দুই মহামারিজয়ী এক নারীর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যারিলি শাপিরো
ম্যারিলি শাপিরো

ম্যারিলি শাপিরো আশার বয়স ১০৭ বছর। ‘দুই’ শব্দটা তাঁর জীবনে যেন আঠার মতো লেগে আছে। দুই স্বামী, দুই সন্তান। এখন তিনি দেখলেন দুই মহামারি। শুধু দেখলেনই না, রীতিমতো যুদ্ধ করে জয় করলেন। স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন তিনি। ওই ফ্লুকে জয় করেছিলেন। এর ঠিক ১০০ বছর পর ধরিত্রীতে হানা দেওয়া আরেক মহামারি করোনাভাইরাসকেও পরাস্ত করলেন।

ম্যারিলি শাপিরো যুক্তরাষ্ট্রের নাগরিক। থাকেন রাজধানী ওয়াশিংটন ডিসিতে। তিনি একজন চিত্রশিল্পী। ১৯১৮ সালে পুরো বিশ্বে যখন স্প্যানিশ ফ্লু ছড়িয়ে পড়ে, তখন তাঁর বয়স ছিল মাত্র ৬ বছর। প্রাণঘাতী ইনফ্লুয়েঞ্জা প্রজাতির ওই ফ্লুতে তখন তিনি আক্রান্ত হন। ওই মহামারিতে অন্তত ৫ কোটি মানুষ মারা গেলেও বেঁচে যান তিনি।

গত বছরের শেষের দিকে চীন থেকে প্রথম ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে। এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন প্রায় ৭৫ হাজার মানুষ। করোনায় আক্রান্ত ম্যারিলি শাপিরোকে গত এপ্রিলের মাঝামাঝি সময়ে ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর মেয়ে জোয়ান শাপিরোকে ফোন করে চিকিৎসক জানান, তাঁর মায়ের অবস্থা খুবই খারাপ। তিনি হয়তো বড়জোর আর ১২ ঘণ্টা বাঁচবেন। কিন্তু তখনো চিকিৎসকেরা জানতেন না, ১০৭ বছর বয়সী ম্যারিলি আরও একটা মহামারি জয় করেই টিকে আছেন।

জোয়ান শাপিরো বলেন, ‘আমার মায়ের বিষয়টি তিনি (চিকিৎসক) তখনো জানতেন না। পরে বিষয়টি আমরাই তাঁর কাছে খুলে বলি।’

ম্যারিলি শাপিরো একজন যোদ্ধা বললে ভুল হবে। তিনি নানা গুণের গুণবতীও। ছবি আঁকা ছাড়াও তিনি লেখালেখি, ছবি তোলা, ভাস্কর্য বানানো ও থেরাপিস্টের কাজ করেন সুনিপুণ দক্ষতায়। জীবনের এই পড়ন্ত বেলাতেও তাঁর তুলিতে রং চড়ানো থেমে থাকেননি। চলতি মাসেই তাঁর একটা বড় চিত্রশিল্প প্রদর্শনী হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সেই অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন তিনি।

মার্চের দিকে ম্যারিলি শাপিরো অসুস্থতা বোধ করেন। এপ্রিলে তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। পরে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর নিশ্চিত হন তিনি করোনাভাইরাসে আক্রান্ত। পাঁচ দিন হাসপাতালে ছিলেন। টানা অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়। চিকিৎসা চলাকালে তাঁর কোনো ভেন্টিলেটর সুবিধা লাগেনি।

মায়ের সুস্থ হওয়াকে অবিশ্বাস্য বলছেন তাঁর মেয়ে জোয়ান শাপিরো। তিনি বলেন, ‘আমি সবাইকে বলতে পারি, এটা অবিশ্বাস্য, অবিস্মরণীয়।’ শত প্রতিকূলতার মধ্যেও সামনে এগিয়ে যাওয়া, এটাই তাঁর মায়ের শিল্প বলে মন্তব্য করেন জোয়ান।

ম্যারিলি শাপিরোর জীবনীগ্রন্থ ড্যান্সিং ইন দ্য ওয়ান্ডার ফর ১০২ ইয়ারস লিখতে সাহায্য করছেন তাঁর চাচাতো বোন লিন্ডা হানসেল। তিনি বলেন, স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হওয়ার কথা খুব কমই মনে আছে ম্যারিলির। তারপরও ওই বইতে স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হওয়ার কিছু কথা তুলে ধরেছেন ম্যারিলি। সেই বইয়ের উদ্ধৃতি দিয়ে হানসেল বলেন, ‘তিনি (ম্যারিলি) সুস্থ হওয়ার পর সিঁড়ি দিয়ে বাড়ির নিচতলায় নেমে এলেন এবং দেখলেন তাঁর বাবা সকালের নাশতা করছেন। পরে তিনি পরিবারের সঙ্গে নাশতা করতে বসলেন।’

হানসেল বলেন, করোনা থেকে পুরোপুরি সুস্থ ম্যারিলি। তিনি এখনো নিয়মিত পত্রিকা, কলাম পড়েন।

বয়স শতবর্ষ পেরিয়ে গেলেও মনে ও মননে এখনো টগবগে তরুণ ম্যারিলি। তিনি আবারও চিত্রকর্মে ফিরতে চান। আরও আঁকতে চান সুন্দর এই পৃথিবীর রূপ।