দুই পদ্ধতির শিক্ষা নিয়ে সংশয়ে শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেপ্টেম্বর থেকে নিউইয়র্ক নগরের স্কুলগুলোতে রিমোট ও ব্লেনডেড লার্নিং—এই দুই পদ্ধতির মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। রিমোট লার্নিং বা দূর শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীরা প্রযুক্তির মাধ্যমে শিক্ষা গ্রহণ করবেন। আর ব্লেনডেড লার্নিং পদ্ধতিতে শিক্ষার্থীরা দিনগুলো ভাগ করে নেবেন। ফলে শিক্ষকদের সপ্তাহের পুরোটাই থাকতে হবে শ্রেণিকক্ষে। তাঁদের একই সঙ্গে দুই পদ্ধতি পরিচালনা করতে হবে। পুরো বিষয়টি নিয়ে শঙ্কায় রয়েছেন স্কুল অধ্যক্ষ ও শিক্ষকেরা। এ ব্যাপারে ডব্লিউএনওয়াইসির দ্য ব্রায়ান লেহর শোতে থমাস এ এডিসন ক্যারিয়ার অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন হাইস্কুলের অধ্যক্ষ মোসেস অযেডা বলেন, ‘আপনি জানেন, শিক্ষকেরা একই সঙ্গে দুটি স্থানে থাকতে পারবেন না।’

নতুন দুটি শিক্ষণ পদ্ধতির মধ্যে শিক্ষকেরা রিমোট লার্নিংয়ে ইতিমধ্যেই পারদর্শিতা দেখিয়েছেন। কিন্তু ব্লেনডেড লার্নিংয়ের বিষয়টি জটিল। ব্লেনডেড লার্নিংয়ে শিক্ষার্থীরা সপ্তাহে এক থেকে তিন দিন শ্রেণিকক্ষে উপস্থিত হবে। বাকি সময় তারা থাকবে রিমোট লার্নিংয়ে। প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের দুটি দলে বিভক্ত করা হয়েছে। প্রথম দল ক্লাসে যোগ দিলে দ্বিতীয় দল থাকবে দূরশিক্ষণ কার্যক্রমে। আবার দ্বিতীয় দল ক্লাসে যোগ দিলে প্রথম দল দূরশিক্ষণে থাকবে। ফলে একজন শিক্ষক কী করে একই সঙ্গে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ও অনলাইনে পাঠদান করবেন, তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ ক্ষেত্রে ভিন্ন কোনো পন্থা অবলম্বন করা হবে, নাকি অন্য শিক্ষকেরাও এতে সম্মিলিতভাবে জড়িত থাকবেন, সে সম্পর্কে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি। একই মনোভাব শিক্ষার্থীদেরও। অনেক শিক্ষার্থীই ভাবছেন, একসঙ্গে দুটি শিক্ষণ পদ্ধতি চালানো কঠিন হবে। যেমন, রিমোট লার্নিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য কোনো জীববিজ্ঞানের শিক্ষক নেই। বা গণিতের কোনো শিক্ষককে হয়তো ব্যক্তিগত সহায়তার জন্য ক্লাসে পাওয়া গেল না, বা কোনো একটি বিশেষ শ্রেণির জন্য শিক্ষক খুঁজে পাওয়া গেল না, সে ক্ষেত্রে তাঁদের শূন্যস্থানটি কীভাবে পূরণ করা হবে—তা স্পষ্ট নয়। আর এমনটি হলে এই শিক্ষা পদ্ধতি কতটা সুফল দেবে?

