাতে বাংলাদেশি ট্যাক্সিক্যাব চালকদের এই সাহসিকতার প্রত্যক্ষদর্শী বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা জামান তপন বলেন, দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তাৎক্ষণিক এই বুদ্ধিমত্তাকে জাগ্রত রাখতে হবে সব সময়। কারণ, দুর্বৃত্তরা দুর্বল ভেবেই টার্গেট করে। আক্রান্ত ক্যাবচালক অথবা পথচারীর পাশে দাঁড়ালে ছিনতাইকারীরাও ঘাবড়ে যাবে। এর মাধ্যমে অনেক অঘটন থেকে পরিত্রাণ পাওয়া যাবে।