মা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। বাইরে ঝড় বইছে। এমন অবস্থায় অশক্ত শরীর নিয়েও সন্তান ঠিকই ছুটে যায় ডাক্তার-বদ্যি ডাকতে। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা এমনই হয়। দেশ-মাটি; সেও তো মা-ই। এ কারণেই তো বলা হয় মাতৃভূমি। দেশের সঙ্গে মা কথাটাই মেলে বেশি। এ অঞ্চলের মানুষ বরাবরই দেশকে, নিজের জন্মস্থানকে মা জ্ঞান করে এসেছে। আর এরই প্রমাণ পাওয়া গেল এই মহাদুর্যোগের কালে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘদিন বন্ধ থাকার পর নিউইয়র্কের বাংলাদেশি মালিকানাধীন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো আবার খুলতে শুরু করেছে। ৫ মে জ্যাকসন হাইটসে কয়েকটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান খোলে। আর ওই দিনই বাংলাদেশে টাকা পাঠাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আমেরিকাপ্রবাসী বাংলাদেশিদের।
করোনাভাইরাসের এই সংক্রমণের কালে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। আক্রান্ত ও মৃত্যু উভয় বিচারেই অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে আমেরিকা। আমেরিকায় প্রবাসী বহু বাংলাদেশি এরই মধ্যে মারা গেছেন। অনেকেই আক্রান্ত হয়ে এখনো চিকিৎসাধীন আছেন। এই মহাদুর্যোগের কালে আমেরিকার সবকিছু স্বাভাবিকভাবেই বন্ধ রয়েছে। অনেকেই চাকরি হারিয়ে, আয়-উপার্জনের উপায় হারিয়ে আর্থিক কষ্টে রয়েছেন। এই দুঃসময়ে আমেরিকা প্রবাসী এই বাংলাদেশিদের পাশে অন্য সচ্ছল বাংলাদেশিরা দাঁড়াচ্ছেন। এতে করে আর্থিক কষ্ট কিছুটা হলেও লাঘব হচ্ছে।
একদিকে করোনা সংক্রমণের শঙ্কা ও সংকটের শিকার হওয়ার বাস্তবতা, অন্যদিকে আর্থিক কষ্ট। এর মধ্যে এখনো অর্থনীতি চালু হয়নি। কিন্তু তারপরও দেশে অর্থ পাঠানোর ফুরসত পাওয়ার সঙ্গে সঙ্গে দল বেঁধে তাঁরা লাইনে দাঁড়িয়ে গেছেন। যেন এত দিন দেশ-মাতাকে, দেশে থাকা প্রিয়জনকে আর্থিক সহায়তা দিতে না পেরে তাঁরা উচাটন হয়ে ছিলেন। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি এই টান সত্যি অবিশ্বাস্য।
শুধু প্রিয়জনকে কেন, বিভিন্ন সংগঠনের ব্যানারে, কোথাও কোথাও ব্যক্তি উদ্যোগে বা কয়েকজন বন্ধু মিলে বাংলাদেশের নিজ নিজ এলাকায়, কখনো কখনো বাংলাদেশের বিভিন্ন সংগঠনকে আর্থিক সহায়তা দিচ্ছেন প্রবাসীরা, যাতে বাংলাদেশে দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা যায়। এর মাধ্যমে কিন্তু শুধু ব্যক্তি বা গোষ্ঠী পর্যায়ই সুফল পাচ্ছে না। গোটা দেশই এর সুফল পাচ্ছে। কারণ, এই অর্থ বাংলাদেশের স্থবির অর্থনীতিকে কিছুটা হলেও সচল করছে এই যে ভালোবাসা এই ভালোবাসা কোনো প্রতিদান চায় না। এর বিপরীতে ‘কৃতজ্ঞতা’, ‘ধন্যবাদ’—ইত্যাকার শব্দকেও বড় বেশি খেলো মনে হয়। এই ভালোবাসার বিনিময় শুধু ভালোবাসা দিয়েই হতে পারে।