অধ্যক্ষ চাইলে শিক্ষকের শূন্যস্থান পূরণে সাব-শিক্ষককে বিকল্প হিসেবে আনতে পারেন। তবে এ ক্ষেত্রে আর্থিক বিষয়টি নতুন চিন্তার কারণ হবে। একই সঙ্গে এটি শিক্ষার্থীদের নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার দাবিও তুলবে। বিশেষ করে, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিষয়টি খুব কঠিন হয়ে যাবে বলে মনে করছেন শিক্ষকেরা।

শিক্ষকদের মতে, ছয় ফুট শারীরিক দূরত্ব মেনে মাস্ক ব্যবহার করে শিক্ষা কার্যক্রম চালানো হলো। কিন্তু কোনো শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কী হবে, তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষকেরা। বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন বাচ্চাদের সঙ্গে শিক্ষক, কাউন্সেলর, ওটি-পিটি, স্পিচ থেরাপিস্টদের শারীরিক সংস্পর্শ খুব বেশি গুরুত্বপূর্ণ। তাদের আবেগ অনুভূতিকে সম্মান জানাতে বা ক্ষোভ, উত্তেজনা ভালোবাসার মাধ্যমে নিয়ন্ত্রণ করতেও শারীরিক সংস্পর্শ দরকার হয়। সে ক্ষেত্রে শিক্ষকদের কী করা উচিত, তা নিয়েও কোনো নির্দেশনা নেই। এ নিয়ে হতাশা দেখা দিয়েছে শিক্ষকদের মধ্যে। একজন শিক্ষার্থীকে সামাজিকীকরণ করা কতটা দরকার এবং কীভাবে করা দরকার, তা একজন শিক্ষকই ভালো জানেন। সে ক্ষেত্রে রিমোট ও ব্লেনডেড লার্নিং পদ্ধতিতে শিক্ষার্থীরা কতটা উপকৃত হবে, তা অনিশ্চিত।

এ ব্যাপারে অ্যাপ্লাইড মিডিয়ার সাউথ ব্রঙ্কস একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ রোশন অল্ট লি বলেন, ‘আমরা যদি স্কুল শুরু করতে বিলম্ব করি এবং কৌশলগতভাবে পরিকল্পনা করে সব চ্যালেঞ্জ সমাধানের জন্য সক্ষম হয়ে উঠি, তবে তা সবার জন্যই মঙ্গল হবে।’

বহিরাঙ্গন শিক্ষার পরিকল্পনা

নিউইয়র্ক সিটির মেয়র ডি ব্লাজিও নগরের স্কুলগুলোর বহিরাঙ্গন শিক্ষার একটি নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন। নতুন এই পরিকল্পনায় রয়েছে, স্কুল প্রিন্সিপালরা বিদ্যালয়ের আঙিনায় শ্রেণিকক্ষগুলো স্থাপন করতে পারবেন। ‌নগরের পার্ক ও স্কুল সংলগ্ন রাস্তাগুলোর মতো অতিরিক্ত স্থানও ব্যবহারের জন্য প্রিন্সিপালরা অনুরোধ করতে পারবেন।

এ ব্যাপারে ডি ব্লাজিও বলেন, ‘আমরা স্কুলগুলোকে শ্রেণিকক্ষের বিকল্প হিসেবে যতটা সম্ভব বাইরের স্থান ব্যবহার করতে দিতে চাই।’

নতুন বহিরাঙ্গন শিক্ষার পরিকল্পনাটিতে পাবলিক স্কুল, চার্টার ও ধর্মীয় স্কুলসহ সব বিদ্যালয়ে একই শিক্ষার মান প্রয়োগ করা হবে। করোনায় প্রভাবিত ২৭টি অঞ্চল এবং আশপাশের স্কুলগুলোতে বহিরাঙ্গন শিক্ষার অগ্রাধিকার দেওয়া হবে।

নতুন এই পরিকল্পনার ব্যাপারে ডিপার্টমেন্ট অফ এডুকেশনের চ্যান্সেলর রিচার্ড ক্যারানজা বলেন, নতুন এই পরিকল্পনা নিরাপদ ও সুরক্ষিত কিনা, সে বিষয়ে তারা ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট, এনওয়াইপিডি, এফডিএনওয়াই এবং পার্ক ডিপার্টমেন্টসহ অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করবেন। ক্যারানজা বলেন, স্কুল প্রিন্সিপালরা যদি ২৮ আগস্টের মধ্যে কোন পরিকল্পনা জমা দেন, তবে ৪ সেপ্টেম্বরের মধ্যে সেটার উত্তর পেয়ে যাবেন।