দুশ্চিন্তা বাড়ছে রিপাবলিকানদের

সব জরিপে জো বাইডেন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে বেশ এগিয়ে গেছেনছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের উদারনৈতিকেরা বেশ আশাবাদী, ৩ নভেম্বর সব বদলে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপুল ভোটে পরাজিত হচ্ছেন। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের মতো সিনেটও ডেমোক্র্যাটদের দখলে যাচ্ছে। হোয়াইট হাউসের পাশাপাশি এই দুই কক্ষে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টকে উদারনৈতিকতায় ফিরিয়ে আনার ডেমোক্র্যাটদের কাছে সুযোগ চলে আসবে।

রাজনীতি আর নির্বাচনী ফলাফল এমন সরল আশাবাদে হয় না। অবশ্য ৩ নভেম্বরের নির্বাচন নিয়ে এমন আশাবাদের পক্ষে যুক্তির কোনো অভাব নেই। জনমত জরিপ নিয়ে যত কথাই হোক, যুক্তরাষ্ট্রের কোনো রাজনৈতিক আলাপে জনমতকে উড়িয়ে দেওয়া হয় না।

যদিও ২০১৬ সালের নির্বাচন ছিল ব্যতিক্রম। ব্যতিক্রমী ঘটনা আবারও ঘটবে, এমন আশাবাদ রিপাবলিকানদের মধ্যে থাকলেও দুঃসংবাদ তাদের তাড়া করছে। তাদের রাজনৈতিক আলাপে এই তাড়নাও স্পষ্ট হয়ে উঠেছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সাম্প্রতিক ইতিহাসে এমন নাটকীয়তা আগে কখনো দেখা যায়নি। ফলাফল পর্যন্ত যে আরও কত নাটকীয়তা অপেক্ষা করছে, তা নিয়ে মার্কিন জনগণের মতো অপেক্ষায় বিশ্বের রাজনীতি মনস্ক মানুষও।

প্রেসিডেন্ট প্রার্থীদের প্রথম সরাসরি বিতর্কের পর ডোনাল্ড ট্রাম্পের কোভিড-১৯ আক্রান্ত হওয়া এবং এ সংক্রান্ত যাবতীয় খবর রিপাবলিকানদের পক্ষে যায়নি। সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনয়ন ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান ও রক্ষণশীলদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পেরেছিলেন। এরপরই বিতর্কে তাঁর এলোপাতাড়ি কর্মকাণ্ড ও নিজের করোনা সংক্রমণকে কফিনের শেষ দিকের পেরেক হিসেবেই দেখছেন কেউ কেউ।

আলাস্কা, কানসাস ও সাউথ ক্যারোলাইনার মতো রিপাবলিকান রাজ্যে জনমত এখন দুই প্রার্থীর মধ্যে খুব কাছাকাছি। মিশিগান ও নিউ হ্যাম্পশায়ারে অবস্থাও রিপাবলিকান দলের অনুকূলে দেখা যাচ্ছে না

সাধারণ দৃষ্টিতেও রিপাবলিকান দলের প্রচারণা হোঁচট খেয়েছে। করোনা সংক্রমণের কারণে দুই সপ্তাহ ডোনাল্ড ট্রাম্প ভোটের মাঠে অনুপস্থিত। তাদের প্রচারণা তহবিলে টান পড়েছে। তহবিল সংকটের কারণে বেশ কিছু রাজ্য থেকে রিপাবলিকান দলের টিভি বিজ্ঞাপন কমিয়ে দিতে হয়েছে। রিপাবলিকান দলের অন্য দুশ্চিন্তা হচ্ছে, দলের ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যগুলোতে সাম্প্রতিক জনমতে জরিপে বিরাট পরিবর্তন দেখা যাচ্ছে।

আলাস্কা, কানসাস ও সাউথ ক্যারোলাইনার মতো রিপাবলিকান রাজ্যে জনমত এখন দুই প্রার্থীর মধ্যে খুব কাছাকাছি। মিশিগান ও নিউ হ্যাম্পশায়ারে অবস্থাও রিপাবলিকান দলের অনুকূলে দেখা যাচ্ছে না।

