দূরত্ব ঘোচাতে মস্কোয় কেরি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এখন মস্কোয়। সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব ঘোচাতে আলোচনার জন্য মস্কো গেছেন তিনি।
আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মস্কো সফরকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন কেরি।
সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দীর্ঘ সময় ধরে মতবিরোধ আছে।
যুক্তরাষ্ট্র চায়, আসাদ ক্ষমতা থেকে নেমে যান।
অন্যদিকে রাশিয়ার বক্তব্য, একমাত্র সিরিয়ার জনগণই আসাদের ভাগ্য নির্ধারণ করতে পারে।
আলোচনার প্রাক্কালে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন নীতির সমালোচনা করেছে। মস্কোর অভিযোগ, ওয়াশিংটন সন্ত্রাসীদের ‘ভালো’ ‘মন্দ’—এই দুই ভাগে বিভক্ত করছে।
কয়েক মাস ধরে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া।
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অভিযোগ, আইএস নয়, বরং আসাদকে রক্ষায় সিরিয়ার সরকারবিরোধী উদারপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া।
ওয়াশিংটনের এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মস্কো।
মার্কিন নেতৃত্বাধীন জোট ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। এই অভিযানের ব্যাপারে তারা দামেস্কের সঙ্গে সমন্বয় করছে না।