
আমেরিকা ও মেক্সিকোর মধ্যকার নদী রিও গ্র্যান্ডে ভেসে যাওয়া বাংলাদেশি দুই তরুণ মাইনুল হাসান হৃদয় ও শাহাদাত হোসেন নাইমের মৃতদেহ দেশে পাঠানো নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। মাইনুলের পরিবার দ্রুত তাঁর মৃত দেহ দেশে ফেরত নিতে চায়। তবে তাঁর মায়ের ডিএনএ টেস্টের প্রতিবেদন ছাড়া, মৃতদেহ হস্তান্তর করতে রাজি নয় আমেরিকার সীমান্ত পুলিশ কর্তৃপক্ষ।
অন্যদিকে, শাহাদাতের মৃতদেহের সঙ্গে মেক্সিকো পুলিশের কাছে দেওয়া
আঙুলের ছাপ মিলে গেছে। ফলে তাঁর মৃতদেহ হস্তান্তরে কর্তৃপক্ষ রাজি। তবে নাইমের পরিবার মৃতদেহ ফেরত নিতে গড়িমসি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে মাইনুল ও শাহাদাতের সঙ্গে আরও দুই বাংলাদেশি ছিল বলে খবর পাওয়া গেছে। তারা এখন আটক কেন্দ্রে আছে।
ধারণা করা হচ্ছে, মাইনুল ও শাহাদাত দালাল চক্রের মাধ্যমে আমেরিকায় আসার জন্য পাড়ি জমিয়েছিলেন। এই চক্র ইতিমধ্যে আরও অনেক পরিবারের কাছ থেকে অর্থ নিয়েছে। দুই তরুণের মৃত্যুর সংবাদ প্রচারে তাদের ব্যবসার ক্ষতি হতে পারে বলে তারা মাইনুল ও শাহাদাতের পরিবারকে বোঝাচ্ছে, তাঁদের সন্তান বেঁচে আছে। আমেরিকায় কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত মানবাধিকার কর্মীরা বলছেন, দালালদের অপপ্রচারে বিভ্রান্ত শাহাদাতের পরিবার এখনো জিজ্ঞাসা করছেন, এই শাহাদাত তাঁদের সন্তান কিনা। দুই পরিবারের সদস্য,
নিউইয়র্ক নগরের ব্রুকলিনে বসবাসরত মাইনুল হাসানের খালাতো ভাই বোরহান উদ্দীনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। মৃতদেহ দেশে ফেরত পাঠানোর অগ্রগতি জানতে চাইলে তিনি জানান, ‘আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিন্তু মৃতদেহ ভেসে যাওয়ার সময় তার সঙ্গে কাগজপত্র ছিল না, শুধু ছবি ছিল, সেই ছবি দেখেই আমরা নিশ্চিত হয়েছি, সে আমাদের সন্তান। কিন্তু পুলিশ কর্তৃপক্ষ আরও নিশ্চিত না হয়ে মৃতদেহ দিচ্ছে না।’
মৃতদেহ ফেরত পেতে এখন করণীয় কী জানতে চাইলে বোরহান বলেন, ‘পুলিশ কর্তৃপক্ষ হৃদয়ের মা-বাবার যেকোনো একজনের ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত হতে চাইছে। আমরা মানবাধিকার সংস্থা ড্রাম-এর সহযোগিতায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ডিএনএ সংগ্রহ করার চেষ্টা করছি। সেটা হলেই মৃতদেহ ফেরত পাওয়া যাবে।’
ঠিক উল্টো পরিস্থিতি শাহাদাতের পরিবারে। দালালের মাধ্যমে ৩০ লাখের বেশি টাকা খরচ করে সন্তান স্বপ্নের দেশ আমেরিকায় পাড়ি দিতে গিয়ে লাশ হয়েছে, সেটা মানতে চায় না তাঁর পরিবার। অভিবাসন অধিকার কর্মী কাজী ফৌজিয়া বলেন, নাঈমের পরিবার মৃতদেহের ছবি দেখতে চাইছে। এমনকি, তাঁর পরনে কি পাজামা বা প্যান্ট ছিল, সেটা দেখতে চাইছে। তাঁর পরনের প্যান্ট দেখানো হয়েছে। কিন্তু তাঁরা বলছেন, এই প্যান্ট তাঁর ছিল না। আর মৃতদেহ দেখে শনাক্ত করার মতো অবস্থা নেই বলে জানিয়েছেন সীমান্ত পুলিশের হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতদেহটি পচে গলে একেবারে নষ্ট হয়ে গেছে। কিন্তু তার শরীর থেকে উদ্ধার করা ছবি এবং মেক্সিকো পুলিশের কাছে তাঁর দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষর, পাসপোর্টের কপিতে উল্লেখ করা তথ্যের সঙ্গে তাঁর পরিবারের দেওয়া তথ্যের মিল আছে। আবার আঙুলের ছাপও মিলে গেছে। সুতরাং নাইমের মৃতদেহ হস্তান্তরে বাধা নেই। কিন্তু পরিবার সহযোগিতা করছে না।
কাজী ফৌজিয়া আশঙ্কা প্রকাশ করে বলেন, এ অবস্থায় মৃতদেহ গ্রহণ না করলে নিয়ম অনুযায়ী রাসায়নিক দ্রব্য দিয়ে মৃতদেহটি গলিয়ে নষ্ট করে দেওয়া হতে পারে। এ বিষয়ে মেরিল্যান্ডে বসবাসরত শাহাদাতের চাচার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।