
২০১৮ অর্থবছরে নতুন আয়কর আইনে আয়কর হার নতুন করে ধার্য করা হয়েছে। উচ্চবিত্ত শিল্পপতি ও করপোরেট সংস্থাগুলোকে বিপুল কর ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে চাইল্ড ট্যাক্স ক্রেডিট দ্বিগুণ করা হয়েছে। আর্নড ইনকাম ক্রেডিট বাড়ানো হয়েছে। ব্যক্তিগত ট্যাক্স রেট ২ শতাংশ কমানো হয়েছে।
১৯ জানুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অনুষ্ঠিত আয়কর, অভিবাসন ও আইন বিষয়ক সেমিনারে এসব তথ্য দেন সিপিএ ইয়াকুব এ খান। সেমিনারে বাংলাদেশি ও মার্কিন আইনজীবী ও বিশেষজ্ঞরা আয়কর, অভিবাসন ও আইন বিষয়ে নানা পরামর্শ দেন। আইনজীবী মোহাম্মদ এন মজুমদার ও সিপিএ ইয়াকুব এ খানের আয়োজনে এটি ছিল তাদের নবম বার্ষিক ফ্রি সেমিনার।
সেমিনারে প্যানেলিস্ট হিসেবে ছিলেন সিপিএ ইয়াকুব এ খান, অ্যাটর্নি কেন সিলভারম্যান, অ্যাটর্নি এলেন কাস, অ্যাটর্নি হাসান মালিক, অ্যাটর্নি পিটার ফিশার, অ্যাটর্নি ইলাইন, চেজ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ম্যানেজার জুবের চৌধুরী এবং এইচএবি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইসমাইল আহমেদ প্রমুখ। সঞ্চালকের দায়িত্বে ছিলেন আইনজীবী মোহাম্মদ এন মজুমদার।
সেমিনারে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তৃতা করেন কমিউনিটি অ্যাকটিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার, জালাল চৌধুরী, সিপিএ জাকির চৌধুরী, রাশেদ মজুমদার প্রমুখ।
মোহাম্মদ এন মজুমদার প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশি কমিউনিটিকে আয়কর, অভিবাসনসহ আইনি সহায়তা দিতে ৮ বছর ধরে সেমিনারের আয়োজন করে আসছেন তাঁরা। সেমিনারে সংশোধিত ট্যাক্স ও জব অ্যাক্ট, ইমিগ্রেশন আইন, অ্যাসাইলাম, চেইন ইমিগ্রেশন, ফ্যামিলি ভিসা, ‘ডাকা’ কর্মসূচির ভবিষ্যৎ, দেউলিয়া আইন, রিয়েল এস্টেট, ইনস্যুরেন্স ইত্যাদির ওপর গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা করেন বিশেষজ্ঞ প্যানেলিস্টরা। তারা অবৈধ অভিবাসীদের আইনি পরামর্শ ছাড়াও নতুন আয়কর আইনের পরিপ্রেক্ষিতে করণীয় সম্পর্কেও আলোকপাত করেন সেমিনারে। অভিবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধার কথাও বলা হয় সেমিনারে।
সেমিনারে ইয়াকুব এ খান আমেরিকায় ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া আয়কর দাখিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পরিবর্তিত ট্যাক্স ও জব অ্যাক্ট, ট্যাক্স ফাইল, ব্যক্তিগত ও বিজনেস ট্যাক্স প্রসঙ্গ নিয়েও বিস্তারিত আলোচনা করেন। নতুন আয়কর আইনের পরিপ্রেক্ষিতে করণীয় বিষয়েও নানা পরামর্শ দেন তিনি।
ইয়াকুব বলেন, ২০১৮ আয়কর বছরের নতুন কর আইনে বিভিন্ন আয়কর হার নতুন হারে ধার্য করা হয়েছে। উচ্চবিত্ত শিল্পপতি ও করপোরেট সংস্থাগুলোকে বিপুল কর ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে চাইল্ড ট্যাক্স ক্রেডিট দ্বিগুণ করা হয়েছে। আর্নড ইনকাম ক্রেডিট বাড়ানো হয়েছে। ব্যক্তিগত আয়কর হার ২ শতাংশ কমানো হয়েছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন বিবাহিতদের ক্ষেত্রে ২৪ হাজার ডলার, অবিবাহিতদের ক্ষেত্রে ১২ হাজার ডলার এবং হেড অব হাউজহেল্ডেদের জন্য ১৮ হাজার ডলার করা হয়েছে। বিভিন্ন ধরনের ব্যক্তিগত ক্ষতিপূরণের ডিডাকশন ও বিবিধ ২ শতাংশ ডিডাকশন নেওয়া যাবে না। ব্যক্তিগত এক্মেম্পশন পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। ডিফেন্ডেন্ট ক্রেডিট ৫০০ ডলার করা হয়েছে নন রিফান্ডেবল, শুধু আয়কর লায়বিলিটি থাকলে এই ক্রেডিট নেওয়া যাবে। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে হেলথ ইনস্যুরেন্স না থাকলে আর পেনাল্টি গুনতে হবে না।
