দুই মেয়েকে গুলি করলেন মা, পুলিশের গুলিতে মায়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউসটনে এক মা তাঁর দুই মেয়েকে গুলি করেছেন। পরে পুলিশের গুলিতে মায়ের মৃত্যু হয়। একটি বার্তা সংস্থার বরাত দিয়ে আজ শনিবার দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য দেওয়া হয়। স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় এ ঘটনা ঘটে।
ফোর্ট বেন্ড কাউন্টির শেরিফ ট্রয় নেহলস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মা তাঁর দুই মেয়েকে গুলি করেছেন। তবে গুলি করার কারণ অনুসন্ধানে এখনো তদন্ত চলছে। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, মায়ের হাতে বন্দুক ধরা। গুলিবদ্ধ অবস্থায় পড়ে থাকা দুই মেয়ের একজনকে আবার গুলি করার জন্য মা উদ্যত হচ্ছেন। ওই সময় পুলিশ মাকে গুলি করে হত্যা করে।
খবরে জানানো হয়, পুলিশ মা ও দুই মেয়ে কারও পরিচয় প্রকাশ করেনি।