দুই বছরেই অনন্য উচ্চতায় রিজ চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিজ চৌধুরী ও ড্যানিয়েল রদ্রিগেজ
রিজ চৌধুরী ও ড্যানিয়েল রদ্রিগেজ

বিশ্বখ্যাত প্রতিষ্ঠান গুগলের ইউরোপীয় সদর দপ্তরে অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষক হিসেবে চাকরি পেয়েছিলেন। বেতনও ছিল লোভনীয়। কিন্তু সেখানে তাঁর মন টিকছিল না। পাঁচ বছর চাকরি করার পর গুগল ছেড়ে দেন। পরে আইরিশ কোম্পানি পপুলিসে বছর দুয়েক চাকরি করেন। কিন্তু সেখানেও তাঁর

মন বসছিল না। নিজেই কিছু একটা করার তাড়না অনুভব করছিলেন। নিজের ভেতরের সেই তাড়না থেকেই আয়ারল্যান্ড ছেড়ে চলে আসেন আমেরিকায়। শুরু করেন ব্যবসা। দুই বছরের মধ্যেই ঘুরে যায় ভাগ্যের চাকা। নিজেকে প্রতিষ্ঠিত করেন অন্য উচ্চতায়। তিনি বাংলাদেশের নাগরিক। নাম রিজ চৌধুরী।

দুই বছর আগে ২০১৭ সালে আমেরিকায় রিজ চৌধুরী গড়ে তোলেন আইঅ্যান্ডডি কনসিয়ার্স এলএলসি। তাঁর সঙ্গে কাজ করছেন বিদেশি পার্টনার ড্যানিয়েল রদ্রিগেজ। গুগলের সাবেক এই কর্মকর্তার ব্যবসা-প্রতিষ্ঠানে এখন কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১২৫ জন। গেল বছরে তিনি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ পে রোল দিয়েছেন এবং কর বিবরণীতে (১০৯৯) মার্কিন সরকারকে রিপোর্ট করেছেন কয়েক মিলিয়ন ডলার। তাঁর প্রতিষ্ঠানের মূল কাজ হচ্ছে বিভিন্ন দেশে বিমানের যাত্রীদের ভিভিআইপি ও ভিআইপি সেবা দেওয়া।

কক্সবাজার জেলার ব্যবসায়ী মো. মঈনউদ্দিন চৌধুরী-সাজেদা চৌধুরী দম্পতির ছোট ছেলে রিজ চৌধুরী ১৭ বছর বয়সে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চলে যান আয়ারল্যান্ডের ডাবলিনে। ২০০৭ সালে সেখানকার একটি কলেজ থেকে ফাইনান্সে মাস্টার্স করেন। ২০০৮ সালে গুগল ডাবলিন ইউরোপিয়ান হেড কোয়ার্টারে যোগ দেন। ২০১৩ সালে গুগলের চাকরি ছেড়ে পপুলিস কোম্পানিতে যোগ দেন। ২০১৫ সালে সেই চাকরি ছেড়ে চলে আসেন আমেরিকায়।

রিজ চৌধুরী বলেন, একবার প্রথম শ্রেণির টিকিট কেটে তিনি আয়ারল্যান্ড থেকে জেএফকে এয়ারপোর্টে আসেন। বিমানে তার পাশের আসনের যাত্রীকে ভিভিআইপি মর্যাদায় কয়েকজন লোক এয়ারপোর্ট থেকে নিয়ে যান। ওই যাত্রীর হাতের ডিভাইসগুলো সংরক্ষণ করেন তারা।

ভিআইপি লাইনে লাইন ছাড়াই ইমিগ্রেশন হয়ে যায় তার। অবাক বিস্ময়ে লোকটির দিকে চেয়ে থাকেন তিনি। পাশের যাত্রীর মর্যাদাপূর্ণ বিষয়টি দেখে অভিভূত হন। বিষয়টি সম্পর্কে খোঁজখবর শুরু করেন। অবশেষে জানতে পারেন, এটি একটি সার্ভিস। যে কেউ ইচ্ছে করলে টিকিটের সঙ্গে এই সেবা নিতে পারেন। তিনি এ নিয়ে পড়াশোনা ও গবেষণা শুরু করেন। এই ব্যবসার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকেন।

রিজ বলেন, ২০১৭ সালে গড়ে তোলেন আইঅ্যান্ডডি কনসিয়ার্স এলএলসি। তিনজন অংশীদার নিয়ে ব্যবসা শুরু করেন। প্রথম মাসে মাত্র দুজন কাস্টমার তাদের প্রতিষ্ঠানের সার্ভিস নেন। পরের মাস থেকে যাত্রী বাড়তে থাকে। দিন-রাত পরিশ্রম করে ব্যবসায় নিয়ে আসেন সাফল্য। বর্তমানে আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে আইঅ্যান্ডডি করপোরেশনের রয়েছে ১২০টি এজেন্সি। তাদের সেবা ও দক্ষতার কারণে ভিআইপিদের কাছে কোম্পানিটি এখন মর্যাদার আসনে প্রতিষ্ঠিত।

