দুই বিড়ালের জন্য ২৪ কোটি টাকা!

নিউইয়র্কের এক বাসিন্দা তাঁর দুই পোষা বিড়ালের জন্য তিন লাখ ডলার রেখে গেছেন। টাকার অঙ্কে যা প্রায় ২৪ কোটি টাকা। অ্যালেন ফ্রে-ওটারস নামের ওই নারী মৃত্যুর আগে এই অর্থ তাঁর পোষা দুই বিড়ালের জন্য উইল করেছেন। উইল বা ইচ্ছাপত্রে তিনি উল্লেখ করেছেন, বিড়াল দুটিকে কখনোই খাঁচায় বন্দী রাখা যাবে না।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ৮৮ বছর বয়সী অ্যালেন মোট ৩০ লাখ ডলার মূল্যের সম্পদের মালিক। তাঁর কোনো উত্তরাধিকারী নেই। তাঁর দুই পোষা বিড়ালের নাম ট্রয় ও টাইগার। এই দুই বিড়ালকে তিনি সন্তানের মতো দেখতেন। আর তাই দুই বিড়ালের ভবিষ্যতের কথা ভেবে তিন লাখ ডলার উইল করে গেছেন। এই অর্থ তিনি একটি ট্রাস্ট তহবিলে জমা রেখেছেন। তা দিয়ে বিড়াল দুটির সব ধরনের খরচ মেটানো হবে।
অ্যালেনের সাবেক দুই কর্মী এখন ট্রয় ও টাইগারের দেখাশোনা করছেন। এঁদের একজন ডালিয়া গ্রিজল বলেন, ‘বিড়াল দুটি অ্যালেনের সন্তানের মতো ছিল। আমি টাইগারের খেয়াল রাখছি। সেটি সত্যিই অসাধারণ।’
অ্যালেনের আইনজীবী আরউইন ফিংগেরিট জানিয়েছেন, এমন সিদ্ধান্তের বিষয়ে প্রাথমিকভাবে সন্দিহান ছিলেন তিনি। নিউইয়র্ক পোস্ট পত্রিকাকে তিনি বলেন, ‘আমি তাঁকে বলেছিলাম যে তিন লাখ ডলার প্রয়োজনীয় নয়। কিন্তু তিনি জোর করেছিলেন। অ্যালেন নিশ্চিত করতে চেয়েছিলেন যে তাঁর অবর্তমানে বিড়াল দুটি যেন যত্নে থাকে।’
উইলে উল্লেখ করা হয়েছে, বিড়াল দুটির মৃত্যুর পর ওই তিন লাখ ডলারের যা বাকি থাকবে, তা পাবেন অ্যালেনের বোন। আর বাদবাকি সম্পদ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান, তাঁর স্বাস্থ্য সহকারী ও আইনজীবীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।