দেরির জন্য তোপের মুখে নিউইয়র্কের মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের মেয়রের সময়জ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে। নির্ধারিত সময়ে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তোপের মুখে পড়েছেন মেয়র বিল ডি ব্লাজিও।

২০০২ সালে বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল বুধবার নগরের মেমোরিয়াল পার্কে অনুষ্ঠান ছিল। ২০০২ সালের ১২ নভেম্বর সকাল নয়টা ১৬ মিনিটে বিমানটি দুর্ঘটনায় পড়েছিল; আর সে সময়েই ঘণ্টাধ্বনি বাজানোর কথা কর্মসূচিতে উল্লেখ ছিল।

এ উপলক্ষে সকাল নয়টা পাঁচ মিনিটে মেয়রের অনুষ্ঠানে পৌঁছার কথা থাকলেও তিনি তা করেননি। ক্ষুব্ধ আয়োজকেরা সময়মতোই অনুষ্ঠান শুরু করেন। মেয়রের অনুপস্থিতিতে বিমান দুর্ঘটনায় নিহত একজনের স্বজন ঘণ্টা বাজিয়ে নিহত ব্যক্তিদের স্মরণ করেন। নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পর মেয়র ডি ব্লাজিও অনুষ্ঠানস্থলে পৌঁছান। অপেক্ষমাণ ব্যক্তিদের কাছে কোনো ক্ষমা প্রার্থনা না করেই তিনি পাঁচ মিনিট বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত লোকজন এর মধ্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে থাকেন। তাঁরা বলেন, মেয়রের এভাবে দেরি করে উপস্থিত হওয়া অসম্মানজনক। এ ঘটনা স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দ্রুত ছড়িয়ে পড়ে।

পরে গতকাল বিকেলেই নিউইয়র্কের মেয়র অফিস থেকে বিবৃতি প্রদান করে অনুষ্ঠানের আয়োজকদের কাছে ক্ষমা চাওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ঘন কুয়াশার কারণে মেয়রের যাত্রাপথে দেরি হয়েছে।

তবে আরেকটি অনুষ্ঠানে মেয়র বলেছেন, আগের রাতটিতে তাঁর ঠিকমতো ঘুম হয়নি।

মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথম বাজেট অধিবেশনে তিনি নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর উপস্থিত হন। নির্বাচিত হওয়ার পর নগরের আইন প্রস্তাবে প্রথম স্বাক্ষর অনুষ্ঠানেও তিনি নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর উপস্থিত হন। ঘড়ির কাঁটা ধরে জীবনচলা নিউইয়র্কের লোকজন মেয়রের সময়জ্ঞান নিয়ে এখন মুখ খুলতে শুরু করেছেন।