দেশের প্রতি দায় পরিশোধ করতে চান ডা. ফেরদৌস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেখক-সাংবাদিকের সঙ্গে ডা. ফেরদৌস খন্দকার (বাঁ থেকে তৃতীয়)।
লেখক-সাংবাদিকের সঙ্গে ডা. ফেরদৌস খন্দকার (বাঁ থেকে তৃতীয়)।

নিউইয়র্কে বাংলাদেশিদের মধ্যে একজন সফল চিকিৎসক হিসেবে পরিচিত ডা. ফেরদৌস খন্দকার। এর বাইরে সংগঠক ও নানা সামাজিক কাজের পৃষ্ঠপোষক হিসেবেও সুনাম আছে তাঁর। নিউইয়র্কে প্রবাসী জনসমাজের স্বজন হিসেবে পরিচিত তিনি। ১ আগস্ট যোগ দিয়েছিলেন সাপ্তাহিক প্রথম আলো উত্তর আমেরিকার আড্ডায়। শোনালেন তাঁর জীবনের সংগ্রাম আর সাফল্যের গল্প। জানালেন দেশের প্রতি, সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা।

আড্ডায় ডা. ফেরদৌস খন্দকারকে স্বাগত জানান প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী। লেখক-সাংবাদিকদের মধ্যে এতে উপস্থিত ছিলেন আহমাদ মাযহার, ইশতিয়াক রূপু, মনিজা রহমান, হেলিম আহমেদ, মনজুরুল হক, শেলী জমান খান, মিশুক সেলিম, পলি শাহীনা, রওশন হাসান, আবদুস শহীদ, রওশন হক, ভায়লা সেলিনা, রোকেয়া দীপা, রহমান মাহবুব, তফাজ্জল লিটন, সানজিদা উর্মি প্রমুখ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে আমেরিকায় আসার পর জীবনসংগ্রামের কথা জানালেন ডা. ফেরদৌস। একসময় নিউইয়র্কে ট্যাক্সিক্যাব চালিয়েছেন। লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের পরিশ্রম আর অধ্যবসায়ের কথা জানালেন। সম্পন্ন পরিবারের ছেলে তিনি। বাবা-মা আমেরিকায় থাকলেও নিজের লক্ষ্য অর্জনে পরিশ্রম করে গেছেন।

নিউইয়র্কের বাংলাদেশি প্রবাসী বহুল জ্যাকসন হাইটসে নিয়মিত রোগী দেখেন ডা. ফেরদৌস খন্দকার। পাশাপাশি চিকিৎসা বিষয়ে লেখালেখি করেন। সামাজিক বিভিন্ন মাধ্যমে সহজ করে জনস্বাস্থ্য আর চিকিৎসা বিজ্ঞানের নানা বিষয় উপস্থাপন করেন। নিউইয়র্কে স্বদেশি রোগীদের নানা বিষয় নিয়ে বেশ মজার কথা বললেন এই চিকিৎসক।

দেশের রাজনৈতিক আর সামাজিক অস্থিরতার সময়ে জীবন থেকে চলে যাওয়া শৈশব আর প্রথম যৌবনের কথা জানালেন ডা. ফেরদৌস। আমেরিকায় জন্ম আর বড় হওয়া নিজের সন্তানেরা যেন সেই সময়কে উপভোগ করে, তাদের ভালোবাসা দিয়ে তা নিশ্চিত করার চেষ্টা করছেন।

প্রথম আলো উত্তর আমেরিকা কার্যালয়ে জড়ো হওয়া লেখক-সাংবাদিকদের ডা. ফেরদৌস জানালেন, ডাক্তার হয়েই তিনি আমেরিকায় চলে আসেন। বেশ আবেগ নিয়ে স্বদেশের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা জানালেন। বললেন, মেডিকেলের শিক্ষার্থী হিসেবে সেনাবাহিনীর বৃত্তি পেয়েছিলেন। অর্থ-বিত্তে সাফল্যে পৌঁছার শুরুতেই তিনি সেই বৃত্তি ফেরত দিয়েছেন। নানাভাবে তাঁর দায় পরিশোধের উদ্যোগের কথা জানালেন। নিজের অর্থ ব্যয়ে গ্রামে হাসপাতাল ও বৃদ্ধাশ্রম করছেন। এসব কাজ করতে গিয়ে নানা বাধাবিপত্তির মোকাবিলা করেছেন।

পেশাগত ও সামাজিক জীবনের ব্যস্ততার ফাঁকে বছরে অন্তত চারবার দেশে যান ডা. ফেরদৌস খন্দকার। নিজের এলাকার জন্য, স্বদেশের মানুষের জন্য কিছু করার তাড়না থেকেই যান তিনি। অর্থনৈতিকভাবে বেশ সফল হলেও ভ্রমণের সময় বাড়তি ব্যয় করেন না। বেঁচে যাওয়া সেই অর্থ বরং মানুষের কল্যাণে ব্যয় করেন।

আলাপে-সংলাপে যোগ দেন লেখক-সাংবাদিকেরা। নিউইয়র্কে প্রবাসীদের যেকোনো ইতিবাচক কাজের সঙ্গে নানাভাবে সহযোগিতা করেন ডা. খন্দকার ফেরদৌস। শিল্পী পাপী মনার গানের মধ্য দিয়ে আড্ডা শেষ হয়।