দুই মাসের মধ্যে আবার করোনা শনাক্ত
যুক্তরাষ্ট্রে দুই মাসের কম সময়ের মধ্যে দ্বিতীয়বার করোনায় সংক্রমিত হয়েছেন নেভাদার ২৫ বছর বয়সী এক তরুণ। গবেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রে ওই তরুণই প্রথম, যিনি দুই মাসের কম সময়ের মধ্যে দ্বিতীয়বার করোনায় সংক্রমিত হয়েছেন।
নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, নেভাদার ওই তরুণ দুই মাসের কম সময়ের মধ্যে কোভিড-১৯ এর আলাদা দুটি জেনেটিক স্ট্রেইনে সংক্রমিত হয়েছিলেন। ওই তরুণকে নিয়ে করা একটি গবেষণা প্রতিবেদন মেডিকেল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত হয়েছে।
ইউনিভার্সিটি অব নেভাদার রেনো সেন্টার ফর বায়োইনফরমেটিকসের গবেষক রিচার্ড এল টিলেটের নেতৃত্বে এই গবেষণা দলে আরও ছিলেন জোয়েল আর সেভিনস্কি, পল ডি হার্টলে, হেদার কেরউইন, নাটালি ক্রোফোর্ড, অ্যান্ড্রু গরজালস্কি, ক্রিস লেভারডুর, সুভাষ সি ভার্মা, সাইপ্রিয়ান সি রোজেটো, ডেভিড জ্যাকসন, মেগান জে ফারেল, স্টেফানি ভান হুজার ও মার্ক পান্ডরি।
গবেষকেরা বলছেন, ওই তরুণের প্রথমবারের সংক্রমণের চেয়ে দ্বিতীয়বারের সংক্রমণ অনেক জটিল ছিল।
নেভাদার ওই তরুণের প্রথমবার গত ১৮ এপ্রিল করোনা শনাক্ত হয়। তখন তাঁর মাথা ব্যথা, কাশি, বমি ভাব ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিয়েছিল। করোনা শনাক্ত হওয়ার পর তিনি আইসোলেশন চলে যান। পরে ধীরে ধীরে তাঁর শরীরের উন্নতি হতে থাকে এবং উপসর্গ কমে যায়। এ অবস্থায় গত মে মাসে আরও দুই দফা পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ আসে। কিন্তু ওই মাসের শেষের দিকে অসুস্থতাবোধ করায় তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়।