দেশের চেয়ে তোড়জোড় বেশি নিউইয়র্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশে যে মৃদু আলোচনা শুরু হয়েছে, সেটাকে সামনে নিয়ে নির্বাচনী প্রস্তুতি সারতে তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ ও বিএনপি। গত সপ্তাহে অঘোষিতভাবে বিএনপির জ্যেষ্ঠ বেশ কিছু নেতা সভায় বসেছেন। আগামী নির্বাচনে দলকে জয়ী করতে ঢাকায় অবস্থান, প্রবাসীদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করাসহ বেশ কিছু বিষয়ে প্রাথমিকভাবে কর্মপরিকল্পনা ঠিক করেছেন। আর ঘোষণা দিয়েই ২৮ জানুয়ারি বসছে আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সভা। নির্বাচনী বছরে প্রবাসের দলীয় নেতা-কর্মীদের কীভাবে দেশে পাঠিয়ে সরকারকে আরেক মেয়াদে জয়ী করে আনা যায়, সেই লক্ষ্যে দিকনির্দেশনা দিতেই এই সভা ডেকেছেন দলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

সিদ্দিকুর রহমান বলেন, ‘২০১৮ সালকে আমরা নির্বাচনী বছর হিসেবেই দেখছি। প্রবাসে তো বিএনপিকে মোকাবিলা করার কিছুই নেই। তারা চার-পাঁচ ভাগে বিভক্ত এবং নিজেরা নিজেদের শত্রুতায় লিপ্ত। আমাদের এখানে দল ঐক্যবদ্ধ। সেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম কীভাবে দেশের আগামী নির্বাচনে কাজে লাগানো যায়, সেটি আমাদের বৈঠকের মূল এজেন্ডা।’

আওয়ামী লীগের মতো হাঁকডাক করে না হলেও নির্বাচনী ছক কষছে যুক্তরাষ্ট্র শাখা বিএনপি। কয়েক ভাগে বিভক্ত বিএনপির একাংশের নেতা আবদুল লতিফ প্রথম আলোর সঙ্গে আলাপকালে বলেন, ‘সম্প্রতি আমরা নিজেরা বসেছিলাম। প্রায় সব পক্ষের নেতা-কর্মীরা সেখানে ছিলেন। কীভাবে আগামী নির্বাচনে আমরা ভূমিকা রাখতে পারি, তা নিয়ে বৈঠকে আমরা আলাপ করেছি। দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিকে জিতিয়ে আনতে আমরা কীভাবে কাজ করব, তার কৌশল নিয়ে কথা হয়েছে। সেই সঙ্গে নির্বাচনে প্রবাসীদের মধ্য থেকে কাউকে কাউকে যেন মনোনয়ন দেওয়া হয়, সেটা নিয়েও কেন্দ্রের সঙ্গে দেনদরবারের কথা উঠে এসেছে।’

