দুর্ঘটনায় আহত মালিকের কাছে পুলিশ নিয়ে গেল কুকুর

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে গত সোমবার রাতে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন এক ব্যক্তি ও তাঁর সঙ্গী। এগিয়ে আসার মতো আশপাশে কেউ নেই। এমন পরিস্থিতিতে বসে থাকেনি তাঁর পোষা কুকুর। পথ চিনিয়ে ঠিকই পুলিশকে নিয়ে হাজির হয়েছে ঘটনাস্থলে। এতে প্রাণে বেঁচেছেন ওই দুজন। আর রীতিমতো নায়কের তকমা পেয়েছে ‘টিন্সলে’ নামের কুকুরটি। খবর এএফপির।
গাড়ি দুর্ঘটনাটি ঘটে গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে।

এরপরই ঘটনাস্থলের পাশের মহাসড়কে নেমে গাড়িচালকদের নজর কাড়ার চেষ্টা করে টিন্সলে। সফলও হয়। বিষয়টি পুলিশের নজরে এলে কুকুরটিকে ধরার চেষ্টা করে তারা। তবে পুলিশ সদস্যদের এড়িয়ে পার্শ্ববর্তী ভেরমন্ট অঙ্গরাজ্যর দিকে দৌড়াতে থাকে সে। পিছু নিয়ে দেখা যায়, রাস্তার ধারে পড়ে আছে দুর্ঘটনার কবলে পড়া গাড়িটি।

পুলিশ দেখতে পায়, দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি থেকে ছিটকে পড়েছেন দুজন। তাঁদের উদ্ধার করে চিকিত্সা দেওয়া হয়। টিন্সলের মালিক ক্যাম লন্ড্রি এ মুহূর্তে মোটামুটি সুস্থ আছেন। প্রিয় কুকুরের এমন বুদ্ধিদীপ্ত আচরণকে অলৌকিক ঘটনা বলে আখ্যায়িত করেছেন তিনি।

কুকুরের এমন কার্যকলাপে হতবাক হয়েছে নিউ হ্যাম্পশায়ার পুলিশও। স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউসিভিবিকে পুলিশ কর্মকর্তা ড্যানিয়েল বালদাসারে বলেছেন, কুকুরটি কোনো কিছু দেখাতে চাচ্ছিল। সে পুলিশের হাতে ধরা পড়া এড়িয়ে যাচ্ছিল, কিন্তু একেবারে পালিয়ে যাচ্ছিল না।

টিন্সলেকে জনপ্রিয় কুকুর চরিত্র ‘ল্যাসি’র সঙ্গে তুলনা করেছেন ড্যানিয়েল বালদাসারে। গল্পের কুকুর ল্যাসিকে নিয়ে নির্মাণ হয়েছে চলচ্চিত্র, এমনকি টেলিভিশন ধারাবাহিকও। এসব গল্প-সিনেমায় লোকজনকে প্রাণে বাঁচাতে দেখা যায় কুকুরটিকে।