দেশে যাওয়ার পরিকল্পনা বদলাচ্ছেন প্রবাসীরা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার মামলার রায়কে ঘিরে প্রবাসে বাংলাদেশিদের মধ্যে অস্থিরতা রয়েছে। এই রায়ের কারণে দেশে কোনো গোলমাল হবে কি না এ নিয়ে তারা চিন্তিত। এ সময়ে দেশে যাওয়া নিয়ে অনেকে দ্বিধান্বিত।
এ কারণে প্রবাসী অনেকেই বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। রায় প্রকাশের দিন কিংবা পরের দিনগুলোতে ঢাকা বিমানবন্দর থেকে নিজ গন্তব্যে যাওয়া নিরাপদ হবে না, এমন আশঙ্কায় কেউ কেউ রায় প্রকাশের আগেই দেশে যাওয়ার তারিখ এগিয়ে এনেছেন।
আসলে খালেদা জিয়ার রায়কে ঘিরে কি হতে যাচ্ছে এ ব্যাপারে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে আলাপ করলে তারা প্রায়ই অভিন্ন মত প্রকাশ করেন।
নিউজার্সি স্টেট ইউনিভার্সিটি অব রাটগ্রাস-এর সাবেক অধ্যাপক দেওয়ান সামসুল আরেফীন প্রথম আলোকে বলেন, নিকট অতীতের অভিজ্ঞতা ও চলমান পরিস্থিতিতে বেগম জিয়াকে কোনো ধরনের শাস্তি দেওয়া হলে প্রতিক্রিয়া কেমন হবে তা সরকার ও বিরোধী পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, রায় প্রকাশের আগেই মন্ত্রী-এমপিরা খালেদা জিয়ার পরিণতি সম্পর্কে মন্তব্য করেছেন। আর বিএনপির পক্ষ থেকে শক্ত কর্মসূচি নেওয়ার ঘোষণা দেওয়া হয়। আবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার ঘোষণা দেয়। এ ত্রিমুখী ও পরস্পরবিরোধী অবস্থানে দেশবাসী কেন প্রবাসীরাও স্বস্তিতে থাকতে পারেন না।
অধ্যাপক আরেফীন বলেন, সরকারের দূরদর্শিতা থাকলে বেগম জিয়াকে জেলে ঢুকাবে না। কারণ কারারুদ্ধ হলে বেগম জিয়ার জনপ্রিয়তা কমবে না, বরং বাড়বে। তিনি বলেন, যেহেতু এটা রাজনৈতিক মামলা, আমার মনে হয় শান্তি ও সমৃদ্ধির স্বার্থে সরকার সব বিষয়কে সঠিকভাবেই বিবেচনা করেই পদক্ষেপ নিবে। বিএনপি’র হাতে আগুন তুলে দেবে না।
বোস্টন প্রবাসী মাহাবুদ রহমান মনে করেন, বেগম জিয়াকে গ্রেপ্তার করে সরকার দেশে আন্দোলন তথা গোলযোগ সৃষ্টির সুযোগ দেবে না।
পেনসিলভানিয়ার জেফারসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইবরুল হাসান চৌধুরী বলেন, যেহেতু এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তাই এর রায়ও হবে রাজনৈতিক স্বার্থে। দেশের মানুষ এ বিষয়টি ভালোভাবেই বোঝেন। তাই খালেদা জিয়াকে রায়ের মাধ্যমে কারারুদ্ধ করা হলে স্বাভাবিকভাবে বিএনপি তা মেনে নেবে না। আর জনগণও চায় না দেশে আবার মারামারি হানাহানি হোক। তেমন পরিস্থিতিতে জনমত বিএনপির প্রতি আরও সহানুভূতিশীল হতে পারে।
নর্থ ক্যারোলিনা থেকে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মুকুল বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক রায় হলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এতে জননিরাপত্তা বিঘ্নিত হবে। হানাহানি আরও বাড়তে পারে। তিনি বলেন, বিএনপি এমন রায় মেনে নেবে না যা তার জন্য জীবন-মরণ প্রশ্ন হয়ে দাঁড়ায়।
নিউইয়র্ক ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন-এর জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. জাহিদ দেওয়ান শামীম এ প্রসঙ্গে বলেন, সরকারের মন্ত্রী-সাংসদেরা রায় প্রকাশের আগেই বেগম জিয়া কারারুদ্ধ হবেন এমন মন্তব্য করে বিএনপিকে উসকে দিয়েছেন। তাই দলটি কঠোর হুমকি দিতে পিছ পা হয়নি। উভয় পক্ষই আক্রমণাত্মক অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে জনজীবন বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এর দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে। কারণ বিএনপির প্রতিবাদের জায়গা সরকার দিতে চায় না।
ওয়াশিংটন স্টেট অঙ্গরাজ্যের সিয়াটল প্রবাসী প্রকৌশলী আহমেদ খান বলেন, সরকারের অতীত কাজকর্মের কারণে খালেদা জিয়ার বিরুদ্ধে সঠিক রায় দেওয়া হলেও তা বিপুলসংখ্যক মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কারণ বিএনপির বিরুদ্ধে সরকারের আগেকার আচরণ মানুষের জানা আছে। কথার বলার প্রতিবাদ করার সুযোগ সংকুচিত করার সরকারি নীতি একেবারে সাধারণ মানুষও সমর্থন করেন না। বিএনপিকে প্রতিবাদ করার সুযোগ দিলে জনজীবন বিঘ্নিত হবে না। তবে সরকার মারমুখী অবস্থান নিলে তার পরিণতি জনগণে নিরাপত্তা এবং দেশের সার্বিক কল্যাণের পথে মারাত্মক বাধা হয়ে দাঁড়াবে।