দুর্যোগেও খামখেয়ালি ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথিত আছে, ফরাসি বিপ্লবের উত্তুঙ্গ সময়ে নাকি রাজপ্রাসাদের সামনে ক্ষুধার্ত ও বিক্ষুব্ধ মানুষের ভিড় দেখে ফরাসি রানি বিস্মিত হয়েছিলেন। সে সময় তাঁর এ সম্পর্কিত যে কথোপকথনের কথা প্রচলিত আছে, তা নেতৃত্ব পর্যায়ে থাকা যেকোনো ব্যক্তির জন্যই অসম্মানজনক। এমনকি এই বাংলার তেতাল্লিশের মন্বন্তরের সময়ও একই ধরনের কথা চালু আছে। তবে সেখানে সংলাপের পাত্র-পাত্রী ব্রিটিশ লর্ড ও লেডি। সে সময় তাঁরাই ছিলেন আমাদের শাসকের ভূমিকায়।

এত কথা বলতে হলো, বিশ্বব্যাপী চলমান দুর্যোগ, মার্কিন প্রেসিডেন্টের খামখেয়ালিপনা ও তার প্রতিক্রিয়ায় বিভিন্ন মাধ্যমে তাঁকে কেন্দ্র করে তৈরি হওয়া তামাশা। সারা বিশ্ব নতুন করোনাভাইরাস সৃষ্ট মহামারিতে আক্রান্ত। এরই মধ্যে দুই লাখের বেশি মানুষ মারা গেছে। বিশ্বে আক্রান্ত ও মৃত্যু উভয়ই বেশি আমেরিকায়। কিন্তু এত সবকিছুও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনা থামানোর জন্য যথেষ্ট নয়।
এ ধরনের বৈশ্বিক দুর্যোগে অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি, গবেষণা সক্ষমতাসহ সব বিচারেই বিশ্বকে নেতৃত্ব দেওয়ার কথা আমেরিকার। সবাই তার দিকেই তাকিয়ে ছিল এবং এখনো আছে বলা যায়। কিন্তু এই আমেরিকাই কিনা শুরু থেকেই বিশ্ববাসীকে হতাশ করে আসছে। চীনে সংক্রমণের পর অনেক লম্বা সময় পেলেও ট্রাম্প বললেন, ভাইরাসটি নাকি তাঁর দেশে হানা দেবে না। ‘সুতরাং নিশ্চিন্ত।’ প্রেসিডেন্টের এমন মনোভঙ্গি হাজারবার বলেও পাল্টাতে পারেননি বিশেষজ্ঞরা। ফল তো চোখের সামনেই রয়েছে।
তারপর শুরু হলো গবেষণা, পরিস্থিতি মোকাবিলায় নানা তৎপরতা। কিন্তু প্রেসিডেন্ট তাঁর আত্মপ্রেমী শৈশব থেকে বের হতে যেন নারাজ। কখনো চিকিৎসা পদ্ধতি বাতলে, কখনো রোগীদের শরীরে জীবাণুনাশক ইনজেক্ট করার প্রস্তাব দিয়ে, কখনো চিকিৎসাবিজ্ঞানীদের সঙ্গে তর্কে জড়িয়ে, কখনো উচ্চপদ থেকে বিশেষজ্ঞ ব্যক্তিকে শুধু মতের অমিলের কারণে অপসারণ করে তিনি আলোচনার জন্ম দিচ্ছেন। সিদ্ধান্তহীনতার কারণে দেশকে চরম সংকটে ফেললেও তিনি দায় চাপিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর। সংকটের শুরুর ধাপেই ইউরোপীয় মিত্রদের পিঠ দেখানো থেকে শুরু করে নানা কাজের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে মার্কিন নেতৃত্ব দানের বিষয়টিকে রীতিমতো হাস্যকর বিষয়ে পরিণত করেছেন ট্রাম্প। তাঁর এই যাবতীয় কর্মকাণ্ডই তাঁকে নিয়ে কৌতুক তৈরি হওয়ার জন্য যথেষ্ট। হচ্ছেও দেদার। মুশকিল হয় তখন, যখন প্রেসিডেন্ট নিজেই নিজের বলা কথাকে কৌতুক হিসেবে হাজির করবার চেষ্টা করেন। তখন প্রশ্ন আসে যে, তিনি কী নিয়ে কৌতুক করতে পারেন? তিনি তো এই আমেরিকারই প্রেসিডেন্ট, কোনো রাজা নন।
প্রেসিডেন্ট ট্রাম্প যেকোনো মূল্যে এই সংকট থেকে বাইরে আসতে চাইছেন। তিনি চান, দ্রুত সংকট কাটুক, সবাই তাঁর প্রশংসা করুক এবং তাঁকে আবারও নির্বাচিত করুক। আর এই চাওয়ার আতিশয্যে তিনি এমন এমন কথা বলছেন, অর্থনীতি চালুর লক্ষ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ উসকে দেওয়ার মতো এমন এমন কাজ করছেন, যা উন্মত্ততার শামিল। এই দুর্যোগের সময় এমন উন্মত্ততা কখনোই কাম্য নয়। মার্কিন গণতান্ত্রিক ভিতটি শক্ত হওয়ায় এখনো আশা আছে। গণতান্ত্রিক বিভিন্ন প্রতিষ্ঠান আরও সক্রিয় হয়ে প্রেসিডেন্টের এমন আচরণ রুখতে আরও কার্যকর ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।