আসছে ৩ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দল ২৩টি আসন ধরে রাখতে লড়তে হচ্ছে। অন্যদিকে ডেমোক্র্যাট দলকে ধরে রাখার আসন ১২টি। রিপাবলিকানদের জন্য সুখবর হচ্ছে, আলাস্কায় ডেমোক্র্যাট সিনেটর ডাগ জোনস জনমতে পিছিয়ে আছেন। সিনেটে এখন রিপাবলিকানদের আসন ৫৩টি।

বাইডেন জয়ী হলে আর রিপাবলিকান দল থেকে চারটি আসন খসাতে পারলে সিনেটে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। যদি ডোনাল্ড ট্রাম্প আবার জয়ী হন, সে ক্ষেত্রে ডেমোক্র্যাটদের পাঁচটি আসন ছিনিয়ে নিতে হবে রিপাবলিকানদের কাছ থেকে। কারণ ভাইস প্রেসিডেন্ট সিনেটে একটি ভোট দেওয়ার ক্ষমতা রাখেন।

বিতর্কের পর বাইডেনের জনপ্রিয়তা চার পয়েন্ট থেকে নয় পয়েন্টে বেড়ে যায়। ফ্লোরিডার মতো রাজ্যে এক পয়েন্টের ব্যবধান থেকে বাইডেন ৪ পয়েন্টে এগিয়ে যায়। মিশিগানে ৫ পয়েন্ট থেকে ৭ পয়েন্টে এবং পেনসিলভানিয়াতে ৬ পয়েন্ট থেকে ৭ পয়েন্টে এগিয়ে যায় বাইডেন

প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কের পর থেকেই সিনেট রিপাবলিকানদের উদ্বিগ্ন দেখা যাচ্ছে। ১ অক্টোবর ট্রাম্প নিজেই করোনা সংক্রমিত হওয়ার সংবাদ পরিস্থিতিকে আরও নাজুক করে তুলে। ট্রাম্প নিজে শুরু থকেই করোনাভাইরাসকে গুরুত্ব দেননি বলে অভিযোগ ব্যাপক। নিজেই আক্রান্ত হয়ে এবং তাঁর সংস্পর্শে আসা আরও অন্তত দুই ডজনের বেশি মানুষকে সংক্রমিত করে চরম ব্যর্থতার কথাই জানান দিয়েছেন তিনি।

যিনি নিজের ঘরকে ভাইরাস থেকে সুরক্ষা দিতে পারেননি, তিনি দেশের মানুষকে কীভাবে সুরক্ষা দেবেন? সংক্রমণ পরবর্তী নানা নাটকীয়তায় করোনাভাইরাসকে ট্রাম্প এখনো হালকাভাবে দেখার কথাই বলছেন। প্রায় দুই লাখ ১৫ হাজার মানুষের মৃত্যুর দেশে বিষয়টি জনগণ মোটেই হালকাভাবে নিচ্ছে না।

রিয়েলক্লিয়ারপলিটিক্স নামের জরিপ সংস্থার মতে, বিতর্কের পর বাইডেনের জনপ্রিয়তা চার পয়েন্ট থেকে নয় পয়েন্টে বেড়ে যায়। ফ্লোরিডার মতো রাজ্যে এক পয়েন্টের ব্যবধান থেকে বাইডেন ৪ পয়েন্টে এগিয়ে যায়। মিশিগানে ৫ পয়েন্ট থেকে ৭ পয়েন্টে এবং পেনসিলভানিয়াতে ৬ পয়েন্ট থেকে ৭ পয়েন্টে এগিয়ে যায় বাইডেন।

টেক্সাস থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ ভোটের মাঠের অবস্থাকে অস্থির বলে উল্লেখ করেন। সিএনবিসিকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের সহজেই ভালো ব্যবধানে জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু জনগণ এখন অনেকটাই ক্ষুব্ধ ও সব পরিস্থিতি নিয়ে হতাশ।

