দেশে নতুন উদ্যোগ ডা. ফেরদৌসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডা. ফেরদৌস খন্দকার
ডা. ফেরদৌস খন্দকার

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশি আমেরিকানদের সহায়তা দিতে এবার ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ নিয়ইয়র্কে বসবাসরত ডা. ফেরদৌস খন্দকার। এ জন্য তিনি গড়ে তুলেছেন করোনাসেবা ডট কম (coronasheba.com) নামে একটি ওয়েবসাইট। এর মাধ্যমে বাংলাদেশের মানুষ করোনাভাইরাস সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সহজেই পেয়ে যাবেন। এ বিষয়ক যেকোনো প্রশ্নের উত্তরও পাবেন তারা। এ জন্য ঢাকায় চারজন ডাক্তারের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে একটি চিকিৎসক পুল। চালু করা হয়েছে দুটি হটলাইন। যার নম্বরগুলো হচ্ছে +৮৮০১৯৪৬–৬৭৮৪২১, ‍+৮৮০১৯৭৮–৩১৮৮৩৩। এসব নম্বরে ফোন করে চিকিৎসকদের কাছ থেকে করোনা সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা পাবেন সাধারণ মানুষ। কোথায় গিয়ে পরীক্ষা করাবেন, কোথায় গেলে চিকিৎসাসেবা পাওয়া যাবে, লক্ষণ বিশ্লেষণ করে কিছু সাধারণ ধারণা ও পরামর্শও দেবেন এই চিকিৎসক দল।
একই সঙ্গে এই ওয়েবসাইটের মাধ্যমে স্বল্প আয়ের মানুষকে খাদ্য সহায়তাও দেওয়া হবে। তবে এই সেবাটি আপাতত ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামে সীমাবদ্ধ থাকবে। কোন সহৃদয় ব্যক্তি যদি এই উদ্যোগে অর্থ সহায়তা দিতে চান, তাহলে ওয়েবসাইটে দেওয়া নির্দেশিকা অনুযায়ী সেটাও করতে পারবেন। সেই সঙ্গে বাংলাদেশের ডাক্তাররাও স্বেচ্ছাসেবী হিসেবে এই উদ্যোগে নিজেদের যুক্ত করতে পারেন।
ডা. ফেরদৌস খন্দকার বলেন, ‘এমন দুর্যোগ তো পৃথিবীর মানুষ আগে কখনোই দেখেনি। তাই সত্যিকার অর্থেই মানবিকতা দেখানোর এটাই বড় সুযোগ বলে আমি মনে করি। আর আমার এই উদ্যোগটি দেশ সেবারই একটি অংশ বলে আমি মনে করি।’
করোনাসেবা ডট কম–এর মাধ্যমে এ সংক্রান্ত সবশেষ তথ্য পাবেন সাধারণ মানুষ। বিশেষ করে করোনাভাইরাস সংক্রান্ত সবশেষ কি তথ্য এসেছে, চিকিৎসায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সাধারণ মানুষকে কী করতে হবে, এসব হালনাগাদ ও সঠিক তথ্য দ্রুত এখানে তুলে ধরা হবে।
ডা. ফেরদৌস খন্দকার বলেন, ‘ওয়েবসাইটটিতে গেলেই বুঝবেন, এটি কতটা সহজ করে করা হয়েছে। কীভাবে একজন মানুষ সেবা পাবেন, সহজেই নির্দেশিকা দেওয়া রয়েছে। আর আমরা অর্থ সাহায্য নেব সংগঠিত উপায়ে মানুষকে সাহায্য করার জন্য। কেউ এখানে অর্থ দান করলে শতভাগ নিশ্চয়তা থাকবে যে সেই অর্থ জনকল্যাণে ব্যয় হবে।’
বাংলাদেশি বংশোদ্ভূত এই চিকিৎসক আরও বলেন, ‘কেবল সাধারণ মানুষ নন, এখান থেকে তথ্য পেয়ে নিজেদের হালনাগাদ রাখতে পারবেন চিকিৎসকরাও। বিশেষ করে বাংলাদেশের ডাক্তারদের জন্য বিশ্বমানের বিভিন্ন নির্দেশিকা এখানে যুক্ত করা থাকবে। ফলে কাজে লাগবে তাদেরও।’