
উত্তর কোরিয়ার সঙ্গে বহুল আলোচিত বৈঠক হচ্ছে কি না, সে বিষয়ে সন্দেহ-সংশয় রয়েই গেছে। এর আগে ইরানের সঙ্গে হওয়া ছয়-দেশীয় পরমাণু চুক্তি থেকে সরে এসেছে আমেরিকা। এ অবস্থায় ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে পর্যালোচনা শুরু করেছেন। ইউএস নেভাল একাডেমিতে ২৫ মে দেওয়া বক্তব্যে এমন ইঙ্গিতই দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ২৯ মে দেওয়া আরেক বক্তব্যে উত্তর কোরীয় নেতার ঘনিষ্ঠ ও দেশটির ভাইস চেয়ারম্যান কিম ইয়ং কোলের আমেরিকা সফরের কথাও জানিয়েছেন তিনি।
সম্প্রতি আমেরিকা বেশ কিছু আগ্রাসী পররাষ্ট্রনৈতিক অবস্থান নিয়েছে। এর মধ্যে ইরানের বিষয়ে পদক্ষেপটি একেবারে স্পষ্ট। যদিও এ-সম্পর্কিত নিষেধাজ্ঞা নিয়েও রয়েছে নানা দোলাচল। তবে সবচেয়ে বেশি সংশয় ঘনিয়েছে উত্তর কোরিয়া ইস্যুতে। সম্প্রতি দেশটির নেতা কিম জং-উনের সঙ্গে বহুলকাঙ্ক্ষিত বৈঠক বাতিলের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই উত্তর কোরীয় নেতা আবার গোপনে সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার নেতা মুন জে-ইনের সঙ্গে, যিনি এই বৈঠকের ক্ষেত্র প্রস্তুতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। এর পরপরই ট্রাম্পের টুইটের বরাত দিয়ে সিএনএন জানাল, পিয়ংইয়ংয়ের উচ্চপর্যায়ের নেতা কিম ইয়ং কোলের আমেরিকা সফর এবং মাইক পম্পেওর সঙ্গে সম্ভাব্য বৈঠকের ক্ষেত্র প্রস্তুতে আলোচনায় বসার খবর। উত্তর কোরিয়া নিয়ে আমেরিকার কূটনৈতিক তৎপরতার দিক বারবার পরিবর্তিত হচ্ছে। এমনকি এর সঙ্গে ২৫ মে নেভাল একাডেমিতে দেওয়া ট্রাম্পের বক্তব্যকে বিবেচনায় নিলে সামরিক তৎপরতার বিষয়টিও সামনে আসে। অর্থাৎ দুই ক্ষেত্রেই প্রস্তুত থাকতে চাইছে ওয়াশিংটন। কিন্তু কূটনৈতিক তৎপরতা ভেস্তে গেলে উত্তর কোরিয়ার সঙ্গে আদৌ যুদ্ধ করার মতো শক্তি আমেরিকার আছে কি না, যেখানে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই একটি আগ্রাসী পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।
ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাতের বিষয়টি মাথায় রেখে ট্রাম্প সামরিক শক্তি বৃদ্ধিতে এ খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বলে উল্লেখ করা হয়েছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে। নেভাল একাডেমিতে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের সব ধরনের যুদ্ধাস্ত্রে শাণ দিত চাই। নৌবাহিনী থেকে শুরু করে যুদ্ধজাহাজ সবকিছুকেই আরও কার্যকর ও প্রাণঘাতী করে তোলা হবে। আমাদের সামরিক বাহিনী হবে সবচেয়ে শক্তিশালী, যা এযাবৎকালে কখনো ছিল না আমেরিকায়। আর কখনো এর কাছাকাছি শক্তি অর্জন সম্ভবও হবে না। এই সময় ছাড়া আর কখন আমাদের এই শক্তি বেশি প্রয়োজন হবে?’