ব্যবসা শুরুর বছর খানিক পর রিজ চৌধুরীকে আর পেছনে তাকাতে হয়নি। নিউইয়র্কের কুইন্স বুলেবার্ডে বাংলাদেশ কনস্যুলেটের পাশে অফিসের জন্য চারতলা ভবন ভাড়া নেন। জেএফকে এয়ারপোর্টে টার্মিনাল-৪-এর ডাবলিনে তাদের অফিস রয়েছে। রিজ চৌধুরী বলেন, ‘এখন বছরে আমাদের রাজস্ব আয় ১০ মিলিয়ন ডলার। আমরা আশা করছি, ২০২১ সালের মধ্যে এই রাজস্ব আয় দ্বিগুন হবে।’

বিমান যাত্রীদের ভিভিআইপি সার্ভিস নিতে কেমন খরচ হয়—এমন প্রশ্নের জবাবে রিজ চৌধুরী বলেন, এটি সার্ভিসের ওপর নির্ভর করে। ৫ হাজার ডলার থেকে শুরু করে ২৫ হাজার ডলারের সার্ভিস রয়েছে। কেউ যদি টারমাক সার্ভিস নেয়, তবে তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যাত্রীকে বাসা থেকে নিজস্ব গাড়িতে তুলে নেবে, ইমিগ্রেশন ও এয়ারপোর্ট সার্ভিস দেওয়া হবে। হোটেলে পৌঁছে দেওয়া হবে। সেখান থেকে ফিরতি সার্ভিসও দেওয়া হবে। এতে যাত্রীর সময় বাঁচে ও তার ডিভাইসগুলো সুরক্ষিত থাকে।

এ পর্যন্ত ভিআইপি যাত্রীদের মধ্যে কারা ছিলেন এমন প্রশ্নে রিজ চৌধুরী বলেন, ‘আমাদের সব যাত্রীই ভিভিআইপি ও ভিআইপি। আমেরিকার সংগীত শিল্পী কার্ডিবি, ভিক্টোরিয়া সিক্রেট মডেল আর্দিয়ানা লিমা, রুশ বংশোদ্ভূত মডেল ইরিনা শেইখ, সুপারস্টার সংগীত শিল্পী জাস্টিন বিবার, সুপারহিট সংগীত শিল্পী লিটল ওয়েন, ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, শিল্পী আরিয়ানা গ্রান্ডে, ইংলিশ ফুটবল স্ট্রাইকার হ্যারি ক্যান, মডেল ও সংগীত শিল্পী কারা ডেলে বিঙ্গোনে, অভিনেত্রী ডেমি মুর, ফ্যাশন আইকন লুই বিতানের মালিক উইটনসহ শতাধিক সেলিব্রেটি আছেন সেবা গ্রহীতার তালিকায়।

কোন কোন এয়ারলাইনসের যাত্রীদের এসব সেবা দেওয়া হয় জানতে চাইলে রিজ চৌধুরী বলেন, ‘ডেলটা, আমেরিকান এয়ারলাইনস, ক্যাথে প্যাসেফিক, জেট ব্লু, ব্রিটিশ এয়ারওয়েজসহ বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে আমাদের কাজ চলছে। তবে কয়েকটি এয়ারলাইনসে তাদের নিজস্ব সেবা রয়েছে।’

রিজ চৌধুরী আরও বলেন, ‘আমেরিকার কোন বাংলাদেশি ট্রাভেল এজেন্সি, এজেন্ট বা ব্যক্তি যদি আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী হয়, আমরা অবশ্যই তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব। তাদের সঙ্গে বাণিজ্যিক চুক্তিও হতে পারে।’

অল্প দিনে ব্যবসার সাফল্য প্রসঙ্গে সাবেক এই গুগল কর্মকর্তা বলেন, কর্মঠ ও সততা থাকলে যে কেউ ব্যবসায় প্রতিষ্ঠিত হতে পারবে। তবে ভেবেচিন্তে বিনিয়োগ করার পরামর্শ দেন তিনি। নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি যে সাফল্য ক্ষেত্রে সাফল্য চান, তা পেতে হলে আপনাকে আগে তা নির্ধারণ করতে হবে। গুরুত্ব দিয়ে শুরু করতে হবে। সাফল্য কোন ইভেন্ট নয়, এটি একটি প্রক্রিয়া। কোন গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শেষ করতে আপনাকে প্রথমে শুরু করতে হবে। এটি সম্ভবত সাফল্যের কোনো সূচনা নাও হতে পারে। এটি কোনো নতুন ধারণা বা নতুন পথ বা কোন উপায়ের সূচনা হতে পারে।