অভিবাসীদের জন্য আমেরিকার অন্যতম বন্ধুভাবাপন্ন অঙ্গরাজ্য হলো নিউইয়র্ক। আমেরিকার ২০১৯ সালের আদমশুমারির প্রতিবেদন অনুযায়ী, জনসংখ্যার দিক থেকে দেশের অন্যান্য অঙ্গরাজ্যের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে নিউইয়র্ক। বিশ্বের নানা
দেশের, নানা বর্ণের ও নানা জাতির মানুষ বসবাস করছে এই অঙ্গরাজ্যে। জনসংখ্যা বেশি হওয়ার কারণেই নিউইয়র্ক অঙ্গরাজ্যের ঘরবাড়ির দাম, বাসা ভাড়া, বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সম্পর্কিত ইস্যু অন্যতম আলোচনার বিষয়। বাড়িওয়ালা-ভাড়াটিয়া সম্পর্ক কখনো মধুর, আবার কখনো বিভিন্ন ঝামেলা আদালত পর্যন্ত গড়ায়। ২০১৯ সালের জুনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইন প্রণয়নকারীরা বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সম্পর্কিত আইন ঢেলে সাজানোর প্রস্তাব দেন। ধাপে ধাপে বিভিন্ন পরিবর্তন বাস্তবায়ন করা হয়, তার মধ্যে সর্বশেষ বিধান গত সপ্তাহ থেকে কার্যকর করা হয়েছে।
ভাড়াটিয়াদের ওপর বাড়িওয়ালা ও অ্যাপার্টমেন্ট ম্যানেজারের অযাচিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া থেকে নতুন আইন ভাড়াটিয়াদের সুরক্ষা দেবে যা ‘আবাসন স্থিতিশীলতা এবং ভাড়াটিয়া সুরক্ষা আইন ২০১৯’ নামে পরিচিত। ২০১৯ সালের ১৪ জুন নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনির আইনপ্রণেতারা এই আইন অনুমোদন দেন। গভর্নর কুমো ২৫ জুন এই আইনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এতে স্বাক্ষর দেন।
দিন দিন নিউইয়র্ক নগরের বাসা ভাড়া বেড়েই চলেছে। অনেকে অভিযোগ করেছেন, বাড়িওয়ালারা কোন আইনের তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছে মতো বাসা ভাড়া বাড়িয়ে দিচ্ছেন। আকাশচুম্বী বাসা ভাড়ার কারণে অনেকে নিউইয়র্ক নগর ছেড়ে গ্রামাঞ্চলে চলে যাচ্ছেন। নতুন করে কার্যকর করা এই আইনের একটি অংশ নিউইয়র্ক শহরের বাসা ভাড়া স্থিতিশীল করবে। শুধু নিউইয়র্ক শহর নয়, এর আশপাশের শহর ও অন্যান্য প্রশাসনিক বিভাগ (কাউন্টি) যেমন রকল্যান্ড, ওয়েস্টচেস্টার ও নাসাউসহ আপ স্টেটের অন্যান্য কাউন্টিও এই আইনের অন্তর্ভুক্ত হতে পারবে। নতুন প্রণীত আইন অনুযায়ী, বাসা ভাড়া আগের চেয়ে ৫ শতাংশ বাড়াতে হলে বাড়িওয়ালাকে ৩০ দিন আগে ভাড়াটিয়াকে নোটিশ দিয়ে জানিয়ে দিতে হবে।
বাসায় সংস্কার কাজ করার পর বছরে ২ শতাংশ হারে ভাড়া বাড়ানো যাবে। আগের নিয়ম অনুযায়ী, বাসা খালি হলে নতুন ভাড়াটিয়ার ক্ষেত্রে বাসা ভাড়া ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো যেত। কিন্তু বর্তমান আইন অনুযায়ী, বাড়িওয়ালা চাইলেই ভাড়া বাড়িয়ে দিতে পারবে না।
আদালতে প্রাথমিক শুনানিতে হেরে গেলে আগের আইন অনুযায়ী, ভাড়াটিয়াদের বাসা খালি করার জন্য মাত্র তিন দিন সময় দেওয়া হতো। কিন্তু নতুন আইন অনুযায়ী, ভাড়াটিয়ারা আদালতে শুনানি ১৪ দিন পর্যন্ত স্থগিত রাখতে পারবেন।
অসচ্ছলতার জন্য যেসব ভাড়াটিয়া স্থানীয় আদালত থেকে উচ্ছেদের নোটিশ পায়, তাদের জন্য নেইভারহুড লিগ্যাল সার্ভিস নামে একটি সংস্থা কাজ করে যাচ্ছে। সংস্থাটির বিশেষ আইনজীবী ক্যাটেলিন নেইডারমিয়ার বলেন, বাড়িওয়ালারা অযাচিতভাবেই বাসা ভাড়া বাড়িয়ে দিয়ে থাকেন। ভাড়াটিয়ারা এতে অসম্মতি দেখাতে গেলেই অনেকে বাসা খালি করে দেওয়ার হুমকি দেখান। আর তাই আদালতে শুনানির জন্য প্রস্তুত হওয়ার জন্য অনেকে পর্যাপ্ত সময় পান না।
নতুন এই আইনের অন্তর্ভুক্ত অন্যতম নীতির জন্য যারা একটি বাসায়/অ্যাপার্টমেন্টে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন, তারা লাভবান হবেন। বাড়িওয়ালা চাইলেই এসব ভাড়াটিয়াকে বাসা খালি করার নির্দেশ দিতে পারবেন না। যেসব ভাড়াটিয়া এক জায়গায় প্রায় এক বছরের বেশি সময় ধরে বসবাস করে আসছে, বাসা খালি করার জন্য বাড়িওয়ালা তাদের কমপক্ষে ৬০ দিন সময় দিতে হবে। আগের নীতি অনুযায়ী, এ সময়কাল ছিল প্রায় ৩০ দিন। যদি ভাড়াটিয়া দুই বছর যাবৎ বাস করে থাকে, সে ক্ষেত্রে বাসা খালি করার জন্য ভাড়াটিয়াদের ৯০ দিন সময় দিতে হবে।
আইনজীবী ক্যাটেলিন নেইডারমিয়ার বলেন, অনেকে কোন কোন অ্যাপার্টমেন্টে প্রায় ১৫ বছর ধরে বাস করে থাকে, সে ক্ষেত্রে তাদের জন্য মাত্র ৩০ দিন সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সব ফাইল, সনদপত্রসহ জিনিসপত্র সরিয়ে নেওয়ার সময় ছিল যা খুবই অপর্যাপ্ত।