দুস্থ খেলোয়াড়দের সহায়তায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান
যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিবের সঙ্গে নিউইয়র্কপ্রবাসী সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনি দেশের দুস্থ খেলোয়াড়দের সহায়তায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয় সময় ২৫ আগস্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি ক্যাফেতে এই মতবিনিময়ের আয়োজন করে বাংলাদেশ ক্রীড়া সংস্থা যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ ক্রীড়া সংস্থা যুক্তরাষ্ট্রের আহ্বায়ক ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সাবেক সভাপতি মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে এবং বাংলাদেশ ক্রীড়া সংস্থা যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সদস্যসচিব মফিজুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জাতীয় খেলোয়াড় অলিম্পিয়ান সাইদুর রহমান, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার সভাপতি এবং বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুর রহিম বাদশা, সাবেক জাতীয় খেলোয়াড় ফুটবলার সম্রাট হোসেন এমিলি, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস, বাংলাদেশ ক্রীড়া সংস্থা যুক্তরাষ্ট্রের যুগ্ম আহ্বায়ক কাজী তোফায়েল ইসলাম ও ওয়াহিদ কাজী এলিন, যুগ্ম সদস্যসচিব আবদুল মালেক, শাহাদত হোসেন, সমন্বয়কারী ও সাবেক জাতীয় খেলোয়াড় সৈয়দ এনায়েত আলী, বক্সার সেলিম, সদস্য মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, কমিউনিটি অ্যাকটিভিস্ট সফিকুল ইসলাম, শামীম আহমেদ, নূরে আলম, কাজী আজিজুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব তাঁর সম্মানে এ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মতবিনিময়কালে তিনি বলেন, সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর থেকে অ্যাথলেটিকসের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দেশে অ্যাথলেট না থাকলে অ্যাথলেটিকস ফেডারেশন অর্থহীন। তাই খেলোয়াড় তৈরি করতে হবে। তিনি বলেন, অ্যাথলেটিকস এগিয়ে যাচ্ছে। কৃতি খেলোয়াড় তৈরি হচ্ছে। দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে অ্যাথলেটিকস দ্রুত জায়গা করে নিচ্ছে। আমরা দেশের সেরা খেলোয়াড়দের পাশাপাশি প্রবাসী খেলোয়াড়দেরও মূল্যায়ন করতে চাই। দেশের বিভিন্ন ইভেন্টে প্রবাসী খেলোয়াড়দের অংশ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি দেশের দুস্থ খেলোয়াড়দের সহায়তায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।
আবদুর রকিব বলেন, বাংলাদেশ অনেক এগিয়ে গেলেও আরও উন্নতির জন্য শুধু সরকার নয় প্রবাসীসহ বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আবদুর রকিবকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সার্বিক সাফল্য কামনা করেন। বক্তারা বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী আবদুর রকিব দায়িত্ব নেওয়ার পর থেকে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অ্যাথলেটে।
সভায় বক্তারা প্রবাস থেকে খেলোয়াড়দের দেশের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ দেওয়ারও আহ্বান জানান।