প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস যে নতুন জাতীয় প্রতিরক্ষা কৌশলপত্র প্রকাশ করেছেন, সেখানে দুই পরাশক্তি চীন ও রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়ানোর জন্য প্রয়োজনীয় সামরিক সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে গুরুত্ব পেয়েছে আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় আমেরিকার সক্ষমতার বিষয়টিও। এ ক্ষেত্রে ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে বিবাদে জড়ানোটাকে সংকট হিসেবে দেখছে পেন্টাগন। তাদের দৃষ্টিতে, চীন ও রাশিয়াকে মোকাবিলা করা যখন সবচেয়ে বেশি জরুরি, তখন এই দুই আঞ্চলিক শক্তির সঙ্গে সৃষ্ট উত্তেজনা প্রশাসন ও সাধারণ মানুষের সব মনোযোগ কেড়ে নিয়েছে।
দুই যুদ্ধ একসঙ্গে লড়া নিয়ে পেন্টাগন এর আগেও হিসাব করেছে। তবে এ ধরনের হিসাব পেন্টাগনকে করতে হয়েছিল সেই স্নায়ুযুদ্ধকালে। সে সময় একই সঙ্গে দুটি পূর্ণ মাত্রার আঞ্চলিক যুদ্ধ লড়ায় মার্কিন সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে পেন্টাগনকে বহু হিসাব-নিকাশ করতে হয়েছে। কিন্তু এখন যেন সেই সময় আবার ফিরেছে।
অবশ্য পেন্টাগনের সাবেক বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা মনে করছেন, ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে একসঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো সম্ভাবনা তেমন নেই। আমেরিকা কূটনৈতিক পদক্ষেপ ও সর্বাত্মক যুদ্ধ এই দুইয়ের মধ্যবর্তী কৌশল নেবে বলেই মনে হচ্ছে। আর যদি শেষ পর্যন্ত তেমনটা হয়, তবে তা বৃহৎ পরিসরে মার্কিন সামরিক বাহিনীর শক্তির পরীক্ষা নেবে। এটা এমনকি মার্কিন সামরিক শক্তিকে প্রশ্নের মুখেও ঠেলে দিতে পারে।
পেন্টাগনের শীর্ষ কৌশলী ও পরিকল্পনাবিদদের মতে, ইরান ও উত্তর কোরিয়া উভয়ের সঙ্গে সরাসরি কোনো সংঘর্ষে জড়ানোটা রীতিমতো ভয়ংকর হবে আমেরিকার জন্য। এতে সংকটের মাত্রা ঠিক কতটা হবে, তা এখন পরিমাপ করাও সম্ভব নয়।
এ বিষয়ে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বারবার প্রশাসনকে সতর্ক করছেন। তাঁর মতে, কোরীয় উপসাগরীয় অঞ্চলে কোনো ধরনের সংঘাতে জড়ানোটাই ভীষণ বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করবে, কয়েক প্রজন্ম ধরে যার মুখোমুখি হয়নি মার্কিন সামরিক বাহিনী। আর এর সঙ্গে ইরানের সঙ্গেও যুদ্ধে জড়ালে পেন্টাগনের নেতৃত্ব ভয়াবহ কৌশলগত সংকটের পাশাপাশি যুদ্ধ উপকরণ ও সেনা সংকটেও ভুগবে।
সাবেক ক্লিনটন ও ওবামা প্রশাসনের সময়ে পেন্টাগনের শীর্ষ কৌশলী ও র্যান্ড করপোরেশনের জ্যেষ্ঠ গবেষক ডেভিড ওচমানেক ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘দুটি যুদ্ধই হবে খুব বিপর্যয়কর। (এমন হলে) শেষ পর্যন্ত অনেকে হয়তো আমেরিকা ও তার মিত্রদের জয় দেখতে চাইবে, কিন্তু মানবিক ও অন্যান্য দিক থেকে যে চরম মূল্য গুনতে হবে, তার কোনো হিসাব করা এই মুহূর্তে সম্ভব নয়।’
