দুদিন দেরি হলে ফসকে যেত ২৪ মিলিয়ন ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিমি স্মিথ
জিমি স্মিথ

জিমি স্মিথ নিউজার্সির বাসিন্দা। গত বছর নিউইয়র্কে ঘুরতে এসে লোটো জ্যাকপটের একটি টিকিট কিনেছিলেন তিনি। তারপর ফিরে গেছেন নিজ এলাকায়। টিকিটটি আর মিলিয়ে দেখা হয়নি। এমনকি ভুলেই গিয়েছিলেন এ টিকিটের কথা। প্রায় এক বছর পর টিকিটের কথা মনে পড়তেই মিলিয়ে দেখেন, তিনিই বিজয়ী। সৌভাগ্য বলতে হবে স্মিথের। আর দুদিন দেরি হলে যে হাত ফসকে যেত, ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

অবসরপ্রাপ্ত নিরাপত্তাকর্মী জিমি স্মিথের লটারি জেতার এ তথ্য এ সপ্তাহে জানিয়েছে লোটো। লোটো জানায় ২০১৬ সালের মে মাস ড্র হওয়া এই লটারির বিজয়ীকে এত দিন খুঁজে পাওয়া যায়নি। সম্প্রতি স্মিথ তাঁর টিকিটের নম্বরটি নিয়ে লোটোর সঙ্গে যোগাযোগ করেন। তাঁর নম্বরটি ছিল ৫-১২-১৩-২২-২৫-৩৫, যা ছিল এ লটারির বিজয়ীর নম্বর। আর দুদিন দেরি হলেই তিনি আর এ অর্থ পেতেন না। তাঁর প্রাপ্য ২৪ দশমিক ১ মিলিয়ন ডলার আগামী ২৬ মাসে কিস্তিতে হস্তান্তর করা হবে।

এ ধরনের টিকিট গত কয়েক দশকে বহুবার কিনেছেন স্মিথ। কোনোবারই জ্যাকপট মেলেনি। আর এ কারণেই এক ধরনের অবহেলাই ছিল টিকিটটার প্রতি। প্রথম কিছুদিন আজ নয় কাল দেখব করে কাটিয়ে দিয়ে এক সময় এর কথা তিনি ভুলেই গিয়েছিলেন। সম্প্রতি পুরোনো শার্টের পকেট থেকে বেরিয়ে আসে টিকিটটি। কৌততূহলবশত নম্বরটি মিলাতেই হতবাক হয়ে যান তিনি।

এ বিষয়ে জিমি স্মিথ নিউইয়র্ক ডেইলিকে বলেন, ‘মনে মনে সব সময় বলেছি, সময় হলেই দেখব মিলিয়ে। কিন্তু কেন যেন সময় হচ্ছিল না। আর এক সময় তো ভুলেই গিয়েছিলাম। কিছুদিন আগে যখন টিকিটটি খুঁজে পেলাম মিলিয়ে দেখি আমিই বিজয়ী। আমি নড়তে পারছিলাম না। আমার মনে হয়েছে, আমি ভুল দেখছি। এটি বাস্তব হতে পারে, তা কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না আমার।’ স্মিথের কণ্ঠের অবিশ্বাস এখনো লেপটে আছে। আর লটারিতে জেতা অর্থ কীভাবে খরচ করবেন সে সিদ্ধান্ত তো অনেক পরের কথা। জানালেন, ‘পরিবারের সবাইকে নিয়ে বসতে হবে। সবাই মিলে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হবে।’