বাড়িতে নিজের দুই ভাইকে গুলি করে মারার পর এক স্কুলে গিয়ে শিক্ষকসহ দুজনকে একইভাবে হত্যা করেছে কানাডার এক কিশোর। দেশটির পশ্চিমাঞ্চলীয় সাসক্যাচুয়ান প্রদেশে গত শুক্রবার এ ঘটনা ঘটে। পরে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।
সাসক্যাচুয়ানের ছোট শহর লা লোশে এ ঘটনা ঘটে। এএফপির খবরে বলা হয়, কর্তৃপক্ষ হামলাকারীর নাম-পরিচয় বা ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। হামলাস্থল বিদ্যালয়টির শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বেলা একটার দিকে ওই কিশোর বন্দুক নিয়ে চড়াও হয়। সে হঠাৎ বিদ্যালয় ভবনের ভেতরে গুলি শুরু করে। তাৎক্ষণিকভাবে বলা হয়, বন্দুকধারী কিশোর হয় ওই বিদ্যালয়েরই শিক্ষার্থী, না হয় আগে সেখানে পড়াশোনা করত। সব মিলিয়ে অন্তত ছয় থেকে সাতটি গুলির শব্দ শোনা গেছে।
রয়টার্সের খবরে বলা হয়, লা লোশের ভারপ্রাপ্ত মেয়র কেভিন জানভিয়ার বলেছেন, বিদ্যালয়ে গুলির ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে তাঁর মেয়ে মেরি জানভিয়ার (২৩) রয়েছেন। তিনি বিদ্যালয়টিতে শিক্ষকতা করতেন। এ ছাড়া পুলিশের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, হামলাকারী বাড়িতে নিজের দুই ভাইকে গুলি করে হত্যার পরই বিদ্যালয়ে গিয়ে ওই ঘটনা ঘটিয়েছে। সন্দেহভাজন হামলাকারী কিশোরের পরিবারের একজন বন্ধুও বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলন করে কানাডার পুলিশ জানায়, গুলির ঘটনায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকজন। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের মুখপাত্র মরিন লেভি সাংবাদিকদের বলেন, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিন হাজার জনসংখ্যা-অধ্যুষিত ছোট শহর লা লোশ গভীর বনাঞ্চলে অবস্থিত। এলাকাটি এতটাই প্রত্যন্ত যে হতাহত ব্যক্তিদের হাসপাতালে নিতে কর্তৃপক্ষকে ভিন্ন স্থান থেকে পুলিশ ও মেডিকেল হেলিকপ্টার পাঠাতে হয়।
প্রতিবেশী যুক্তরাষ্ট্রে হরহামেশা স্কুলসহ বিভিন্ন স্থানে গুলিতে হতাহতের ঘটনা ঘটে। কিন্তু কানাডায় এ ধরনের ঘটনা বিরল। এর আগে ১৯৮৯ সালের ৬ ডিসেম্বর মন্ট্রিয়ল শহরের একটি পলিটেকনিক স্কুলে একজন বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছিল ১৪ জন। আর ১৯৯২ সালে একই শহরের এক বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত হয়েছিল চারজন।