এ বিষয়ে পেন্টাগনের সাবেক কৌশলী ও জনস হপকিন্স স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের সহযোগী অধ্যাপক মারা কারলিন বলেন, ‘চীন ও রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য যথাযথ পরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে পেন্টাগন প্রস্তুত হোক, এমনটা চাইলে একই সময়ে ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাতে জড়ানোটা চরম ভুল।’
দুটি যুদ্ধের আশঙ্কাকে বিবেচনায় নিয়ে ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাত আমেরিকাকে স্থল ও আকাশপথে যুদ্ধের দিকে নিয়ে যাবে। এ ক্ষেত্রে দীর্ঘস্থায়ী স্থলযুদ্ধের প্রস্তুতি থাকতে হবে ওয়াশিংটনের। একই সঙ্গে যুদ্ধ-পরবর্তী উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থায় বদল এবং এর পুনর্গঠনের বিষয়টিও থাকতে হবে পরিকল্পনায়। অন্যদিকে, ইরানের সঙ্গে এমন কোনো পরিস্থিতিতে সবচেয়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে মার্কিন নৌ ও বিমানবাহিনীকে। এ ক্ষেত্রে আমেরিকার মূল লক্ষ্য হবে ইরানের পরমাণু স্থাপনাগুলো। দুই ক্ষেত্রেই মার্কিন ক্ষেপণাস্ত্রের শক্তিমত্তার পরীক্ষা নেবে দুই দেশই।
পেন্টাগনের সাবেক এক কর্মকর্তার ভাষ্যমতে, দুই দেশের সঙ্গে একসঙ্গে কোনো যুদ্ধে জড়ালে তা আমেরিকার গোয়েন্দা তৎপরতাকে সংকুচিত করার পাশাপাশি ড্রোনের মতো যুদ্ধ সরঞ্জামের ব্যবহারকেও চাপে ফেলবে। আমেরিকা বর্তমানে যেকোনো যুদ্ধে ড্রোনের ওপর বেশি নির্ভর করে। একই সঙ্গে দুটি যুদ্ধ লড়তে গেলে বিশেষ অভিযানের জন্য সংরক্ষিত বাহিনী, ইলেকট্রনিক যুদ্ধ-সরঞ্জাম, কৌশলগত সহযোগিতার জন্য রাখা বিমানবাহিনী—এসবই ভীষণ চাপের মুখে পড়বে। এ ছাড়া দুই যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ-সরঞ্জাম সময়মতো পৌঁছানোর বিষয়টিও সংকটের মুখে পড়বে।
ওবামা প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত আন্ডারসেক্রেটারি ব্রায়ান পি ম্যাককিওন ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘যেকোনো বিবেচনাতেই এই (সামরিক) বাহিনী ক্লান্ত। বহু প্রাণহানির পরও যুদ্ধক্ষেত্রে অবস্থান, সেনা ও যুদ্ধ-সরঞ্জামের ওপর পড়া দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে পুরো বাহিনীই এখন ক্লান্ত। এর সঙ্গে রয়েছে প্রয়োজনীয় প্রশিক্ষণের পর্যাপ্ত সুযোগের অভাব।’
এই অবস্থার কথা জানেন বলেই প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বরাবরই ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছেন। যদিও ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তাই সামরিক পদক্ষেপের কথা বলছেন।
ম্যাটিসের এই অবস্থানের কারণ হিসেবে তাঁর অভিজ্ঞতার কথা বলছেন ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো মাইকেল ও’হ্যানলন। তাঁর মতে, ম্যাটিস বেশ ভালো করেই জানেন যে পেন্টাগনের পরিকল্পনা যা-ই হোক না কেন, এ ধরনের কোনো সংঘাতের জন্য কতটা মূল্য গুনতে হবে আমেরিকাকে।