দেশে ফিরে সমালোচনার মুখে বারাক ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানামা সিটিতে এসওএস—সামিট অব দ্য আমেরিকাস শীর্ষ সম্মেলনের ফাঁকে ঐতিহাসিক বৈঠকটি সেরে নেন বারাক ওবামা ও রাউল কাস্ত্রো। সেই বৈঠকের এক অন্তরঙ্গ মুহূর্ত l ছবি: এএফপি
পানামা সিটিতে এসওএস—সামিট অব দ্য আমেরিকাস শীর্ষ সম্মেলনের ফাঁকে ঐতিহাসিক বৈঠকটি সেরে নেন বারাক ওবামা ও রাউল কাস্ত্রো। সেই বৈঠকের এক অন্তরঙ্গ মুহূর্ত l ছবি: এএফপি

পানামায় কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে ঐতিহাসিক বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত শনিবার দেশে ফিরেছেন। দীর্ঘদিনের বৈরী প্রতিবেশী কিউবার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক এবং আরেক বৈরী দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাতের কারণে দেশে ফিরেই সমালোচনার মুখে পড়েন ওবামা। খবর এএফপি ও ভয়েস অব আমেরিকার।
পানামার রাজধানী পানামা সিটিতে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর শীর্ষ বৈঠকে (এসওএস—সামিট অব দ্য আমেরিকাস) শনিবার অংশ নেন ওবামা ও রাউল কাস্ত্রো। ১৯৫৬ সালের পর প্রথম এ দুই রাষ্ট্রের প্রধানদের বৈঠক হলো। গত বছরের ডিসেম্বরে ওবামা ও কাস্ত্রো দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের তিক্ততার অবসান ঘটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করেন।
শনিবারের বৈঠকে কাস্ত্রোর ‘উদারতা ও সৌজন্যবোধের’ প্রশংসা করেন ওবামা। দুই নেতার বৈঠক চলে এক ঘণ্টার বেশি সময় ধরে। ওবামা এই বৈঠককে ‘সাহসী ও ফলপ্রসূ’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘এটা নিঃসন্দেহে এক ঐতিহাসিক বৈঠক। আমরা এখন ভবিষ্যতের দিকে এগিয়ে যাব।’
ওবামার কথার পর রাউল কাস্ত্রো বলেন, ‘আমরা সমস্ত বিষয় নিয়ে কথা বলতে পারি। তবে আমাদের ধৈর্য ধরতে হবে।’
কাস্ত্রোর সঙ্গে বৈঠককে ওবামা নিজে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিলেও দেশে ফিরে বেশ সমালোচনার মুখে পড়েছেন তিনি। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী কিউবান-আমেরিকান টেড ক্রুজ ‘একজন কমিউনিস্ট একনায়কের কাছে মাথা নত’ করার দায়ে অভিযুক্ত করেন ওবামাকে।
এদিকে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে সাক্ষাতের সময় প্রেসিডেন্ট ওবামা দেশটির সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতার আলোচনায় পূর্ণ সমর্থনের কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বার্নাডেট মেহান বলেন, প্রেসিডেন্ট ওবামা এ কথা স্পষ্ট করে বলেছেন যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে কখনো ভয় দেখাতে চায় না। কেবল দেশটি এবং এ অঞ্চলে গণতন্ত্র ও স্থিতিশীলতায় সহযোগিতা করতে চায়।
প্রেসিডেন্ট মাদুরো ওবামার সঙ্গে সাক্ষাৎকে অত্যন্ত ‘খোলামেলা’ ও ‘গুরুত্বপূর্ণ’ বলে আখ্যায়িত করেছেন।