বিএনপির জ্যেষ্ঠ নেতা তারেক রহমানের ঘনিষ্ঠ ব্রুকলিনের বিএনপির একটি অংশের সংগঠক মিজানুর রহমান ভূঁইয়াও প্রায় একই কথা জানালেন। বললেন, ‘নির্বাচন সুষ্ঠু হওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, সেটা আমরা দেখব। সুষ্ঠু নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হলে আর তাতে দলীয় নেত্রী ও তারেক রহমান অংশ নিলে আমরা সর্বশক্তি নিয়োগ করব। তবে নির্বাচন সুষ্ঠু করার পদক্ষেপ কতটুকু নেওয়া হচ্ছে, সেটা আগে বিবেচনা করব আমরা।’
প্রবাসে আওয়ামী লীগ-বিএনপিতে পাওয়া না-পাওয়ার বেদনা
প্রবাসে আওয়ামী লীগ ও বিএনপির ব্যাপক জনসমর্থন ও কর্মী থাকা সত্ত্বেও নেতৃত্বের দ্বন্দ্ব এবং অভ্যন্তরীণ কোন্দলে উভয় দলে নাজুক অবস্থা। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের একটা বড় অংশ প্রকাশ্যে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের বিরোধিতা করেন। তবে সিদ্দিকুর রহমানের শক্ত নিয়ন্ত্রণে গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ বড় বড় কর্মসূচি পালন করেছে। তবে উল্টো বিএনপির রাজনীতি। এই দলে যেন সবাই নেতা। অন্তত চার-পাঁচটি বড় গ্রুপে বিভক্ত নেতা-কর্মীরা। এ কারণে তারেক রহমানের জন্মদিন বা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী একই ব্যানারে পালন করতে পারেননি নেতারা। প্রায়ই অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়। সেই অবস্থা এখনো বলবৎ আছে। কারণ হিসেবে অনেকেই অভিযোগ করেন, একটি সর্বজনীন কমিটি উপহার দিতে ব্যর্থ দলের কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া ক্ষমতার বাইরে থাকার নানান উপসর্গ তো আছেই।
প্রবাসে রাজনীতি করার সুফল আওয়ামী লীগের নেতা-কর্মীরা পেলেও বিএনপির ক্ষেত্রে অনেকেই হতাশ। রাজনৈতিক কারণে শেখ হাসিনা বেশ কয়েকজন আমেরিকাপ্রবাসী নেতাকে ব্যাংক, বিমা, বিদ্যুৎকেন্দ্র, ব্যবসা ইত্যাদি সুযোগ করে দিয়েছেন। প্রশাসনেও ঠাঁই পেয়েছেন অনেকেই। ঢাকায় অবস্থানকালে প্রবাসের প্রায় প্রত্যেকেই গণভবনের অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছেন। এলাকায় অবস্থানকালেও সাংগঠনিক কর্মকাণ্ডে অতিথি হিসেবে ডাকা হচ্ছে। সর্বশেষ কাউন্সিল অধিবেশনেও প্রবাসী নেতাদের বিশেষভাবে স্মরণ করেছেন শেখ হাসিনা। পদ্মা সেতু প্রকল্পের ব্যাপারে বিশ্বব্যাংকের কল্পিত দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে শত শত প্রবাসীকে নিয়ে ওয়াশিংটন ডিসিতে ওই ব্যাংকের সামনে বিক্ষোভ, জামায়াত-শিবিরের নানামুখী ষড়যন্ত্র প্রতিহত করতে সাংগঠনিক প্রতিরোধ, শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের পক্ষে আন্তর্জাতিক জনমত জোরদারে সিদ্দিকুর রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের জোরালো ভূমিকা দলের উচ্চপর্যায়ে প্রশংসিত হচ্ছে।
মার্কিন মুলুকে দলীয় কর্মকাণ্ড চাঙা রাখতে অর্থ-মেধা ও সময় দিচ্ছেন সিদ্দিকুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, সহসভাপতি আকতার হোসেন, মাহবুবুর রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার (সম্প্রতি তিনি স্থায়ীভাবে বাংলাদেশে গেছেন), ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র শাখা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আবদুল কাদের মিয়া, আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি আইনজীবী মোর্শেদা জামান, যুক্তরাষ্ট্র পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, মহিলা লীগের সভাপতি মমতাজ শাহনাজ, ওয়াশিংটন ডিসিতে বসবাসরত দলের নেতা ড. মনসুর খন্দকার ও মাহমুদুন্নবী বাকি, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সম্পাদক নুরুল আমিন, বোস্টনের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী, ইকবাল ইউসুফ প্রমুখ।
তবে দলের নেতা-কর্মীদের একটি অংশ অভিযোগ করছেন, সব ক্ষমতা ও অর্থনৈতিক লেনদেনকে কুক্ষিগত করে রেখেছেন সিদ্দিকুর। তাঁকে সরিয়ে কাউন্সিল ডেকে কমিটি পরিবর্তনের দাবি করেন তাঁরা। ইতিমধ্যে দলীয় নেতা-কর্মীদের স্বাক্ষর নিয়ে তলবি সভা ডেকে তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করেছে দলের একটি অংশ। তবে এখন দলের অধিকাংশ কোন্দল ভুলে আগামী নির্বাচনের ফসল কীভাবে ঘরে তোলা যায়, সেটি নিয়ে ভাবছেন।
অন্যদিকে ফখরুদ্দীন-মইনের আমলে খালেদা জিয়ার সংকটেও বিএনপির প্রবাসী নেতা-কর্মীরা বেশ সোচ্চার ছিলেন। আমেরিকাসহ অন্যান্য দেশে দলীয় কর্মীদের চাঙা রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ ও সহসভাপতি গিয়াস আহমেদের ভূমিকা ছিল। টেলিকনফারেন্স, জাতিসংঘের সামনে বিক্ষোভ আয়োজনে তাঁরা সক্রিয় ছিলেন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেনের সার্বিক সমন্বয়ে তৎকালীন যুগ্ম সম্পাদক কাজী আজমের নেতৃত্বে ২০০৭ সালের মে মাসে হিলারি ক্লিনটনসহ ১৫ মার্কিন সিনেটরের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের তৎপরতায় এই ১৫ সিনেটর নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে চিঠি দেন। তৎকালীন যুগ্ম সম্পাদক আকতার হোসেন ‘তারেক রহমান মুক্তি পরিষদ’ গঠন করে মার্কিন কংগ্রেসসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় দেনদরবার করলেও কাজের দলীয় কোনো স্বীকৃতি পাননি।
জাসাসের নেতা গোলাম ফারুক, নিউইয়র্ক অঙ্গরাজ্য শাখা বিএনপির নেতা মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, পারভেজ সাজ্জাদ, ওয়াশিংটন ডিসিতে বসবাসরত বিএনপির সহসভাপতি শরাফত হোসেন, সাবেক সেক্রেটারি জিল্লুর রহমান ও মোস্তফা কামাল পাশাও ছিলেন রাজপথে। কয়েক বছর আগে নিউইয়র্ক সফরকালেও খালেদা জিয়া এসব নেতার কাছে খোঁজখবর নেননি। কয়েক বছরে বিএনপির ডজনখানেক নেতা ঢাকায় গিয়ে নানাভাবে দলীয় নেতার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন। কিন্তু বিফল হন। গত ঈদে লন্ডনে গিয়েও তাঁর বা তারেক রহমানের দেখা পাননি।
তবে এসব বঞ্চনার কথা অনেকে প্রকাশ্যে বলেন না। তাঁরা বলছেন, যুক্তরাষ্ট্র শাখা বিএনপির একটি পূর্ণাঙ্গ কমিটি করে দিক কেন্দ্র, যে কমিটি সবার কাছে গ্রহণযোগ্য হবে। এ নিয়ে অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন যুক্তরাষ্ট্রের নেতা-কর্মীরা। সাবেক শিক্ষামন্ত্রী এহছানুল হক বলেছেন, তারেক রহমান আপাতত যুক্তরাষ্ট্র বিএনপির কোন্দলে সবাইকে ‘চুপচাপ’ থাকার পরামর্শ দিয়েছেন।