দুই বছরে ১১৫ পাউন্ড ওজন হ্রাস
দুই বছর আগেও মাইকেল ওয়াটসন ছিল বিশালকায় ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা ৩৩৫ পাউন্ড ওজনের এক কিশোর। শরীরের বাড়তি এ ওজনের জন্য হেনস্তার শিকার হতে হতো তাকে। তার বন্ধু কিংবা পরিচিতরা তাকে নিয়ে হাসাহাসি করত। নিজের স্থূল দেহ নিয়ে সংকোচে থাকতে হতো মাইকেলকে। কিন্তু একদিন এক বন্ধুর করা তিরস্কার পাল্টে দিল সবকিছু। মাইকেল তার শরীরের ব্যাপারে মনোযোগী হয়ে উঠল। দুই বছর পর তারই ফল পাচ্ছে এখন মাইকেল।
মাইকেল এই দুই বছর সময়ের মধ্যে কোনো বিশেষ পুষ্টিবিদ বা কোনো কঠিন ব্যায়ামবিদের পরামর্শের পেছনে ছোটাছুটি করেনি। মাইকেল যা করেছে, তা হলো নিজের লক্ষ্যের প্রতি মনোযোগী থাকা এবং সেই মতো নিজের নির্ধারিত পথে একমনে এগিয়ে যাওয়া। দুই বছর খাদ্যাভ্যাসে আনা পরিবর্তন ঠিকঠাক মেনে চলে এবং নিয়মিত স্কুলে হেঁটে যাতায়াত করেই মাইকেল তাঁর ওজন ১১৫ পাউন্ড কমিয়েছে।
‘আগে আমার আত্মবিশ্বাস শূন্যতে ছিল’ সদ্য ১৮ বছরে পা দেওয়া তরুণ মাইকেল ওয়াটসন সিএনএনকে জানাল, ‘একদিন এক সহপাঠী বলল, “দেখ তোমার চিবুকে কী লেগে আছে।” ওয়াটসন চিবুক ঘষতেই ছেলেটি তাকে বলল, “না, তোমার ঝুলে পড়া তৃতীয় চিবুকে, একেবারে নিচে।” এই রসিকতা আমাকে সত্যিই আঘাত করেছিল।’
তারপর থেকেই মাইকেল ওয়াটসন কঠোর একটি ব্রত হাতে নিল। সে ঠিক করল, এখন থেকে প্রতিদিনই সে স্কুলবাসে না গিয়ে হেঁটে আসা-যাওয়া করবে। এ ছাড়া সে তার খাদ্যতালিকায় বেশ খানিকটা পরিবর্তন আনল। স্কুলে যাওয়া-আসায় ২০ মিনিট করে দিনে ৪০ মিনিট সে হাঁটতে লাগল। এমনকি ঝড়, বৃষ্টি, ঠান্ডা বা তুষারপাতের মতো বৈরী আবহাওয়াও তার এই পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেনি। এমনকি একটা সময় মাইকেল স্কুলবাসের সময়ও ভুলে গেল।
বৃষ্টিবাদলা বা তুষারপাতের দিনগুলোতে লোকেরা যখন মাইকেলকে রাস্তায় দেখত, তখন অনেকেই তাকে লিফট দিতে চাইত। কিন্তু মাইকেল তা নিতে অস্বীকার করত। হাঁটার পাশাপাশি সে তার ডায়েটিংয়ে অঙ্গীকারবদ্ধ ছিল। বিশেষত যখন সে তার আফটার স্কুল প্রোগ্রামে একটি ফাস্ট-ফুড রেস্টুরেন্টে কাজ শুরু করেছিল, তখন মুখরোচক খাবার থেকে সে নিজেকে দূরে রাখার চেষ্টা করত। সে গর্বিত ভঙ্গিতে জানাল, এভাবেই গত দুই বছরে সে ৩৩৫ পাউন্ড থেকে ১১৫ পাউন্ড কমিয়ে সুদর্শন এক তরুণে পরিণত হয়েছে। সে এখন নিজের ওপর আস্থা ফিরে পেয়েছে। অথচ এই কিশোর বয়ঃসন্ধিকালের বেশির ভাগ সময় বেশি ওজন নিয়ে বিব্রত অবস্থায় কাটিয়েছে। সে বলল, ‘আমি যা জানতাম, তার সবই ছিল একলা হওয়ার অনুভূতি।’
স্নাতক পর্যায়ের প্রশিক্ষক ও পরামর্শক টেরেন্স জোন্স বলেন, ওয়াটসনের গল্প এখন স্কুলের অন্যদের অনুপ্রাণিত করার জন্য ব্যবহার করা হচ্ছে। এটি একটি সাহসী পদক্ষেপ সন্দেহ নেই।
মাইকেল এখন তার স্কুলের বৃত্তিমূলক রন্ধনশিল্প প্রোগ্রামে পড়াশোনা করছে। তার স্নাতকোত্তর পর্ব শেষ হলে সে একটি স্থায়ী চাকরি নেওয়ার পরিকল্পনা করেছে। গত বছর থেকে সে একটি ড্রামাস্কুলে কোর্স শুরু করেছে। ভবিষ্যতে মাইকেল ওয়াটসন একজন অভিনেতা হতে চায়।