দেশ কি ধর্ষণের অভয়ারণ্য হয়ে উঠছে?
আগে ধর্ষণ হতো গোপনে, এখন হয় প্রকাশ্যে, এমনকি খোলা মাঠে। নারীর ওপর এই শারীরিক নির্যাতন সময়ের সঙ্গে বাড়ছে। বাড়ছে গণধর্ষণের সংখ্যা। কিছু মানুষরূপী নরপশু এতটাই বিকৃত পর্যায়ে চলে গেছে, যা ভাষায় প্রকাশ করা দায়। এদের হাত থেকে এখন কেউই রেহাই পাচ্ছে না। না একজন গৃহবধূ, না শিশু কন্যা, না বৃদ্ধা, না কোনো তরুণী। শ্রেণি-পেশা নির্বিশেষে যেকোনো বয়সের নারীই এখন আক্রান্তের তালিকায়। নারী আজ কোথাও নিরাপদ নেই। আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধু-বান্ধব, এমনকি শিক্ষকের কাছেও নিরাপদ নেই নারী। প্রতিদিন কারও না কারও লালসার শিকার হতে হচ্ছে তাকে।
রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, এমনকি কর্মক্ষেত্রেও পুরুষের নির্যাতনের শিকার হতে হচ্ছে নারীকে। নারী মানেই যেন পুরুষের কামের বস্তু। দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠেও নারী নিরাপদ নেই। সেখানেই ধর্ষণের শিকার হতে হচ্ছে তাকে। আর ধর্ষক বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছে। আইন তার কিছুই করতে পারছে না। এই যদি হয় দেশের অবস্থা, তাহলে কীভাবে আমাদের মা-বোনরা রাস্তাঘাটে চলাফেরা করবে?
নারী আজ ভয় পায় পথে বের হতে। কিন্তু কেন এ অবস্থা? যে দেশের সরকারপ্রধান নারী, স্পিকার নারী, বিরোধী দলের প্রধানসহ অনেক নারীই আজ গুরুত্বপূর্ণ সরকারি পদে রয়েছেন। তারপরও আমাদের দেশের নারীরা অসহায় কেন? কেন তাদের ধর্ষণের মতো এক ঘৃণ্য অপরাধের শিকার হতে হচ্ছে?
সেদিন ফেসবুকে এক বন্ধুর পোস্টে দেখলাম লেখা—‘সময়টা এখন আমাদের’। সুন্দর স্লোগান। কিন্তু কেন যেন আমার মনে হলো, ‘সময়টা এখন আমাদের’ স্থলে ‘সময়টা এখন ধর্ষকদের’ লেখা থাকলেই যথোপযুক্ত হতো। সময়টা এখন ধর্ষকদের, বাংলাদেশ এখন ধর্ষকদের অভয়ারণ্য। এ দেশে ধর্ষণের মহোৎসব চলছে। অভিজাত হোটেল থেকে থেকে বস্তি এলাকা—পুরোটাই যেন ধর্ষকদের অভয়ারণ্য। পশ্চিমা পোশাকের নারী, হিজাব-পরিহিত নারী কেউ বাদ যাচ্ছে না।
ধর্ষণ করছে কারা? পাল্টা প্রশ্ন করতে হয়—কিশোর থেকে শুরু করে যুবক ও মধ্যবয়সী, দিনমজুর থেকে দিনে কয়েক লাখ টাকা হাতখরচ পাওয়া ধনীর দুলাল; কে নয়? ধর্ষণ যেন হয়ে উঠেছে কোনো কোনো পুরুষের পৌরুষ জাহিরের একমাত্র অস্ত্র।
অনেক ছদ্ম প্রগতিবাদীও আছেন এমন। তবে তাদের ধর্ষণ অন্যরকম। একটা মেয়ের জীবনের স্বাভাবিকতা নষ্ট করে কিছু প্রগতিবাদীকে দেখা যায় সমানাধিকারে সোচ্চার কোনো সংগঠনের অনুষ্ঠানে প্রধান বা বিশেষ অতিথি হয়ে বসে থাকতে। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন উঠেছে ধর্ষকদের শাস্তি এড়িয়ে যাওয়া অথবা ছাড়া পাওয়ার বিষয়টি নিয়ে। সমাজের ক্ষমতাধর যারা, তারা আইনের ঊর্ধ্বে থাকেন। অর্থ, প্রতিপত্তির কারণে শুধু ধর্ষণের মতো অপরাধ নয়, যেকোনো অপরাধ থেকে তারা মুক্ত।
তবে ইদানীং সিলেট এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণের ঘটনা মিডিয়ায় আলোড়িত হওয়ায় হয়তো প্রভাবশালী হয়েও ধর্ষক ও তাদের সহযোগীরা বিচারের আওতায় যেতে পারে। তাতে উল্লসিত হওয়ার কিছু নেই কিন্তু। মিডিয়ার অগোচরে আরও কত ঘটনা ঘটে যাচ্ছে, তার হিসাব করতে গেলে একটা পচা-গলা সমাজের ছবিই উঠে আসবে।