দেড় কোটি ডলার ক্ষতিপূরণ চায় 'ঘড়িবালক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঘড়িবালক’ আহমেদ মোহাম্মদ (১৪)
‘ঘড়িবালক’ আহমেদ মোহাম্মদ (১৪)

নিজের শহর ও স্কুল কর্তৃপক্ষের কাছে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সেই আলোচিত ‘ঘড়িবালক’ আহমেদ মোহাম্মদ (১৪)। প্রকাশ্যে হেনস্তা করা এবং ভয় পাইয়ে দেওয়ার অভিযোগ এনে আইনজীবীরা তার নিজের শহর আরভিংয়ের পৌর কর্তৃপক্ষের কাছ থেকে এক কোটি ডলার এবং ‘আরভিং ইনডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট’ কর্তৃপক্ষের কাছ থেকে ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণ দাবি করেছেন। খবর বিবিসির।
আহমেদের আইনজীবীরা এক চিঠিতে বলেন, বিশ্বজুড়ে আলোড়ন তোলা ওই ঘটনার কারণে এ কিশোর হুমকির শিকার হয়েছে, যা তাকে বিপর্যস্ত করে তুলেছে। ওই ঘটনার পর উচ্চতর পড়াশোনার প্রয়োজনে তাকে নিয়ে কাতারে চলে যায় আহমেদের পরিবার। সে কাতার ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের শিক্ষা বৃত্তি পেয়েছে।
আইনজীবীরা ক্ষতিপূরণের পাশাপাশি দুঃখপ্রকাশের দাবিও তুলেছেন। তাঁরা বলছেন, ঘটনার পর থেকে আহমেদ অনেক হুমকি দেওয়া ই-মেইল পেয়েছে। সে তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এসব বিষয় তার জন্য ‘গুরুতর মানসিক আঘাতের’ কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁরা বলেন, ৬০ দিনের মধ্যে ক্ষতিপূরণ না দিলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হবে। নগর কর্তৃপক্ষের কাছে লেখা চিঠিতে আইনজীবীরা বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে বুঝতে পারে আহমেদের ঘড়িটা বিপজ্জনক কিছু নয়। এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা যে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে তার কারণ আহমেদের জাতিগত পরিচয়, আদি নিবাস ও ধর্ম।
আহমেদের বাবা উত্তর আফ্রিকার সুদান থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে এসেছিলেন।
টেক্সাসের ম্যাকআর্থার হাইস্কুলের ছাত্র আহমেদ মোহাম্মদ গত ১২ সেপ্টেম্বর নিজের বানানো একটি ঘড়ি নিয়ে স্কুলে গেলে শিক্ষকেরা তাকে বোমা মনে করে পুলিশে খবর দেন। পুলিশ এসে আহমেদকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। সাময়িকভাবে বিরূপ পরিস্থিতির মুখে পড়লেও রীতিমতো তারকায় পরিণত হয় আহমেদ মোহাম্মদ। মেধার জন্য প্রশংসিত হয় সে। খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে নিমন্ত্রণ করেন তাকে। ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।