দেউলিয়া ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানও প্রণোদনা পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডলার
ছবি: রয়টার্স

করোনা মহামারির নেতিবাচক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো। ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে তাদের আর্থিক সহযোগিতা দিয়ে আসছে ক্ষুদ্র ব্যবসা প্রশাসন (এসবিএ)। সম্প্রতি এই প্রশাসন থেকে ঘোষণা দেওয়া হয়েছে, দেউলিয়া হয়ে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠানকেও আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে মার্কিন সরকার নাগরিকদের বেকার ভাতা ও আর্থিক প্রণোদনা দেওয়ার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ঋণ ব্যবস্থা চালু করে। গত বছরের মার্চ থেকে এই ঋণ প্রকল্প চালু করা হয়। কিন্তু জুলাই মাসের মাঝামাঝি সময়ে এ প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ শেষ হয়ে যায়। এরপর আর কাউকে ঋণ দেওয়া সম্ভব হয়নি। চলতি বছরের শুরু থেকে আবার এই প্রকল্প থেকে ঋণ দেওয়া হচ্ছে।

ক্ষুদ্র ব্যবসা প্রশাসন (এসবিএ) যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে প্রায় ৮১৩ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। দেউলিয়া হওয়া প্রতিষ্ঠানগুলো এত দিন পর্যন্ত এই প্রকল্পের আওতাধীন ছিল না। গত মার্চ মাস থেকে দেউলিয়া হয়ে যাওয়া প্রতিষ্ঠানকেও এই প্রকল্পের আওতায় ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেউলিয়া হয়ে যাওয়া প্রতিষ্ঠান ছাড়াও আগে যেসব প্রতিষ্ঠানের ঋণের আবেদন নাকচ করে দেওয়া হয়েছে, তারাও এখন আবেদন করতে পারবে।

অর্থনৈতিক ক্ষেত্রে করোনা মহামারির ব্যাপক প্রভাব পড়েছে। করোনার প্রাদুর্ভাব রোধে অনেক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এতে করে অনেকে বিরাট ক্ষতির সম্মুখীন হয়। ব্যাংক থেকে ঋণ নেওয়া অর্থ পরিশোধ করতে না পারার কারণে অনেক প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে পড়ে। ফলে এসব প্রতিষ্ঠান ঋণ নিতে আপ্রাণ চেষ্টা করতে থাকে। গত বছরের ডিসেম্বরে কংগ্রেস দেউলিয়া হয়ে যাওয়া এসব প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করার আইন পাশ করে। কিন্তু তা কার্যকর হতে এসব প্রতিষ্ঠানকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে।

ব্যবসাপ্রতিষ্ঠান, পারিবারিক খামার ও স্বতন্ত্র গ্রাহকেরা ঋণের আবেদন করতে পারবে বলে ৬ এপ্রিল এসবিএ তাদের ওয়েবসাইটে ঘোষণা করে। প্রশাসনের কর্তারা বিশ্বাস করেন, এই সুযোগ দেউলিয়া হয়ে যাওয়া অনেক প্রতিষ্ঠানকে চিরতরে বন্ধ হয়ে যাওয়া থেকে রক্ষা করবে।