দুই মাসের মধ্যে মার্কিন তরুণের আবার করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবার টেস্টের ফল নেগেটিভ আসলেই যে, শরীর সফলভাবে রোগ প্রতিরোধ করতে পেরেছে, তার কোনো নিশ্চয়তা নেই
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে দুই মাসের কম সময়ের মধ্যে দ্বিতীয়বার করোনায় সংক্রমিত হয়েছেন নেভাদা অঙ্গরাজ্যের ২৫ বছর বয়সী এক তরুণ। গবেষকদের দাবি, যুক্তরাষ্ট্রে ওই তরুণই প্রথম, যিনি দুই মাসের কম সময়ের মধ্যে দ্বিতীয়বার করোনায় সংক্রমিত হয়েছেন।

নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, নেভাদার ওই তরুণ দুই মাসের কম সময়ের মধ্যে কোভিড-১৯ এর আলাদা দুটি জেনেটিক স্ট্রেইনে সংক্রমিত হয়েছিলেন। ওই তরুণকে নিয়ে করা একটি গবেষণা প্রতিবেদন মেডিকেল জার্নাল 'দ্য ল্যানসেট'-এ প্রকাশিত হয়েছে।

ইউনিভার্সিটি অব নেভাদার রেনো সেন্টার ফর বায়োইনফরমেটিকসের গবেষক রিচার্ড এল টিলেটের নেতৃত্বে এই গবেষণা দলে আরও ছিলেন জোয়েল আর সেভিনস্কি, পল ডি হার্টলে, হেদার কেরউইন, নাটালি ক্রোফোর্ড, অ্যান্ড্রু গরজালস্কি, ক্রিস লেভারডুর, সুভাষ সি ভার্মা, সাইপ্রিয়ান সি রোজেটো, ডেভিড জ্যাকসন, মেগান জে ফারেল, স্টেফানি ভান হুজার ও মার্ক পান্ডরি।

নেভাদার ওই তরুণের প্রথমবার গত ১৮ এপ্রিল করোনা শনাক্ত হয়। এরপর মে মাসে আরও দুই দফা পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ আসে। কিন্তু ওই মাসের শেষের দিকে তাঁর আগের উপসর্গসহ জ্বর ও মাথা ঘোরানোর মতো উপসর্গ দেখা দেয়। আবার তাঁর করোনার পরীক্ষা করানো হলে গত ৫ জুন দ্বিতীয়বারের মতো সংক্রমণ শনাক্ত হয়

গবেষকেরা বলছেন, ওই তরুণের প্রথমবারের সংক্রমণের চেয়ে দ্বিতীয়বারের সংক্রমণ অনেক জটিল ছিল।

প্রতিবেদনে বলা হয়, নেভাদার ওই তরুণের প্রথমবার গত ১৮ এপ্রিল করোনা শনাক্ত হয়। তখন তাঁর মাথা ব্যথা, কাশি, বমি ভাব ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিয়েছিল। করোনা শনাক্ত হওয়ার পর তিনি আইসোলেশন চলে যান। পরে ধীরে ধীরে তাঁর শরীরের উন্নতি হতে থাকে এবং উপসর্গ কমে যায়। এ অবস্থায় গত মে মাসে আরও দুই দফা পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ আসে। কিন্তু ওই মাসের শেষের দিকে অসুস্থতাবোধ করায় তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়। তখন তাঁর আগের উপসর্গসহ জ্বর ও মাথা ঘোরানোর মতো উপসর্গ দেখা দেয়। আবার তাঁর করোনার পরীক্ষা করানো হলে গত ৫ জুন দ্বিতীয়বারের মতো তাঁর সংক্রমণ শনাক্ত হয়। তাঁর শ্বাসকষ্টসহ অক্সিজেনের মাত্রা কমে যেতে থাকে। পরে চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন।

প্রথমবার টেস্টের ফল নেগেটিভ আসলেই যে, শরীর সফলভাবে রোগ প্রতিরোধ করতে পেরেছে, তার কোনো নিশ্চয়তা নেই। তাই পরীক্ষায় করোনা শনাক্ত হোক বা না হোক, এই ভাইরাসের সংক্রমণ এড়াতে অবশ্যই সবাইকে বাড়তি সতর্কতা মেনে চলতে হবে

গবেষকেরা বলেন, প্রথম দফায় ওই তরুণের পর পর দুইবার করোনা পরীক্ষায় ফল নেগেটিভ এসেছিল। কিন্তু পরে আবার তিনি করোনায় সংক্রমিত হলেন। তাই প্রথমবার টেস্টের ফল নেগেটিভ আসলেই যে, শরীর সফলভাবে রোগ প্রতিরোধ করতে পেরেছে, তার কোনো নিশ্চয়তা নেই। তাই পরীক্ষায় করোনা শনাক্ত হোক বা না হোক, এই ভাইরাসের সংক্রমণ এড়াতে অবশ্যই সবাইকে বাড়তি সতর্কতা মেনে চলতে হবে।

প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় দফায় করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার তথ্য নিয়ে এর আগে হংকং, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ইকুয়েডরে গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।