ইয়াকুব খান বলেন, উত্তরাধিকারীদের সিঙ্গেল প্যারেন্টস থেকে প্রাপ্ত ১ এক কোটি ১৪ লাখ ডলার এবং বোথ প্যারেন্টস থেকে প্রাপ্ত ২ কোটি ২৮ লাখ ডলারের ট্যাক্স দিতে হবে না। প্রোপার্টি ট্যাক্স ও স্টেট ট্যাক্স এবং সিটি ট্যাক্স মোট ১০ হাজার ডলারের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে, বর্তমানে মর্টগেজ ইন্টারেস্ট শুধু ৭ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে ডিডাকশন নিতে পারবে, আর্ম ফোর্স ব্যতীত মুভিং খরচ ডিডাকশন থাকবে না, এলিমনি ডিডাকশন বাদ দেওয়া হয়েছে, ডোনেশানের পরিমাণ ৫০ থেকে ৬০ শতাংশ করা হয়েছে; মেডিকেল এক্সপেন্স এডজাস্টেড গ্রস ইনকামের ১০ শতাংশের পরিবর্তে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়েছে; করপোরেশনের ট্যাক্স রেট ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২১ শতাংশ করা হয়েছে; কিছু কিছু পার্টনারশিপ এস করপোরেশন অথবা সোল প্রোপার্টিশিপের ক্ষেত্রে ২০ শতাংশ ডিডাকশন নেওয়া যেতে পারে।
সিপিএ ইয়াকুব বলেন, ২০১৭ আয়কর বছরে চাইল্ড ট্যাক্স ক্রেডিট এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার ডলার ছিল, যা এবার বৃদ্ধি পেয়ে হয়েছে ২ হাজার ডলার। এর মধ্যে রিফান্ডেবল ক্রেডিট হচ্ছে ১ হাজার ৪০০ ডলার। ২০১৭ ট্যাক্স বছরে দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট ছিল ২ হাজার ডলার। তিন বা অধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট ছিল ৩ হাজার ডলার। এ ট্যাক্স বছরে প্রতি সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট ২ হাজার ডলার করা হয়েছে।
ইয়াকুব বলেন, ফ্যাটকা–এর আওতায় বাংলাদেশি প্রবাসীদেরদেশে কিংবা বিশ্বের অন্য যেকোনো দেশে বিনিয়োগ করা নির্ধারিত অর্থ বা এই ধরনের বিনিয়োগ এবং তার আয় আমেরিকার আয়কর ফাইলে উল্লেখ করার বাধ্যবাধকতা রয়েছে। তথ্য গোপন না করে সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভুল তথ্য দিয়ে আয়কর দাখিলের পরামর্শ দিয়ে তিনি বলেন, অন্যথায় নিরীক্ষার মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকবে। নিরীক্ষায় কোনো অনিয়ম ধরা পড়লে পেনাল্টিসহ অন্যান্য কঠোর ব্যবস্থা রয়েছে। আইআরএস–এর নিরীক্ষা থেকে রেহাই পেতে সবারই সঠিক ও নির্ভুল তথ্য পরিবেশনের মাধ্যমে আয়কর দাখিল করা উচিত। তবে নিরীক্ষা আসলে ঘাবড়ে না গিয়ে বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।
অন্য প্যানেলিস্টরা বাংলাদেশি অভিবাসীদের বিভিন্ন বিষয়ে আইনি জটিলতা সমাধানের কিছু বিষয় তুলে ধরে বলেন, এ জন্য যাবতীয় পরামর্শ দিতে তারা প্রস্তুত। আমেরিকায় ব্যবসা করে কীভাবে গ্রিনকার্ড পাওয়া যায়, পুরোনো মামলা কীভাবে পুনরুজ্জীবিত করে গ্রিনকার্ড পাওয়া যায়, তা নিয়ে আলোচনা করেন। গৃহবিবাদ, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়েও আলোচনা করেন প্যানেলিস্টরা।
ব্যাংক ঋণ, ব্যাংকিং-এর গুরুত্ব, ফাইন্যান্সিয়াল ডেটা, রিপোর্ট পর্যালোচনাসহ ব্যবসার খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত পরামর্শ তুলে ধরেন অভিজ্ঞ প্যানেলিস্টরা। পরে আইনজীবী ও অভিবাসন বিশেষজ্ঞরা দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।