দেশের খাঁটি সন্তানের জানাজায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদেক হোসেন খোকার জানাজায় প্রবাসী বাংলাদেশিরা
সাদেক হোসেন খোকার জানাজায় প্রবাসী বাংলাদেশিরা

বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যু সংবাদ শুনে, তাঁর জানাজার জন্য জ্যামাইকা মুসলিম সেন্টারে বিকেল থেকেই নানান শ্রেণিপেশার মানুষ জড়ো হতে থাকে। আশপাশের বাড়ি–ঘর থেকে নারী-পুরুষ সবাই বের হয়ে আসে রাস্তায়। ক্রমেই মানুষের ভিড় বাড়তে থাকে। চারদিকে শুধু মানুষ আর মানুষ। আমি বিদেশের মাটিতে এক সঙ্গে এত বাঙালি আগে কখনো দেখিনি। ১৬৯ ট্রেন স্টপেজ থেকেও দলে দলে বাংলাদেশিদের আসতে দেখা গেল।
সব শ্রেণিপেশার মানুষ সড়কে ভিড় করছিল। ভালোবাসা আর শেষ শ্রদ্ধা জানাতে অন্যান্য অঙ্গরাজ্য থেকে অনেকে এসেছেন। আশপাশের অন্য দেশের মুসলমানদেরও দেখা গেছে জানাজায় অংশ নিতে।
মুসলিম সেন্টারের দোতলায় নারীদের জন্য জানাজার ব্যবস্থা করা হয়েছে। সাদেক হোসেনের স্ত্রী ও মেয়ে, ছেলের বউ এবং ছোট বোনের সঙ্গে কথা বলে প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে সমবেদনা জানিয়েছি। অনুষ্ঠানে এসেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ইউএসএর প্রেসিডেন্ট দরুদ মিয়া। তিনি নিউইয়র্ক কনস্যুলেট থেকে কেউ আসেনি শুনে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘খোকা ভাইদের মতো রাজনৈতিক নেতার বারবার জন্ম হয় না। আজকের এই গণজমায়েতের একটা বড় অংশ আওয়ামী লীগের। খোকা ভাইয়ের বড় পরিচয় তিনি মুক্তিযোদ্ধা।
পাসপোর্ট প্রসঙ্গে আওয়ামী লীগের অনেক নেতা–কর্মীকেই দুঃখ প্রকাশ করে বলতে দেখা যায়, এটা সাদেক হোসেনের প্রতি অন্যায় করা হয়েছে।
দোতলায় জানাজায় অংশ নিতে আসা নারীদের ছবি তুলতে গিয়ে বাধার মুখে পড়ে আর ছবি তোলা হয়নি। সেখান থেকে নিচে নামতে গিয়ে বিপদে পড়ি। নিচে মানুষের ভিড়। সবার হাতে মোবাইল ফোন, লাইভ হচ্ছে। এর মধ্যেই মাইকে মসজিদ সেক্রেটারি মিডিয়া ব্যক্তিদের বেরিয়ে যেতে বলেছেন। এর মধ্যে নাছোড়বান্দাও আছেন কেউ কেউ। নড়বেই না। শেষ পর্যন্ত মাইকে নাম ধরে বের হতে অনুরোধ করলে তিনি বের হয়ে আসেন। আমি না ওপরে উঠতে পারছি, না পারছি নিচে নামতে। সিঁড়িতে আটকা পড়ে গেছি। বাইরে মানুষের প্রচণ্ড ভিড়। এর মধ্যেই আবার ওপর থেকে নারী মুসল্লিরা নামতে শুরু করেছেন।
আমি নিচে গেটে দাঁড়িয়ে থাকতে দেখে তাঁরা বললেন, গেট খুলে সরে দাঁড়ানোর জন্য। আমরা নিচে নামব। বললাম, মানুষের ভিড়। তাঁরা বললেন, ভিড় তো কী হয়েছে? তাঁরা কি খোকা সাহেবের মুখ দেখবেন না? বেশ কয়েকজন নারী পুরুষের ভিড় ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করে। অনেক পুরুষ আবার এই নারীদের ঢুকতে বাধা দেন।
অল্প দূরে টাইম টিভির সুলতানা রহমানকে দেখে সাহসী হলাম। তাঁরা পুরোনো এবং অভিজ্ঞ সাংবাদিক। তাঁর পাশে গিয়ে দাঁড়িয়ে কিছু সময় গল্প করলাম। ড্রাম–এর ফৌজিয়াসহ ভয়েস অব আমেরিকার কিরণ ভাইয়ের সঙ্গেও কথা হলো। নিউইয়র্কের বড় বড় সাংবাদিকদের দেখা পেলাম। আমরা নারীরা পুরুষের ভিড়ে আর খোকা ভাইয়ের মুখ দেখতে পেলাম না।