
বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতিতে প্রবাসীদের আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হয়ে সহযোগিতা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। নিউইয়র্কে নগরে অনাবাসী বাংলাদেশির (এনআরবি) উদ্যোগে ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কের ফ্লাশিং এলাকায় একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সেমিনারে এই আহ্বান জানানো হয়।
শেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘এনআরবি অ্যান্ড ইউএন পিসকিপিং অপরটিউনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস ২০১৭’ শীর্ষক সেমিনারে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিউইয়র্ক নগর মেয়র বিল ডি ব্ল্যাজিওর লিখিত বাণী পাঠ করা হয়। নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকেও সেমিনারের শুভ কামনা করা হয়।
সেমিনারে মূল বক্তা ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমদ। লে. জেনারেল মাহফুজুর রহমান জাতিসংঘ শান্তিরক্ষার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন। আইজিপি এ কে এম শহিদুল হক সেমিনারে ‘জাতিসংঘ শান্তিরক্ষা’ শীর্ষক আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারের অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন আহমেদ, নিউইয়র্ক নগর মেয়রের জ্যেষ্ঠ উপদেষ্টা সারা সাঈদ, নিউইয়র্ক চেম্বার অব কমার্সের মার্ক জ্যাফি, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী মিশন প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, অর্থনীতিবিদ ড. আহমেদ আল-কবির, বেগমার জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, ব্যাংকার হেলাল আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরি, বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তা হুমায়ুন, নিউইয়র্ক প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, মঞ্জুর আহমেদ চৌধুরী, আইনজীবী নাসরীন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে নিয়োজিত সশস্ত্রবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের প্রশংসা করে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকার প্রশংসা করেন। তাঁরা বলেন, আমাদের বাহিনীর সদস্যরা সারা বিশ্বে বাংলাদেশের সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে দিচ্ছেন।
সভাপতির ভাষণে শেকিল চৌধুরী এনআরবির বিভিন্ন কর্মতৎপরতার কথা উল্লেখ করে এ সংস্থায় প্রবাসীদের কার্যকরভাবে সম্পৃক্ত হয়ে সহযোগিতা প্রদানের
আহ্বান জানান।