মন্টানার মতো রাজ্যে ২০১৬ সালে ট্রাম্প ২০ পয়েন্ট ব্যবধানে জয়ী হয়েছিলেন। এবারে জনমত জরিপে এই রাজ্যে এখনো বাইডেনের চেয়ে তিনি ৯ পয়েন্টে এগিয়ে আছেন। এমন পরিস্থিতিতেও সিনেটর স্টিভ ডাইনেস ডেমোক্র্যাট প্রার্থী স্টিভ বুলকের কাছে হেরে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের দিকেই নজর রাখতে হচ্ছে। তিনি জিতলে সিনেটও রিপাবলিকানদের দখলে থাকবে। তিনি হারলে সবই তাদের হারাতে হবে
ফোর্ড ও'কাননেল, রিপাবলিকান নির্বাচনী কৌশল প্রণয়ন দলের সদস্য

সাউথ ক্যারোলাইনায় ২০১৬ সালে ট্রাম্প এগিয়ে ছিলেন ১৪ পয়েন্টে। এবারে তাঁর ৫ পয়েন্টে এগিয়ে থাকার মাশুল দিতে হতে পারে সিনেটর লিন্ডসে গ্রাহামকে। টেক্সাসে ২০১৬ সালে ট্রাম্প জিতেন ৯ পয়েন্ট ব্যবধানে। এবার জনমত জরিপে টেক্সাসে ট্রাম্প ও বাইডেনের মধ্যে ব্যবধান মাত্র দেড় পয়েন্টের। কুইনিপিক ইউনিভার্সিটির জনমত জরিপে দেখা গেছে, আইওয়া রাজ্যে জো বাইডেন ৫ পয়েন্টে এগিয়ে আছেন। এসব রাজ্যের এমন জনমত জরিপ বলছে, রিপাবলিকান দলের সিনেট আসনগুলো বড় ধাক্কা খেতে পারে।

রিপাবলিকান নির্বাচনী পরিকল্পনার সঙ্গে জড়িত ফোর্ড ও'কাননেল বলেন, শেষ দুই সপ্তাহ নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের দিকেই নজর রাখতে হচ্ছে। তিনি জিতলে সিনেটও রিপাবলিকানদের দখলে থাকবে। তিনি হারলে সবই তাদের হারাতে হবে!

মেইন থেকে পুনর্নির্বাচনে দাঁড়ানো রিপাবলিকান সিনেটর সুজান কলিন্স ছাড়া অন্য রিপাবলিকান সিনেট প্রার্থীদের জয়ের সঙ্গে ট্রাম্পের জয়কে যুক্ত করে দেখা হচ্ছে। সুজান কলিন্স রিপাবলিকান ঘরানার হলেও নিরপেক্ষ ভোটারের সমর্থন আছে তাঁর প্রতি।

নর্থ ক্যারোলাইনায় ডেমোক্র্যাট সিনেটর প্রার্থী কাল কানিঙ্গহামের জয় প্রায় নিশ্চিত মনে করেছিলেন ডেমোক্র্যাটরা। রিপাবলিকান সিনেটর টম টিলিসের কাছ থেকে আসনটা ছিনিয়ে আনা নিয়ে ডেমোক্র্যাটদের উচ্চ আশাবাদ ছিল। এর মধ্যে টম কানিঙ্গহাম দুই কিশোরী কন্যা রেখে বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে সম্প্রতি ফাঁস হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করলেও এখন তাঁর জয় নিয়ে আর নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

পরের দুই সপ্তাহে অনেক কিছুই ঘটতে পারে মার্কিন নির্বাচনে। সিনেটে বিচারপতি নিয়োগের শুনানি শুরু হলে রিপাবলিকানদের মধ্যে আবার একটা উত্তেজনা দেখা দিতে পারে। সবকিছু ছাপিয়ে ডোনাল্ড ট্রাম্প কী করছেন, আবার কোন কাণ্ড করে নির্বাচনের মোড় কোন দিকে নিয়ে যাচ্ছেন, তা নিয়েও আলোচনার শেষ নেই।

ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন এখন অনেকটা জনমত ধরে রাখার কাজই করছেন। জনগণকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। আগাম ভোট দেওয়ার ক্ষেত্রে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার কথা জানা গেছে। ডাকযোগেও ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার হার বেশি। এমন বাস্তবতায় বৈরী নির্বাচনী মাঠকে আসছে দুই সপ্তাহে নিজের কতটা অনুকূলে নিতে পারবেন ডোনাল্ড ট্রাম্প—এ নিয়ে চলছে নানা জল্পনা।