যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েলের অব্যাহত বসতি স্থাপনের নিন্দা করে গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব গৃহীত হয়েছে, যুক্তরাষ্ট্র তাতে বাধা দেয়নি। কারণ, দুই রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা অর্জনে এ ছাড়া ভিন্ন কোনো বিকল্প ছিল না। গতকাল বুধবার তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল গণতান্ত্রিক ও ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েল যাতে তার প্রতিবেশীদের সঙ্গে শান্তি ও নিরাপদে টিকে থাকতে পারে, তা নিশ্চিত করা। এই ভোট ছিল ইসরায়েল ও আমাদের স্বার্থে।’
প্রস্তাবটিতে ভেটো দিতে রাজি না হওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প ওবামা প্রশাসনের তীব্র নিন্দা করেছেন। কেরির ভাষণের ৯০ মিনিট আগেও এক টুইটার বার্তায় ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রতি ওবামা প্রশাসনের বৈরী আচরণের নিন্দা করেন।
জন কেরি তাঁর ভাষণে এসব সমালোচনা প্রত্যাখ্যান করে বলেন, ওবামা প্রশাসন তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে বর্জন করেছে, এ অভিযোগ সত্য নয়। তিনি বলেন, ইসরায়েলের জন্য ওবামা প্রশাসনের চেয়ে বেশি অন্য কোনো মার্কিন প্রশাসন করেনি।
কেরি তাঁর ভাষণে ইসরায়েল ও ফিলিস্তিন—পাশাপাশি দুই রাষ্ট্র গঠনের নীতি সমর্থন করে বলেন, বর্তমানের অবস্থা চলতে দেওয়া মানে একদিকে ফিলিস্তিনে ইসরায়েলি অধিকার অব্যাহত রাখা, অন্যদিকে দুই রাষ্ট্রের বদলে একটি রাষ্ট্র টিকে থাকতে দেওয়া। আরব জনসংখ্যা যে দ্রুতগতিতে বাড়ছে তাতে ইসরায়েলের পক্ষে একই সঙ্গে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকা অসম্ভব। কেরি অভিযোগ করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বসতি স্থাপনকারীদের অ্যাজেন্ডার ভিত্তিতে ইসরায়েলের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাইছেন।
তবে কেরির ভাষণের অল্পক্ষণের মধ্যেই এক বিবৃতিতে নেতানিয়াহু অভিযোগ করেন, কেরির এ বক্তব্য ইসরায়েলবিরোধী।